‘হাইকোর্ট’ দেখানোয় ক্ষুব্ধ ওয়েস্টফিল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে দানিশ কানেরিয়ার করা আপিলের শুনানিতে আজ সোমবার উপস্থিত হয়েছেন মেলভিন ওয়েস্টফিল্ড। তবে কাউন্টিতে কানেরিয়ার সাবেক এই সতীর্থ ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর উপস্থিতি নিশ্চিত করতে ইসিবি হাইকোর্টের শরণাপন্ন হওয়ায়। ওয়েস্টফিল্ডের অভিযোগ, শুনানিতে তাঁর উপস্থিতি নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশনা আনার প্রয়োজন ছিল না ইসিবির। কারণ, তিনি সব সময়ই ইসিবিকে সহযোগিতা করেছেন। কিন্তু ইসিবি তাঁর সঙ্গে ‘বিদ্বেষপূর্ণ’ আচরণ করেছে।২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করায় গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি। এরই ধারাবাহিকতায় কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করে ইসিবি। আর দোষ স্বীকার ও কানেরিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় ওয়েস্টফিল্ডকে নিষিদ্ধ করা হয় পাঁচ বছরের জন্য।কানেরিয়ার আপিল শুনানিতে উপস্থিত হলেও তাতে অংশ নেবেন না বলে জানিয়ে আজ এক বিবৃতি দিয়েছেন ওয়েস্টফিল্ড। আইনজীবী ইয়াসিন প্যাটেলের মাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, ‘এখানে আমি তৃতীয়বারের মতো উপস্থিত হয়েছি। ইসিবিকে আমি সব সময় সহযোগিতা করেছি। তবে এটা স্পষ্ট করে জানাতে চাই, নতুন কোনো তথ্য-প্রমাণ দেওয়ার জন্য শুনানিতে অংশ নেওয়ার কোনো আগ্রহ আমার নেই।’বিবৃতিতে ওয়েস্টফিল্ড বলেন, ‘এবার আমার উপস্থিতি নিশ্চিত করার জন্য আদালতের একজন বিচারকের সহায়তা নিয়েছে ইসিবি। আমি জানি, এখানে উপস্থিত না হলে ইসিবি আবারও আদালতে যেত। আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যবস্থা করত। আমি নিশ্চিত নই, এসবের মাধ্যমে ইসিবি ঠিক কী অর্জন করতে চায়।’ওয়েস্টফিল্ড বলেন, ‘আমার ওপর অনেক নির্যাতন করা হয়েছে। কিন্তু পরিবার ছাড়া কারও সহায়তা বা সমর্থন পাইনি। অথচ এক বছর আগে আমাকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশনা বা কোনো পক্ষের হয়ে এখানে উপস্থিত হইনি আমি। উপস্থিত হয়েছি আমার ওপর যে অন্যায় আর নির্যাতন হয়েছে, এসবের ইতি টানতে।’ সূত্র: ক্রিকইনফো।