
‘ফিনিশার’ নামের মর্যাদা রাখা
ইদানীং ‘ফিনিশ’ করতে একটু সমস্যা হচ্ছে। সব সময় তো আর হয় না। দু-তিনটা ম্যাচ খারাপ গেছে। আশা করি, সামনের ম্যাচগুলো থেকে ভালো হবে। ভালো খেললে সেটাই আমার মাথায় থাকে, খারাপ খেললে মাথায় থাকে না।
শট নির্বাচনে দুর্বলতা
আমি আগেও এভাবে রান করেছি। তখন কোনো কথা হয়নি। রান না করলে অনেক কথা হবে। এসব আমি মাথায় নিচ্ছি না। আসলে রান এমন একটা জিনিস, আপনি যেভাবেই করেন না কেন সেটা রান। রান পেলেই একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস বাড়ে। হয়তো আমার কোনো একটা সমস্যা হয়েছে...সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছি।
বিশেষ কিছু করছেন কি না
ব্যাটিং নিয়ে কাজ করব। আজ (গতকাল) থেকে অনুশীলন শুরু হবে। অনুশীলনে বাউন্ডারি মারার চেষ্টা করব বেশি। প্রতি বলে বলে রান নেওয়ার চেষ্টা—এদিকেই মনোযোগ থাকবে। নেটে একটু বেশি সময় দেব।
ক্যাচ ফেলা প্রসঙ্গে
একসময় জন্টি রোডস ছিলেন বিশ্বের সেরা ফিল্ডার। উনি অনেক ভালো ভালো ক্যাচ ধরেছেন, অনেক সহজ ক্যাচও মিস করেছেন। আমি আমার যোগ্যতা সম্পর্কে জানি। আমি জানি কেমন ক্যাচ ধরতে পারি। সহজ ক্যাচও অনেক সময় মিস হতে পারে। তবে ফিল্ডিং ভালো করার জন্য যা যা করা দরকার, করা হচ্ছে। বেশি বেশি প্র্যাকটিস। আশা করি, আর এ রকম হবে না।
আফগানিস্তান ম্যাচ নিয়ে
এখনো যদি আমাদের আফগানিস্তান ম্যাচ নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তো সমস্যা। দুঃখজনক। আমাদের আত্মবিশ্বাস আছে, টি-টোয়েন্টিতে ওরা আমাদের ধারেকাছে ভিড়তে পারবে না। একটা ম্যাচে হেরেছি, এটা ক্রিকেটে হতেই পারে। আমরাও তো অনেক বড় বড় দলকে হারিয়েছি। ওরা ভালো দল, কিন্তু এমন না যে আমরা ওদের হারাতে পারব না।
প্রত্যাশা পূরণে কতটা প্রস্তুত
আমি চেষ্টা করছি, হয়তো গত দু-তিনটা ম্যাচে হয়নি। আমিও তো ভাই মানুষ। মেশিন তো না যে, গেলাম আর সবকিছু করে ফেললাম। আমি যে জায়গায় ব্যাটিং করি, সেখানে সময় পাওয়া যায় না খুব একটা। দেখা যাচ্ছে বলের চেয়ে রান বেশি লাগে বা বলে বলে রান করতে হয়। উইকেটে গিয়েই মারবেন, সেটা তো সব সময় সম্ভব না।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্বলতা
আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করি এবং অনেক ম্যাচে দিইও। তার পরও না হওয়ার কারণ, আমরা শক্তিতে পিছিয়ে আছি। যেটা আমরা মারলে চার হয়, অন্যরা মারলে ছক্কা হয়ে যাচ্ছে। শহীদ আফ্রিদি তো ব্যাটের হ্যান্ডেল দিয়ে মারলেও ছয় হয়ে যায়।