‘হুগো বনিতো’র ব্যর্থতা!
কোপা আমেরিকা প্রতিযোগিতায় ব্রাজিলের শুরুটা ভালো হলো না। ভেনেজুয়েলার মতো দুর্বল দলের বিপক্ষে গোলশূন্য ড্র-কে সমর্থকেরা হারের সমপর্যায়ের ব্যর্থতা হিসেবেই ধরে নেবে। প্রত্যাশা ছিল, সুন্দর শুরুর। জয় দিয়ে শুরুর। কিন্তু, সেদিক দিয়ে নেইমার-পাতোরা বাজেভাবেই ব্যর্থ। টানা তৃতীয়বারের মতো কোপা জেতার অভিযানের শুরুটা ব্রাজিল করল হোঁচট খেয়েই।হুগো বনিতো বা সুন্দর ফুটবলের বড়াই করে ব্রাজিল সমর্থকেরা। সেই হুগো বনিতো অনেক দিন ধরেই অনুপস্থিত তাঁদের খেলায়। দুঙ্গা ‘হুগো বনিতো’কে বিদায় জানিয়েছিলেন বড় নির্মমভাবে। বিশ্বকাপে সেই খেসারত কড়ায়-গন্ডায় দিয়েছে ব্রাজিল। তাঁর উত্তরসূরি মেনো মেনেজেসও সেই ধ্রুপদী ছন্দ ফিরিয়ে নিয়ে আসতে ব্যর্থ।ব্রাজিল-ভেনেজুয়েলার মধ্যে কি কোনো তুলনা হয়? যে দেশে ফুটবল প্রধান খেলা নয়, লাতিন দেশগুলোর মধ্যে যে দেশে একবারও বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার সুযোগ করে উঠতে পারেনি, সেই ভেনেজুয়েলার বিপক্ষে কাল ব্রাজিল ফরোয়ার্ডদের দেখা গেল বড় অসহায় অবস্থায়। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও লক্ষ্যভেদে হলুদ-সেনারা ছিল লক্ষ্যহীন-এলোমেলো।পাতো-নেইমারকে কিছুদিন আগেও নতুন দিনের তারকা হিসেবে দাবি করেছে ব্রাজিলীয় সাবেকরা। কাল তাঁরা দুজন খুব একটা খারাপ খেলেননি। ৩৮ মিনিটে পাতোর একটি শট ক্রসবারে লেগে ফিরে আসাকে দুর্ভাগ্য ছাড়া আর কীইবা বল যেতে পারে, তার পরেও ‘নতুন দিনের তারকা’ হওয়ার পথে তাঁরা যে অনেকটাই পিছিয়ে রয়েছেন—সেটা কি কাল প্রমাণ হয়ে গেল না!একযুগ আগে এই কোপা প্রতিযোগিতাতেই রোনালদো-রিভালদো আর রোনালদিনহোর ব্রাজিল সাত গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভেনেজুয়েলাকে। শক্তির দাপটে সেদিন ব্রাজিলের সামনে ভেনেজুয়েলা ছিল বড় অসহায়। কিন্তু, কাল একবারও বিশ্বকাপ না খেলা এ দলটি সবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ব্যবধানটা এক যুগে বেশ কমিয়েই এনেছে তারা।ব্রাজিলের ‘ম্যাজিক কোয়াট্রেট’ বা ‘জাদুকরী চতুষ্টয়’ নেইমার-গানসো-রবিনহো-পাতোকে নিয়ে অনেক আলোচনা। আশির দশকে ফ্রান্সের মিশেল প্লাতিনি, লুইস ফার্নান্দেজ, অ্যালাইন গিরেসে ও জিয়ান টিগানার সঙ্গে এদের তুলনায় আসতে অনেকেই আনন্দ পান। কাল সেই চতুষ্টয়ের জাদু কিন্তু মন ভরাতে পারেনি ল প্লাটার প্রচণ্ড শীতে খেলা দেখতে আসা ব্রাজিলীয় সমর্থকদের।কোপা আমেরিকার প্রথম ম্যাচ ব্রাজিল সমর্থকদের এতটাই হতাশ করেছে যে তারা এখন বরং বেশি আগ্রহী নারী বিশ্বকাপ নিয়ে। আগের দিন ব্রাজিলীয় নারী তারকা মার্তা যেভাবে একক ফুটবলশৈলীর মাধ্যমে নরওয়েকে উড়িয়ে দিলেন, তা ছিল পুরুষদের খেলায় সম্পূর্ণ অনুপস্থিত।নেইমার, পাতো, গানসোদের তুলনায় রবিনহোর ওপর প্রত্যাশাটা ছিল কিছুটা বেশি। কিন্তু অভিজ্ঞ এই ফুটবলারের খেলায় হতাশ কোচ মেনেজেস একপর্যায়ে তাঁকে তুলে নেন মাঠ থেকে।প্রথম ম্যাচে দল বঞ্চিত হওয়ায় অবশ্য হতাশা আর আক্ষেপ ঝরেছে রবিনহো, পাতোর মন্তব্যেও। রবিনহোর কণ্ঠে ছিল গোল করতে না পারার ব্যর্থতার বয়ান। ‘আমরা প্রথমার্ধে যথেষ্ট ভালো খেলেছি কিন্তু গোল পাইনি।’ মন্তব্য রবিনহোর।পাতো হতাশ ও বিধ্বস্ত এই ফলে। বলেছেন, ‘জিততে না পারাটা সত্যিই বিশাল ব্যর্থতা।’ভেনেজুয়েলার বিপক্ষে জিততে না পারাটা যে বিশাল এক ব্যর্থতা—সেটা একটা শিশুও জানে। ওয়েবসাইট।