২৪ ঘণ্টায় সব আবার স্বাভাবিক। মাঠে উত্তেজনা নেই। গ্যালারি নীরব। ম্যাচের পর মারদাঙ্গা দর্শক হামলা করল না কাউকে। কালকের বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখে বোঝার উপায় ছিল না, আগের সন্ধ্যায় এখানে কী ঘটেছিল!মনে হচ্ছিল, এ দেশে আবাহনী-মোহামেডান ছাড়া কোনো টুর্নামেন্ট আসলে জমবে না। যতই এই দুই দলের সমর্থকদের মাঠে তাণ্ডব চালানোর ‘ঐতিহ্য’ থাকুক, পরশু শেখ রাসেলের কাছে হেরে মোহামেডানের উগ্র সমর্থকেরা দলটির কোচকে মারধর করুক, এ দেশে ফুটবলের বড় বিজ্ঞাপন আবাহনী-মোহামেডানই।শেখ জামাল-মুক্তিযোদ্ধা দ্বিতীয় সেমিফাইনাল সেটিই জানিয়ে গেল আবার। প্রাণহীন লড়াইয়ে সুযোগ কাজে লাগিয়ে ২-০ ব্যবধানে জিতল ফেড কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। আগামীকাল শেখ রাসেল-শেখ জামাল ফাইনাল। এর আগে এমন ফাইনাল হয়নি। আবাহনী-মোহামেডান না থাকায় গ্যালারির উত্তাপটা অন্তত পাওয়া যাবে না।শেখ জামাল দারুণ গতিসম্পন্ন ফুটবল খেলে সেমিফাইনালে এসেছিল। কিন্তু সেমিফাইনালে দলটাকে চেনা গেল না। ম্যাড়মেড়ে ফুটবল খেলেই টানা তৃতীয়বারের মতো উঠে গেল ফেডারেশন কাপের ফাইনালে। জামাল ম্যাড়মেড়ে ছিল, এর একটা কারণ হতে পারে, মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলামের কৌশল। শেখ জামালের আসল প্রতিপক্ষ তো আসলে ছিলেন তিনিই। শফিকুল মাঠের বাইরে থেকে যা করার করলেন, কিন্তু মাঠে তাঁর শিষ্যরা ভুল করলে কী করবেন?তেমনই দুটি ভুল থেকে মুক্তিযোদ্ধা দুটি গোল খেল। দুটি গোলই প্রতি-আক্রমণ থেকে। প্রথমবার ৪০ মিনিটে, কাঞ্চন সহজ একটা বল হারান, শেখ জামালের ওকেমেরি বল পেয়ে ক্রস করেন। ওই বলেই মাইক ওতোজেরেরির হেডে ১-০। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল, একটা সহজ বল প্রতিপক্ষের পায়ে জমা দেন মুক্তিযোদ্ধার তরুণ ডিফেন্ডার শ্যামল, সেই বল পেয়ে অরূপ বৈদ্য কোনাকুনি শটে গোল করেন।শেখ জামালে ছিলেন চারজন বিদেশি (সবাই আফ্রিকান), মুক্তিযোদ্ধায় দুজন—অধিনায়ক ড্যামি আর ব্রাজিলিয়ান স্ট্রাইকার সিলভা। খেলাটা যেখানে বিদেশিদের লড়াইও, মুক্তিযোদ্ধা সেখানেই পিছিয়ে ছিল। তার ওপর দলের গুরুত্বপূর্ণ সদস্য জাহেদ পারভেজ গেছেন হজে। জন্ডিসে আক্রান্ত ফয়সাল মাহমুদকে রাখা হয়নি প্রথম একাদশে। পরে উপায়ন্তর না দেখে কোচ তাঁকে মাঠে পাঠান।শেখ জামালকে আটকাতে বাড়তি সতর্কতা ছিল মুক্তিযোদ্ধার, কিন্তু আখেরে কোনো ফল হয়নি। যদিও জামালের শক্তির জায়গাগুলো কাল বন্ধই করে দিতে পেরেছিল মুক্তিযোদ্ধা। আক্রমণে সানডে ও মাইক ওতোজেরেরি সুবিধা করতে পারেননি। মাইক একটা গোল করলেও তাঁকে বোতলবন্দী করে রাখা হয়। সানডে অন্যদিন যেভাবে তেড়েফুঁড়ে প্রতিপক্ষকে ধ্বংস করতে চান, পোস্টে শট নেন, এসব কাল করতে পারেননি। তা ছাড়া শেখ জামালের উইং প্লেটাও এদিন ছিল অকার্যকর।মুক্তিযোদ্ধার বিপ্লব শুরুর দিকে দারুণ একটা সুযোগ পেয়েও দৃষ্টিকটুভাবে ব্যর্থ হয়েছেন। বক্সের ওপর বল পান, সামনে শুধু গোলরক্ষক মোস্তাক। এই জায়গা থেকে গোল না হওয়াটা বিস্ময়ের। বিপ্লব এমনভাবে বলে পা ছোঁয়ালেন, দেখে মনে হলো, পাঁচ বছরের বাচ্চার মতো শট নিয়েছেন। ফেডারেশন কাপের সেমিফাইনালে সুযোগ বারবার আসে না। এটি অবশ্যই গোল হওয়া উচিত ছিল।ম্যাচের পর শেখ জামালের জোসেফ আপুসি বললেন, ‘প্রতিপক্ষ শক্তিশালী, তাই ম্যাচটা জেতা সহজ ছিল না।’ মুক্তিযোদ্ধার কোচ পরাজয়ের জন্য দায়ী করলেন আত্মবিশ্বাসের অভাবকে।