'হাঁস খেয়ে' গম্ভীরের দুই 'ডাক'!

একটা সময় নিয়মিতই যাঁর ব্যাটে ঝড় উঠত, সেই গৌতম গম্ভীর অনেক দিন ধরেই ভারতীয় দলের বাইরে। তাঁর অবস্থাটা নিজেকে হারিয়ে খোঁজার মতোই। আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে হারানো ফর্ম ফিরে পাওয়ার দারুণ মওকা কাজে লাগাতে পারেননি কলকাতা অধিনায়ক। পরপর দুই ম্যাচে ফিরেছেন কোনো রান না করেই। কলকাতার একটি দৈনিকে নিজের কলামে এই ব্যর্থতার নেপথ্যে মজার এক গল্প শুনিয়েছেন গম্ভীর।
কলামে কলকাতা অধিনায়ক লিখেছেন, ‘...আমি, কেকেআরের সহকারী কোচ বিজয় দাহিয়া, মনবিন্দর বিসলা, আশিস নেহরা আর মিঠুন মানহাস সবাই একসঙ্গে ডিনার করছিলাম। আমি আর দাহিয়া হাঁসের মাংস, একটা ল-রাঞ্জ আর একটা ফরাসি ডিশের অর্ডার দিয়েছিলাম। ...হাঁসের মাংসটা সত্যিই সুস্বাদু ছিল।’
এরপর বেশ রসিকতা করেই গম্ভীর লিখেছেন, ‘...আমি আর দাহিয়া পেট ভরে খাওয়ার পরও কিছুটা প্লেটে থেকে গিয়েছিল। সেটা আমরা বিসলাকে খাওয়ার জন্য চাপাচাপি করছিলাম। কিন্তু ও তখন চায়নিজ খাবারে মজে আছে। দাহিয়া ওর নিজস্ব কায়দায় গোটা ব্যাপার একবার মেপে নিয়ে বিসলাকে উপদেশ দিল, “বন্ধু, ডাকটা এখানেই খেয়ে নে, নয়তো তোকে ম্যাচে ডাক (শূন্য) গিলতে হবে।” শোনামাত্র আমরা বাকিরা হেসে গড়িয়ে পড়েছিলাম। ...যদিও সেটা আমার ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয়। আমি তো বাবা ডিনারে পেট পুরে “ডাক” খেয়েছিলাম। তার পরও মাঠে নেমে পরপর দুটো “ডাক” মারলাম কেন! ক্রিকেট মাঠে আমার এক জোড়া “ডাক” কি সেদিন ডিনারে যে “ডাক”টা খেয়েছিলাম, সেটারই বদলা? কেউ কি বলবেন? প্লিজ!’