‘হাতি’ বধে প্রস্তুত ‘কপার বুলেট’
এ সময়ে আফ্রিকার সেরা ফুটবল শক্তি হিসেবে ধরা হয় আইভরি কোস্টকেই। তারা যে সত্যিই সেরা, সেটি প্রমাণের সুযোগ এখন সামনে। আজ গ্যাবনের রাজধানী লিব্রেভিলে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে আবেগাপ্লুত জাম্বিয়ার মুখোমুখি দিদিয়ের দ্রগবার দল। আজকের ফাইনালটা পরিষ্কার ফেবারিট হিসেবেই শুরু করবে ‘হাতিরা’। তবে দলটিকে নিয়ে ভয় একটাই। গত কয়েকবারের ব্যর্থতায় তাদের গায়ে লেগে গেছে ‘চোকার’ তকমা।আজ কি ‘চোকার’ তকমাটা গা থেকে খসাতে পারবে পশ্চিম আফ্রিকান দেশটি? নাকি ১৯৯৩ সালে বিমান দুর্ঘটনায় হারিয়ে যাওয়া সতীর্থদের শিরোপা উৎসর্গ করতে প্রতিশ্রুতি দেওয়া জাম্বিয়াই হবে আফ্রিকান ফুটবলের নতুন রাজা? সেটারই মীমাংসা হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায় লিব্রেভিলের স্টেড ডি লা’আমিতিতে।স্বপ্নপূরণে জাম্বিয়ার সামনে আজ পর্বতপ্রমাণ বাধা। তাদের পেরোতে হবে আইভরি কোস্ট নামের এই পর্বত। তবে ‘কপার বুলেট’দের কোচ হার্ভি রেনার্ডের পছন্দ নাকি এমন উচ্চতাই। এই ফরাসি বলেছেন, ‘যখনই আমি কোনো পর্বত দেখি আমি সেটার চূড়ায় উঠতে চাই। আর রোববার আমরা সেটাই করতে যাচ্ছি।’আইভরি কোস্ট জাম্বিয়ার কাছে পর্বতই। নিচ থেকে কপার বুলেট দিয়ে হাতিদের গুলিবিদ্ধ করার চেষ্টাটা একটু কঠিনই হবে। আইভরিয়ানরা ফিফা র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৬৩ ধাপ ওপরে। তা ছাড়া জিততে হলে এবারের টুর্নামেন্টে আইভরি কোস্টের জালে প্রথম বল ঢোকাতে হবে তাদের। আইভরিয়ানরা এবার পাঁচটি ম্যাচ তো জিতেছেই, খায়নি একটি গোলও। নিজেরা দিয়েছে নয়টি গোল। নয়টি গোল দিয়েছে জাম্বিয়াও, তবে তাদের জালে বল ঢুকেছে তিনবার।২০১২ সালে হাতিরা চটকদারি ফুটবল বাদ দিয়ে খেলছে হিসাবি ফুটবল। ফলটাই তাদের কাছে এখন মুখ্য। আর এই নতুন ধারণার স্থপতি তাদের কোচ ফ্রাঁসোয়া জাহুই। সেমিফাইনালে ঘানার ভাগ্য বরণ করতে না চাইলে জাহুইর কৌশলেই খেলবে আইভরি কোস্ট।অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে জাহুই বলেছেন, ‘অতীতের ভুলভ্রান্তি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ২০১০-এর কোয়ার্টার ফাইনালে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও অতি-আক্রমণাত্মক হওয়ার মাশুল দিতে হয়েছিল বাদ পড়ে।’চেলসির সলোমন কালু, দিদিয়ের দ্রগবা, ম্যানচেস্টার সিটির কোলো ও ইয়া তোরে সহোদরদের নিয়ে আইভরি কোস্টই ফেবারিট। কিন্তু মনে রাখতে হবে ক্রিস্টোফার কাতোঙ্গো ও ইমানুয়েল মায়ুকার মতো অখ্যাত খেলোয়াড়েরাই দ্রগবার সমান তিনটি করে গোল করেছেন। দলকে উঠিয়েছেন ফাইনালে। তা ছাড়া সবচেয়ে বড় প্রেরণা তো সেই বিমান দুর্ঘটনা! এএফপি।