‘হেয়ারড্রায়ার ট্রিটমেন্টে’র দিন শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক যেন রাগী মাস্টারমশাই। বিশেষ বিশেষ বেত ব্যবহারের খ্যাতি যাঁর স্কুলের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। যাঁর ছায়া দেখলেও ভয়ে শিক্ষার্থীরা কাঁপে!এমন এক হেডমাস্টারের ভাবমূর্তিই গড়ে উঠেছে অ্যালেক্স ফার্গুসনের। ২৫ বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন যখন, দল ঠিক যেন হালভাঙা জাহাজ। পয়েন্ট টেবিলে শেষ থেকে দ্বিতীয় স্থানে থাকা দলটিকে ওপরে টেনে তুলেছেন, এরপর ধীরে ধীরে বানিয়েছেন বিশ্বের সেরা দলগুলোর একটি।এর পেছনে আছে শৃঙ্খলাকে ধর্মীয় উপাসনার মতো মান্য করার নীতি। আছে তারকা ফুটবলারদের ওপরও খড়্গহস্ত হতে দ্বিধা না করা। পান থেকে চুন খসলেই আছে ভয়ানক শাস্তি দেওয়ার নজিরও। ২১ বছর ধরে ফার্গুসনের অধীনে খেলছেন। সেই রায়ান গিগস এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ‘এখনো আমি ফার্গিকে বাঘের মতো ভয় পাই।’ফার্গুসনের কঠোর শাসনব্যবস্থার একটা নামও আছে—হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট! কদিন আগে ওয়েইন রুনিকেও নাকি এই শাস্তি দিয়েছেন, অপরাধ ম্যাচের আগের রাতে কজন সতীর্থকে নিয়ে টিম-কারফিউ ভঙ্গ করা। তবে ফার্গুসন দাবি করছেন, ‘হেয়ারড্রায়ার’ নাকি অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে। সত্যি নাকি মিথ্যা, কে জানে। তবে এই ৭০ বছর বয়সী বলেছেন, ‘এখন আর সেভাবে তেমন কারও ওপর চড়াও হই না। আগে বয়স কম ছিল, তখন হয়তো এমন হতো। কোনো খেলোয়াড় আমার কথার উত্তর দিলে তাকে এক হাত দেখে নিতাম। হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট কথাটা এভাবেই এসেছে।’বয়স আর অভিজ্ঞতাই পাল্টে দিয়েছে বলে জানালেন তিনি, ‘এখন বয়স হয়েছে। আরও অভিজ্ঞ হয়েছি। তা ছাড়া ক্লাবে এতদিন থাকার ফলে আমার প্রতি খেলোয়াড়দের সম্মানের ব্যাপারটাও আছে।”তবে এখনো মেজাজ হারানোর ঘটনা যে একেবারেই ঘটে না, তা নয়। এটিকে নিজের চরিত্রের অংশ হিসেবেই মেনে নিয়েছেন। তা ছাড়া রাতের ব্যাপার সেই রাতেই মিটিয়ে ফেলেন। ‘পরের দিনটা আমার কাছে নতুন একটা পৃথিবী।’ বলেছেন তিনি।এই অসহ্য মানসিক চাপের চাকরি কীভাবে সামলাচ্ছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। কিছুদিন আগে এক গবেষণায় দেখা গেছে, ইংলিশ ফুটবলের কোচরা চাপজনিত কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন। কিন্তু ফার্গুসনের দাবি, ‘আমি মোটেও চাপ অনুভব করি না। আমার বরং ম্যান সিটি-অ্যাস্টন ভিলা ম্যাচ দেখার সময়ই বেশি উদ্বেগ কাজ করে, লিভারপুলের সঙ্গে আমাদের ম্যাচে সেটা থাকে না।’হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট কীহেয়ারড্রায়ার যন্ত্রটা এখন আমাদের অনেকের পরিচিত। চুল শুকাতে, চুলের সজ্জায় ব্যবহার করা হয়। ফার্গুসনের হেয়ারড্রায়ার ট্রিটমেন্টের সঙ্গে এই যন্ত্রের একটা সম্পর্কও আছে! ম্যানইউর সাবেক খেলোয়াড় মার্ক হিউজ এই শব্দবন্ধ প্রথম ব্যবহার করেন। নিজের অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে হিউজ বলেছিলেন, কোনো খেলোয়াড় খারাপ খেললে বা নিয়মভঙ্গ করলে ফার্গুসন ঠিক তাঁর নাক বরাবর দাঁড়িয়ে টানা কয়েক মিনিট অনর্গল উত্তপ্ত সব বাক্য ঝেড়ে দিতেন। আগুন-গরম সেই কথা শেষ হলে খেলোয়াড়েরা নাকি আবিষ্কার করতেন, চুলের সিঁথি পেছনের দিকে চলে গেছে!