
বল নিয়ে ছেলেটির ড্রিবলিং, স্টিকওয়ার্ক চোখে পড়ার মতো। আরমানিটোলার কিশোর শিহাব হোসেন এরই মধ্যে নিজেকে তুলে ধরেছে হকি মাঠে। অনেকে রাসেল মাহমুদ জিমির ছায়া খুঁজতে শুরু করেছেন ওর মধ্যে। চার ম্যাচে করেছে ১৬ গোল। কাল শেষ হওয়া জাতীয় স্কুল হকি সর্বোচ্চ গোলদাতার স্বপ্ন মেলে দিয়েছে অনেক দূর
তুমি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছ। তার পরও তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন?
শিহাব হোসেন: আমার স্কুল ফাইনালে উঠলেই বেশি খুশি হতাম। কিন্তু সেমিফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। হেরে গিয়েছিলাম
আল হিকমা স্কুলের কাছে।
পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ টাকা দিয়ে কী করবে?
শিহাব: এই টাকা বাবার হাতে তুলে দেব। সংসারের অনেক কাজে লাগবে। ক্ষুধার কষ্ট কেমন, সেটা আমি ভালো বুঝেছি। আমার
বাবা সাইদুর রহমান একসময় রাস্তায় পান বিক্রি করতেন। পরে একটা ছোট পান-বিড়ির দোকান দেন আরমানিটোলার মসজিদ
এলাকায়। এখন নান্না মিয়ার বিরিয়ানির দোকানে কাজ করেন।
তুমি হকি খেলা বেছে নিয়েছ কেন?
শিহাব: তখন আমার বয়স পাঁচ বছর। আরমানিটোলা এলাকায় তারা মসজিদ মাঠের পাশে আমাদের বাড়ি। বাড়ি থেকে বের হলেই
দেখতাম ফজলু ওস্তাদ ছেলেদের হকি খেলা শেখাচ্ছেন। একদিন মাঠে এলাম খেলতে। আমার তখন হকিস্টিক কেনার টাকা ছিল না। তাই
বুদ্ধি করে বাড়ি থেকে কাপড় ঝোলানোর হ্যাঙ্গার বাঁকা করে বল নিয়ে হকি খেলতে শুরু করলাম। ফজলু ওস্তাদ আমার খেলা দেখে
বললেন, তোকে দিয়ে হবে। এরপর ওনার ক্লাবে নিয়ে নেন।
শুনলাম, তুমি নাকি বিকেএসপি ছেড়ে পালিয়েছিলে?
শিহাব: আমি আসলে পালাইনি। গত বছর স্কুল হকিতে সেরা খেলোয়াড় হওয়ার পর বিকেএসপিতে ভর্তির সুযোগ পাই। কিন্তু
বিকেএসপিতে আমার মন টিকত না। সারাক্ষণ বন্ধুদের কথা মনে হতো। তাই বিকেএসপি ছেড়ে চলে এসেছি। এখন আরমানিটোলা স্কুলে
অষ্টম শ্রেণীতে পড়ছি।
আরমানিটোলা থেকে তো বাংলাদেশের হকির অনেক বড় বড় খেলোয়াড় এসেছে। তুমি এটা জানো?
শিহাব: জানি। আমাদের এলাকার জিমি ভাইকে দেখে হকির প্রতি আগ্রহ অনেক বেড়েছে। উনিই আমার প্রিয় খেলোয়াড়। তাঁর মতো
একদিন জাতীয় দলে খেলতে চাই। এরই মধ্যে আমি গত বছর দ্বিতীয় বিভাগের দল তেজগাঁও অগ্রণীর হয়ে ১৭ গোল করেছি। প্রথম
বিভাগের বেশ কয়েকটি দল যোগাযোগ করেছিল। কিন্তু আমি ফজলু ওস্তাদের সঙ্গে বেইমানি করতে চাই না। উনি আমার বাবার চেয়েও
বেশি করেছেন। উনি যা বলবেন, সেটাই করব।
বুঝলাম না, খুলে বলো তো...
শিহাব: আমাদের সংসারে খুব টানাটানি চলছিল যখন, ফজলু ওস্তাদ ওনার বাড়িতে রেখেছিলেন আমাকে। জার্সি, বুট, কেডস,
হকিস্টিক কিনে দিয়েছেন আমাকে। আমাকে খাইয়ে-দাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন।
স্কুলে তোমাকে নিয়ে আগ্রহ কেমন?
শিহাব: স্কুলের মজিদ স্যার আমাকে খুব ভালোবাসতেন। উনি অবসরে চলে গেছেন। একবার সিলেটে খেলতে গিয়ে মারামারিতে জড়িয়ে
পড়লে উনি আমাকে বিপদ থেকে বাঁচান। এখন অবশ্য সারোয়ার স্যারও অনেক ভালোবাসেন। আর বন্ধুরা আমাকে প্লেয়ার বলে ডাকে।