‘হাজারে’ চোখ নয়্যারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শালকে জিরো ফোর ছেড়ে আসার সময় অনেক কিছুই সইতে হয়েছে ম্যানুয়েল নয়্যারকে। প্রথমে তাঁকে শালকে না ছাড়তে অনুরোধ জানিয়েছে সমর্থকেরা। তাতে কান না দেওয়ায় পেয়েছেন হুমকি-ধমকি। এমনকি ভিড়ের মধ্যে তাঁকে থাপড় দেওয়ার কাণ্ডও ঘটিয়েছে এক শালকে সমর্থক।এসবে দমে যাননি নয়্যার, নাম লিখিয়েছেন বায়ার্ন মিউনিখে। প্রথম মৌসুমেই যে ভালো করেছেন, তা বোঝাই যাচ্ছে। বায়ার্নের জার্মান গোলরক্ষক এগিয়ে যাচ্ছেন একটি রেকর্ডের দিকে। সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে থাকার রেকর্ড হাতছানি দিচ্ছে তাঁকে। বুন্দেসলিগায় আজ হফেনহেইমের বিপক্ষে খেলবে বায়ার্ন। কোনো গোল না খেলে পোস্টের নিচে গোলহীন থাকার সময়টা তাঁর পেরিয়ে যাবে ১০০০ মিনিট।বুন্দেসলিগা অথবা চ্যাম্পিয়নস লিগ—দুর্দান্ত খেলছে বায়ার্ন। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে বায়ার্ন। নয়্যারও দারুণ ফর্মে। আজ তাঁর রেকর্ডের দিকে আরও একটু এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।সবচেয়ে বেশি সময় গোল না খেয়ে থাকার ইউরোপিয়ান রেকর্ডটি ড্যানি ভার্লিনডেনের। ব্রাগের এই বেলজিয়ান গোলরক্ষক ১৩৯০ মিনিট নিজেদের জালে বল ঢুকতে দেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সার গিয়েছিলেন কাছাকাছি। ২০০৮-০৯ মৌসুমে ১৩১১ মিনিট কোনো গোল খাননি ডাচ গোলরক্ষক। তবে বিশ্ব রেকর্ডটা ভাস্কো ডা গামার ব্রাজিলিয়ান গোলরক্ষক মাতোস ফিলহো মাজারোপির। ১৯৭৭ ও ’৭৮ সালে ভাস্কো ডা গামার জালে মাজারোপি গোল ঢুকতে দেননি ১৮১৬ মিনিট।এবার নয়্যারের পালা। সবাই তাকিয়ে আছে, তিনি কী করতে পারেন। তবে নিজের এই অর্জন আর রেকর্ডের দিকে এগিয়ে যাওয়ায় সতীর্থদেরও অবদান দেখছেন, ‘এর জন্য পুরো দলেরই প্রশংসা প্রাপ্য। রক্ষণে সবাই সাহায্য করেছে এবং গোল খাওয়া এড়াতে চেয়েছে। এটা খুবই স্বাভাবিক, একজন গোলরক্ষক এই অর্জনটা চায়।’ এএফপি।