'হারল' দুই দলই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়ে গিয়ে কাঁধে চোট পেলেন পিওতর চেক। আর এই চোট মৌসুমই শেষ করে দিয়েছে চেলসি গোলরক্ষকের। পরশু অ্যাটলেটিকোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে  । এএফপি
পড়ে গিয়ে কাঁধে চোট পেলেন পিওতর চেক। আর এই চোট মৌসুমই শেষ করে দিয়েছে চেলসি গোলরক্ষকের। পরশু অ্যাটলেটিকোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে । এএফপি

ফুটবল ম্যাচে সাধারণত তিন রকম ফল হতে পারে। জয়, হার আর ড্র। ড্র মানে স্বতঃসিদ্ধভাবে দুই দলের কোনোটিরই না জেতা। তবে কখনো কখনো ড্র মানে কিন্তু দুই দলেরই ‘পরাজয়’! পরশু অ্যাটলেটিকো মাদ্রিদ-চেলসির ম্যাচে যেমন গোলশূন্য ড্র করেও হারল দুই দলই!
পরশু শেষ রাত পর্যন্ত জেগে ঘুমঘুম চোখে যারা খেলা দেখেছেন, তাঁদের বিরক্তি নিয়েই ঘুমাতে যাওয়ার কথা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল বলে কথা, এমন ম্যাচে রোমাঞ্চ তো একটু হলেও না থেকেই পারে না! দল দুটি অ্যাটলেটিকো-চেলসি বলেই হয়তো প্রত্যাশার লাগামটা একটু টেনে রেখেছিলেন কেউ কেউ। দুই দলের কারোরই তো খুব দৃষ্টিসুখকর ফুটবল খেলার সুনাম নেই। তাই বলে ম্যাচটা এমন অসহ্য ফুটবলের প্রদর্শনী হয়ে থাকবে, এতটা বোধ হয় কেউ ভাবেননি।
দায়টা দৃশ্যত চেলসিরই বেশি। প্রতিপক্ষের মাঠে ম্যাচ, হোসে মরিনহো তাই ‘আগে ঘর সামলাও’ মন্ত্র জপে দিয়েছিলেন ছাত্রদের কানে। ছাত্ররা সেই ঘর এমনভাবেই সামলেছে, কোনো গোপন ছিদ্র দিয়েও সুচ পর্যন্ত গলার জো ছিল না। বলতে গেলে ম্যাচটা নিজেদের অর্ধেই কাটিয়েছে চেলসি। স্ট্রাইকার তোরেস ওপরে ছিলেন, কিন্তু পুরোনো ক্লাবের বিপক্ষে নিজেকে হারিয়ে খুঁজেছেন।
৬৯ শতাংশ বল দখল ও ২৫টি শট বলছে, অ্যাটলেটিকো নিজেদের মাঠে দাপিয়ে বেরিয়েছে। কিন্তু ডিয়েগো সিমিওনের দল তো নিষ্ফলা মাঠের কৃষক হয়েই ছিল। চোটের কারণে পিওতর চেক উঠে যাওয়ার পর বদলি মার্ক শোয়ার্জারকেও সেভাবে পরীক্ষা দিতে হলো কই? গাবি-ডিয়েগোরা মাঝেমধ্যে চেষ্টা করলেও চেলসির নিরেট-রক্ষণব্যূহ ভেদ করতে পারেননি কেউ।
মরিনহো তাঁর কৌশলে সফল। তাতে দর্শকেরা বিরক্ত হলো কি হলো না, তাতে তাঁর কিছুই যায় আসে না। যদিও ম্যাচ শেষে দাবি করলেন, ড্র করার লক্ষ্য নিয়ে মাঠে নামেনি তাঁর দল, ‘কেউই গোলশূন্য ড্রয়ের কথা ভেবে মাঠে নামে না। কিন্তু খেলাটা এমন দিকে এগিয়েছে, যখন আপনি নিরাপদ থাকতে চাইবেন। চাইবেন কোনো গোল না খেতে।’ নিজেদের মাঠে গোল করতে না পারায় একটু হতাশা থাকারই কথা সিমিওনের, ‘আমাদের লক্ষ্য ছিল গোল করা। ওরা রক্ষণটা দারুণ সামলেছে। দুই দলের জন্যই এখন সুযোগ আছে। ওরা নিজেদের মাঠে খেলবে, যেটি ওদের স্বস্তি দেবে। দেখা যাক কী হয়!’
মরিনহোর অবশ্য যতটা স্বস্তিতে থাকার কথা, সেটি থাকতে পারছেন না। চোট ও নিষেধাজ্ঞায় গুরুত্বপূর্ণ চার খেলোয়াড়কে ছাড়া দ্বিতীয় লেগটা বিরাট এক চ্যালেঞ্জ হয়েই দেখা দিয়েছে দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী কোচের কাছে। এএফপি।