‘হ্যান্ড অব অঁরি’ ল্যাম্পার্ডের প্রেরণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বলে কপাল। যার জন্য করলেন চুরি, সেই তারাই তাঁকে অপবাদ দিচ্ছে দস্যুর! স্পেনের বিপক্ষে গত প্রীতি ম্যাচটায় কী হেনস্তাই না হলেন থিয়েরি অঁরি। ম্যাচের পুরোটা সময় ফ্রান্সের দর্শকেরা গালিগালাজ করল। কেউ কেউ বাছাইপর্বে ফরাসি অধিনায়কের ‘হ্যান্ড অব অঁরি’ কীর্তি টেনেও খোঁচাল। অথচ এই অঁরি, আর তাঁর সেই ‘অমার্জনীয় অপরাধ’ই কিন্তু ফ্রান্সকে তুলে দিয়েছে বিশ্বকাপে।ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের তাই খারাপই লাগছে অঁরির জন্য। অঁরি তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার পরও সবাই তাঁর পেছনে এভাবে উঠেপড়ে লেগেছে দেখে চেলসি মিডফিল্ডার খানিকটা বিস্মিত। ‘জানেন, আমি হলে কিন্তু কিছুই বলতাম না। অঁরির জন্য আমার তাই খারাপই লেগেছে। কারণ ঘটনাটা ইচ্ছাকৃত ছিল না, আকস্মিকভাবে ঘটে গেছে।’তিনি নিজে অঁরি জায়গায় থাকলে দোষই স্বীকার করতেন না বলেই জানিয়ে দিলেন ল্যাম্পার্ড, ‘ম্যাচের পর দোষ স্বীকার করা সহজ, কারণ দল তো ততক্ষণে বিশ্বকাপে চলে গেছে—এ ধরনের কথা বলা সঠিক নয়। আমি যদি ওর জায়গায় থাকতাম, আর দোষ স্বীকার করতাম, আর এ কারণে যদি আমাদের ম্যাচটা হারতে হতো, তাহলে হয়তো আমাকে ইংল্যান্ডে বিনা বিচারে ফাঁসি দিয়ে দেওয়া হতো।’অবশ্য বিশ্বকাপে এ রকম পরিস্থিতি এলে, দলকে ফাইনালে তোলার জন্য ইচ্ছে করেই ‘হ্যান্ড অব অঁরি’ পর্যন্ত করতে রাজি ল্যাম্পার্ড। এতে যদি তাঁকে শূলে চড়ানো হয়, তাতেও আপত্তি নেই। ১৯৬৬-এর পর থেকে শিরোপার অপেক্ষায় তিনিও বুঝি অধৈর্য হয়ে পড়েছেন! ইংল্যান্ডকে শিরোপা জিততে যেকোনো কিছু করতে প্রস্তুত এই ৩১ বছর বয়সী। কে জানে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ কি না!সবকিছু করতে প্রস্তুত মানে কি দরকার পড়লে এবারও টাইব্রেকের প্রথম কিকটা তিনিই নেবেন? ল্যাম্পার্ডকে এমন প্রশ্ন শুনতে হলো আসলে গত বিশ্বকাপের কারণে। পর্তুগালের বিপক্ষে টাইব্রেকে গড়ানো ম্যাচটায় দলের পক্ষে প্রথম স্পটকিকটা তিনিই নিয়েছিলেন। এবং সেটা দিয়েই শুরু ইংল্যান্ডের কিক মিসের মহড়া। ল্যাম্পার্ড জানালেন, ‘এবারও যদি পেনাল্টি কিক নিতে হয়, সবার আগে আমিই থাকব!’ ওয়েবসাইট।