‘হয়তো স্বার্থপর সিদ্ধান্ত, কিন্তু সঠিক’
তাঁর অবাক পদত্যাগ নিয়ে আলোচনা চলছে এখনো। আইপিএল দল ডেকান চার্জার্সকে নেতৃত্ব দিচ্ছেন। ভারতেই একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কুমার সাঙ্গাকারা ব্যাখ্যা করেছেন শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়ার কারণ, বিশ্বকাপের দল নির্বাচনসহ অনেক কিছু আপনাদের সদ্য সাবেক কোচ ট্রেভর বেলিস বলেছেন, আপনাকে আর জয়াবর্ধনেকে ক্রিকেটের বাইরের অনেক ব্যাপার নিয়ে ভাবতে হয়েছে। আপনার দায়িত্ব ছাড়ার সঙ্গে এর সম্পর্ক কতটুকু?সাঙ্গাকারা: আমি এই কারণে পদত্যাগ করিনি যে, আমি অখুশি বা কাজটা করতে পারছি না। আরেকটি বিশ্বকাপ চার বছর পর। মনে হতে পারে, চার বছর অনেক সময়। কিন্তু হঠাৎ করেই একদিন মনে হবে, দুই বছর চলে গেছে, কিন্তু কিছুই বদলায়নি। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, কিন্তু তার হাতে যথেষ্ট সময় থাকবে না। আমার বয়স যদি ৩০ হতো, তাহলে হয়তো চালিয়ে যাওয়া বাস্তবসম্মত হতো। মাহেলা যখন ছেড়েছিল, চাইলে ও চালিয়ে যেতে পারত। এই বিশ্বকাপে ও অনায়াসে অধিনায়ক থাকতে পারত। কিন্তু নিজের ও দলের কথা ভেবেই ও সরে দাঁড়িয়েছিল। আমার ব্যাপারটাও তা-ই। কিন্তু আরও একটা বছর থেকে গেলে কি ভালো হতো না? মনে হচ্ছে না দলকে আপনি খানিকটা অনিশ্চয়তায় ফেলে দিলেন?সাঙ্গাকারা: ব্যাপারটা হলো, চিন্তাভাবনা পরিষ্কার থাকতেই দায়িত্ব ছাড়া উচিত। আরও এক বছর থেকে যদি পারফরম্যান্স ভালো হতে থাকত, তখন কি আমি থেকে যেতে চাইতাম? অথবা আমি বলতাম, ‘না, না, আমি ভালো করছি। আমাকে থাকতে দিন।’ এটা হয়তো দলের জন্য ভালো হতো না। সেদিক থেকে চলে যাওয়ার এটাই সেরা সময়। অনেকে বলতে পারে আপনি স্বার্থপর সিদ্ধান্ত নিয়েছেন, এই সমালোচনাকে কীভাবে দেখবেন?সাঙ্গাকারা: অন্যায্য হবে না। কারণ, আমি যতই অস্বীকার করার চেষ্টা করি, সিদ্ধান্তটায় অনেক নিজস্ব ব্যাপার আছে। নিজের জন্য যা ভালো, আমি সেটাই করার চেষ্টা করেছি। তবে এটার পাশাপাশি বলতে হবে, দলের সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারটাও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। আমার সিদ্ধান্তে হয়তো কিছুটা স্বার্থপরতা আছে, কিন্তু আমার মতে এটাই সঠিক সিদ্ধান্ত। তার মানে নিদ্রাহীন কোনো রাত আপনার কাটেনি?সাঙ্গাকারা: না, মোটেও নয়। বিশ্বকাপের তিন মাস আগেই আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। একটু পেছনে গেলে, জয়াসুরিয়া ও ভাসকে বাদ দেওয়া কতটা কঠিন ছিল?