ব্রাজিলিয়ান ফুটবলার মানেই একটা আকর্ষণ। পায়ে ব্রাজিলিয়ান ছন্দ দেখার অপেক্ষা। মনতারিও ডি মেলো ফিলিপ কেমন ফুটবলার, তা বোঝা যাবে আবাহনীর জার্সি গায়ে মাঠে নামার পরই। তবে কাল প্রথম দিনের অনুশীলনে এই মিডফিল্ডারকে দেখে মনে হলো, বল পায়ে যতটা স্বচ্ছন্দ, কথাবার্তায় একদমই নন। ইংরেজি জানেনই না বলতে গেলে। প্রশ্ন বোঝানোই কঠিন আপনাকে খুব তরুণ দেখাচ্ছে। বয়স কত?মনতারিও ডি মেলো ফিলিপ: ...আই ফাইন। বাংলাডেশ গুড। আবাহনী ইজ গুড। অল ব্রাদার। ফ্যামিলি। আই এম এ ফাইন। আই হ্যাপি ইন বাংলাডেশ। (পাশে দাঁড়ানো আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস বললেন, ও বলছে আবাহনীকে ওর ফ্যামিলির মতো মনে হচ্ছে। সবাইকে ওর ভাইয়ের মতো লাগছে)। আপনার বয়স ২১ না ২২?ফিলিপ: (প্রশ্নটা এবারও বুঝলেন না ফিলিপ। পাশ থেকে রুপু এবার বললেন, ওর বয়স ২১)। আই এম ফিলিপ। মনতারি ফিলিপ। পোর্তে আলেগ্রে আমার শহর। সেখানে আমি জন্মেছি। বড় হয়েছি। আপনি পর্তুগালে খেলেছেন শুনেছি। পর্তুগালের কোন ডিভিশনে খেলেছেন?ফিলিপ: আমি পর্তুগালে খেলেছি। পর্তুগিজ লিগার ডিভিশন থ্রির একটা দলে। সেখান থেকে টার্কি-দুবাই হয়ে ঢাকায় এসেছি। লিগে আপনার দলের অবস্থান কী ছিল?ফিলিপ: চার নম্বর। আমার দল আরও ভালো করতে পারত। কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে। তার জন্য আমরা চারের ওপরে উঠতে পারিনি। আপনার গোল ছিল কয়টি?ফিলিপ: তিন গোল করেছি। আমি খেলি মাঝমাঠে। গোল করতে সাহায্য করি (কীভাবে সাহায্য করেন, সেটা অভিনয় করে দেখাতে চাইলেন রামচন্দ্রপুরের মাঠে দাঁড়িয়ে। মোহাম্মদপুর বেঁড়িবাধের পাশে ওই মাঠ। আবাহনীর ধানমন্ডির মাঠটা সংস্কার করা হচ্ছে, এ কারণেই অনুশীলন করতে ওখানে যাওয়া)। ব্রাজিল তো ফুটবলের দেশ। আপনাদের ওখানে অনেক তারকা। বড় কোনো তারকার সঙ্গে কখনো দেখা হয়েছে?ফিলিপ: আমি যখন ছোট, তখন একবার হোনালদিনহোর (রোনালদিনহো) সঙ্গে দেখা হয়েছিল। তখন ও বার্সেলোনায় খেলে। হোনালদিনহোও আমার শহরেরই ছেলে। রোনালদো বা নেইমার—এঁদের কারও সঙ্গে দেখা হয়নি?ফিলিপ: না, এদের কারও সঙ্গে দেখা হয়নি। তবে ভবিষ্যতে হতেও পারে। নেইমার এখন বড় তারকা। আর হোনালদোকে সারা ব্রাজিলই সম্মান করে। সে আমার আইডল। বাংলাদেশে প্রথম এলেন। আসার আগে বাংলাদেশের নাম কখনো শুনেছেন?ফিলিপ: না, আমি শুনিনি। এজেন্ট যখন বাংলাদেশে খেলতে আসার কথা বলল, তখন চিন্তায় পড়ে গেছি। ইন্টারনেটে বাংলাদেশ সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি। মুক্তিযোদ্ধায় আপনার স্বদেশি ফুটবলার লিমা ও রাফায়েল খেলছে। ওদের পেয়ে ভালো লেগেছে নিশ্চয়ই...ফিলিপ: (যথারীতি প্রশ্ন বুঝতে পারলেন না। অনেক চেষ্টার পর খানিক বুঝলেন)। ইয়েস, লিমা লিমা। কাল সে এসেছে। তার কাছ থেকে অনেক কিছু জেনেছি। লিমা আর রাফায়েল আছে বলে আমার খুব ভালো লাগছে। বাংলাদেশে এসেই নাকি খাওয়ার সমস্যায় পড়েছেন?ফিলিপ: অনেক ঝাল। ঝাল খেতে পারি না। কাল লিমা আসার পর সে আমার কাছ থেকে জেনে ক্লাবে বলেছে আমি কী ধরনের খাবার খেতে চাই। তা ছাড়া অনেক গরমও এখানে। প্রথম দিনের অনুশীলনে আপনার পায়ের কিছু কারুকাজ দেখলাম। আবাহনীর জার্সিতে আপনাকে একজন সত্যিকারের ব্রাজিলিয়ান হিসেবে দেখা যাবে?ফিলিপ: আই ট্রাই..আই ট্রাই। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি লাগছে। তবে একটা বিশ্রাম নিলে আশা করি ঠিক হয়ে যাবে। আবাহনীকে চ্যাম্পিয়ন করতে চাই।