‘হ্যান্ডবল’ স্বীকার করছেন ফ্যাবিয়ানো
ডিয়েগো ম্যারাডোনা, থিয়েরি অঁরির পাশে এবার নাম লেখালেন ব্রাজিলের স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো। আইভরিকোস্টের বিপক্ষে দুটি গোল করেছেন তিনি, যার একটিতে পায়ের সঙ্গে হাতের কারুকাজও ছিল। খেলা শেষে এই গোলকেই ক্যারিয়ারের অন্যতম সেরা গোলের স্বীকৃতিও দিয়েছেন ফ্যাবিয়ানো। তবে এটা ইচ্ছাকৃতভাবে করেননি দাবি করে ফ্যাবিয়ানো বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে বলটা আমার হাতে লেগেছিল। কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল।’একবার নয়, গোলটি করার আগে দুই দফা হ্যান্ডবল করেছেন ফ্যাবিয়ানো। তাই এটিকে গোল হিসেবে বিবেচনা করায় বেশ চটেছেন প্রতিপক্ষ আইভরিকোস্টের কোচ সভেন গোরান এরিকসন। হ্যান্ডবলের সুবাদে ফ্যাবিয়ানোর পাওয়া গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করছেন তিনি। এরিকসন রয়টার্সকে বলছেন, ‘ফ্রি গোল পেয়ে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে যায়। আর এ ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’ ব্রাজিলের কাছে ৩-১ গোলে আইভরিকোস্ট হেরেছে মানছেন না এরিকসন। হ্যান্ডবলের গোলটি বাদ দিয়ে এরিকসন বলছেন, ‘স্কোরলাইনটা ২-১ বলাই যৌক্তিক।’ফ্যাবিয়ানোর হ্যান্ডবল নিয়ে কোচের মতো সরব আইভরিকোস্টের সবচেয়ে বড় তারকা দিদিয়ের দ্রগবাও। হতাশা ব্যক্ত করে দ্রগবা বলছেন, ‘এটা অনেক বড় হতাশার। বিশেষ করে, ব্রাজিল হাত লাগিয়ে যেভাবে দ্বিতীয় গোলটি করল। এটা সুস্পষ্টভাবে হ্যান্ডবল ছিল।’