সাঙ্গাকারা: খুব স্পর্শকাতর সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা দুজন কিংবদন্তি। দলের স্বার্থের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো জায়গা নেই। ওদের মতো দুজনকে বাদ দিলে দলের ভেতরে-বাইরে, প্রশাসক সবাই নিজেদের মতামতটা দিতে শুরু করবে এবং ওদের সঙ্গেও যোগাযোগ শুরু করবে। মাঠে জয় পাওয়াটা তখন আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটা দলকে আরও অনুপ্রাণিত করেছে। বিশ্বকাপের দল নির্বাচনের সময় আমাদের প্রথম ভাবনা ছিল শুধুই বর্তমান নিয়ে; না অতীত, না ভবিষ্যৎ। প্রতিটি নাম আমাদের বিবেচনায় এসেছে। সনাৎ ও ভাসি অল্পের জন্য বাদ পড়ে গেছে। ওদের শক্তি, ওদের সামর্থ্য, দলে ওদের উপস্থিতি বাকিদের কীভাবে উদ্বুদ্ধ করে এবং বড় মঞ্চে ওদের পারফরম্যান্স—সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু সবশেষে আমরা সবাই ছিলাম একমত। সবাই নিশ্চিত ছিল, এটাই ঠিক দল। তখনই আমরা বুঝতে পারলাম, ওহ্, ভাসি আর সনাৎ বাদ পড়ে গেছে। দল নির্বাচন ছিল পক্ষপাতহীন। বয়স সেখানে কোনো মানদণ্ড ছিল না, পারফরম্যান্স আর দলীয় সমন্বয়ই ছিল মূল বিবেচ্য। দায়িত্ব ছাড়ার আগে কি প্রিয় বন্ধু জয়াবর্ধনের সঙ্গে কথা বলেছিলেন?সাঙ্গাকারা: সব সময়ের মতোই ও ছিল খুব বিচক্ষণ। আমার সেন্টিমেন্টগুলোর প্রতিধ্বনিই ছিল ওর কণ্ঠে। অধিনায়কের নিজের চিন্তাভাবনাই যদি পরিষ্কার না থাকে, তাহলে দলকে ভুগতে হয়। মাহেলা ঠিক এটাই বলেছে এবং ওর কাছ থেকে এমনটা শোনা ছিল দারুণ। এ কারণেই কি তিনি অধিনায়কত্ব ছেড়েছিলেন?সাঙ্গাকারা: এর উত্তর তো মাহেলাই দিতে পারে। আমি এখনো মনে করি, ওর দায়িত্ব ছাড়া ঠিক হয়নি। বিশ্বকাপে ওর মতো অধিনায়কের কোনো বিকল্প ছিল না। আপনার মতে অধিনায়কত্বের দাবিদার কে কে?সাঙ্গাকারা: দিলশান-অ্যাঞ্জি (ম্যাথুস) দুজনই যোগ্য। যদি তারা মনে করে অ্যাঞ্জি এখনো তরুণ, তাহলে দিলশান খুব ভালো করবে। কারণ, ও সাফল্যের ছোঁয়া পেয়েছে। যেখানেই হাত দেয়, সফল হওয়ার একটা প্রবণতা আছে ওর। তবে অ্যাঞ্জিও প্রস্তুত। অধিনায়ক হিসেবে নিজেকে কীভাবে মূল্যায়ন করেন?সাঙ্গাকারা: অধিনায়কত্বের দুটো ব্যাপার আছে। ১. জয়-পরাজয়ের হার, ২. সম্ভবত যেটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু লোকে কম দেখে, সতীর্থরা অধিনায়কের ডাকে কতটা সাড়া দেয়। আমি অনেক সমর্থন পেয়েছি, এখন আমার দায়িত্ব এটা ফিরিয়ে দেওয়ার। মাহেলা এটা করেছে, মারভান, ভাসি, সনাৎ—সবাই করেছে। আমার সময়টুকু আমি উপভোগ করেছি। কখনোই চাইনি লম্বা সময় অধিনায়কত্ব করতে।