‘হ্যান্ড অব গড’ একটাই: ম্যারাডোনা
আইভরিকোস্টের বিপক্ষে পরশু ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোর দ্বিতীয় গোলটি দেখেছেন? গোল করার আগে দু-দুবার বল লেগেছে তাঁর হাতে। এই গোল অনেককেই ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলকে মনে করিয়ে দিলেও ম্যারাডোনা বলছেন অন্য কথা। ফ্যাবিয়ানোর গোল কোনো দিনই ‘হ্যান্ড অব গড’ গোলের স্বীকৃতি পাবে না বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।গ্রিসের বিপক্ষে আজ নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগের নিয়মিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা-গ্রিস ম্যাচ নিয়ে কথা তো বলেছেনই, ম্যারাডোনা কথা বলেছেন ফ্যাবিয়ানোর গোল নিয়েও। ম্যারাডোনার পরিষ্কার ঘোষণা—ফ্যাবিয়ানো হাত দিয়ে যত খুশি গোল করতে পারে, কিন্তু ‘হ্যান্ড অব গড’ গোল ছিয়াশির বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা তাঁরটাই।পরশু ম্যাচ শেষে ফ্যাবিয়ানোও সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, কাঁধে লেগেছে মনে হলেও বল আসলে তাঁর হাতেই লেগেছিল। তাহলে ফ্যাবিয়ানোর এই গোলটিকে তাঁর ‘হ্যান্ড অব গড’ গোলের সঙ্গে তুলনা করা যায় কি না? কিন্তু ম্যারাডোনা মানতেই রাজি নন বলটা ফ্যাবিয়ানোর হাতে লেগেছে, ‘না, না। বল তো তার হাতে লাগেনি, লেগেছে বাহুতে। দুবারই ও বল বাহুতে লাগিয়েছে।’ ফ্যাবিয়ানোর গোলের প্রসঙ্গ টেনে কার্লোস দুঙ্গার ব্রাজিলকেও একটা খোঁচা দিয়ে দিলেন তিনি, ‘ব্রাজিল আসলে ভালো খেলছে না। তার পরও তারা পার পেয়ে যাচ্ছে, এমনকি সেটা বাহু ব্যবহার করে হলেও।’ ফ্যাবিয়ানোর গোলের পর ফরাসি রেফারি স্তেফানে ল্যানয়ের আচরণটাও খটকা লেগেছে আর্জেন্টিনার ছিয়াশির বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনার, ‘গতকাল (পরশু) রেফারি হাসছিলেন। আপনারা (সাংবাদিকেরা) একে কী বলবেন? ব্রাজিল খুব একটা ভালো খেলছে না, কিন্তু প্রয়োজনমতো ঠিকই গোল করে ফেলছে।’ প্রয়োজনমতো গোল করে ফেলতে পারার কারণেই আবার ব্রাজিলকে সম্ভাব্য বিশ্বকাপজয়ী দলের তালিকায় সবার ওপরেই রাখছেন ম্যারাডোনা, ‘ভালো খেলছে না, ম্যাচগুলো ঠিকঠাকভাবে শেষ করছে। এ কারণেই এখনো ওরা সবচেয়ে ফেবারিট।’ আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু? শুনুন ম্যারাডোনার কণ্ঠেই, ‘আমরা আসলে ফেবারিট নই। আমরা এখানে এসেছি আর্জেন্টাইনদের আনন্দ দিতে। আমরা যেভাবে খেলে আনন্দ পাই সেভাবে খেলতেই পছন্দ করি।’ফ্যাবিয়ানোর গোল আর ব্রাজিল প্রসঙ্গ শেষে উঠেছিল ফ্রান্স, ইতালিসহ ইউরোপের দেশগুলোর ভালো খেলতে না পারার প্রসঙ্গও। ফ্রান্সকে দেখে তো রীতিমতো হতাশ ম্যারাডোনা, ‘ফ্রান্সকে নিয়ে আমি সত্যিই খুব হতাশ। সময়ের সেরাটা ওরা পাচ্ছে না।’ আর ইতালি? ‘ওরে বাবা! বাদ-টাদ পড়ে গেলে তো বড় কেলেঙ্কারিই হয়ে যাবে। তবে আমার মনে হয়, ওরা সবাই শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে যাবে।’ তবে স্পেনকে সরাসরিই খোঁচা দিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘আমি ভেবেছিলাম স্পেন ভালো করবে। যেভাবে তারা এসেছিল, মনে হয়েছিল বিশ্বকাপটা ওরাই পাবে। আর আমরা সবাই দ্বিতীয় হওয়ার জন্য খেলছি!’ এএফপি।