'১০' এর বাইরে সেরা দশ

স্কুলের ওই পড়ুয়া ছেলেটা সব পরীক্ষায় দশে দশ পায়। শুধু কি পরীক্ষাতেই, সব ব্যাপারে সে ‘দশে দশ’ মানে, সবার চেয়ে সেরা। ফুটবল মাঠের ‘১০’ রাও কি তা-ই? পেলে, ডিয়েগো ম্যারাডোনা, মিশেল প্লাতিনি, জিনেদিন জিদানদের মতো বিশ্বসেরা ‘১০ নম্বর’ রা কিন্তু তেমন ধারণাই আপনার মধ্যে তৈরি করবেন। হালে লিওনেল মেসি, নেইমার, করিম বেনজেমা, ওয়েইন রুনিরা জার্সির ‘১০ নম্বর’কে যেন করেছেন আরও মহিমান্বিত। কিন্তু স্কুলের ফার্স্ট বয়ের বিশ্ব ফুটবল ও বিশ্বকাপের সব ‘সেরা’রাই যে জার্সির পেছনে ‘১০’ সংখ্যাটি পেয়েছিলেন—ব্যাপারটা এমন নয়। অন্য সংখ্যা নিয়েও তাঁরা মাতিয়েছিলেন বিশ্বকাপের মাঠ। প্রিয় পাঠক, আসুন জেনে নেওয়া যাক বিশ্বকাপে ‘১০’ সংখ্যাটি জার্সিতে ধারণ না করেও যাঁরা নিজেদের নাম তুলেছেন ইতিহাসের পাতায়। ফুটবল ইতিহাসে যে নামগুলো সেরাদেরও চেয়েও ‘সেরা’...
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
নিজের প্রথম দুই বিশ্বকাপে (১৯৬৬ ও ১৯৭০) ৪ নম্বর জার্সি গায়ে খেলেছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ’৭৪-এ তৃতীয় বিশ্বকাপে পরলেন ৫, আর তাতেই ধরা দিল সাফল্য। টোটাল ফুটবলের ফেরিওয়ালা ক্রুইফ-রাইনাস মিশেল জুটিকে জব্দ করে হাতে তুলে নিলেন বিশ্বকাপের শিরোপা—অধিনায়ক হিসেবে। নব্বইয়ে কোচ হিসেবে তাঁর শিকার পৃথিবীর অন্যতম আলোচিত ‘১০’ ম্যারাডোনার আর্জেন্টিনা। কোচ ও অধিনায়ক দুই হিসেবেই বিশ্বকাপজয়ী একমাত্র এই ফুটবল কিংবদন্তি কখনোই গায়ে চড়াননি ১০ নম্বর জার্সি।
ইয়োহান ক্রুইফ
আয়াক্সে খেলতেন ১৪ নম্বর পরে, জাতীয় দলে পিঠে থাকত ৯ নম্বর। দীর্ঘদিনের এক চোটে জাতীয় দল থেকে নিয়েছিলেন বেশ কিছুদিনের বিদায়। যখন ফিরলেন, তখন ‘৯’ দখলে চলে গেলে অন্য খেলোয়াড়ের। অগত্যা ক্লাবের ১৪ নম্বরকেই জাতীয় দলের জার্সির পেছনে নিয়ে নিলেন। এই ‘১৪’ই তাঁকে নিয়ে গিয়েছিল সাফল্যের চূড়ায়। ’৭৪-এর ফাইনালে জার্মানির বিপক্ষে তাঁর গায়ে ছিল ওই ১৪ নম্বর জার্সিই।
জাঁ ফন্টেইন
চার বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর গোল ১৫। জার্মানির মিরোস্লাভ ক্লোসাও এবার ধরে ফেলেছেন সেই রেকর্ড। কিন্তু তাই বলে এক বিশ্বকাপেই ১৩ খানা গোল? জাঁ ফন্টেইনের এই রেকর্ড আদৌ কেউ ভাঙতে পারবে কি না, কে জানে! ১৯৫৮ সালে এক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার বল জালে জড়ানোর অনন্য রেকর্ড তিনি গড়েছিলেন ‘৯’, ‘১০’, ‘১১’—কোনোটিই নয়, ১৭ নম্বর জার্সি পরে!
ইউসেবিও
’৬৬-র বিশ্বকাপে দুনিয়া কাঁপিয়ে দেয়া ইউসেবিওকে রাখতেই হবে ফুটবল-কিংবদন্তিদের তালিকায়। পর্তুগিজ ‘কালো চিতা’ কত নম্বর জার্সি পরতেন জানেন? আনলাকি থার্টিন, ১৩। তোরো মানেই যে দুর্ভাগ্য নয়, এই বক্তব্যের পক্ষে সবচেয়ে জোরালো উদাহরণ ইউসেবিও। ১৩ নিয়েই সেবার গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।
জার্ড মুলার
দুই বিশ্বকাপ খেলে জার্মান কিংবদন্তি জার্ড মুলার গড়েছিলেন ১৪ গোল করার রেকর্ড। রোনালদো ২০০৬-এ সেই রেকর্ড ভেঙে দেওয়ার আগ পর্যন্ত তা টিকে ছিল ৩২ বছর। তাঁর জার্সিতেও শোভা পেয়েছে আনলাকি থার্টিন। মজার ব্যাপার হলো, জার্ড মুলারের উত্তরসূরি গত বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা টমাস মুলারও জার্সিতে নিজের নামের সঙ্গে ১৩ নম্বরই বেছে নিয়েছেন।
পাওলো রসি
সত্তরের দশকের শেষ দিকে ইতালি একটা অদ্ভুত ব্যাপার করেছিল। রক্ষণভাগের খেলোয়াড়দের ছোট সংখ্যামান আর আক্রমণভাগের খেলোয়াড়দের বড় সংখ্যামানের জার্সি দেওয়ার নিয়ম করেছিল তারা। সেই নিয়ম মেনে পাওলো রসি প্রথমে খেলতেন ২১ নম্বর পরে। মাঝে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে দুই বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। ফিরেই ১৯৮২ বিশ্বকাপে জিতলেন গোল্ডেন বুট। তখন তাঁর জার্সিতে লেখা ছিল ২০ নম্বর।
ববি মুর
১৯৬২ বিশ্বকাপে ববি মুর জার্সিতে লিখিয়েছিলেন ১৬ নম্বর। ’৬৬-র বিশ্বকাপে ৬ নম্বর জার্সি পরেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর সেই ‘৬’-এর জাদুতেই কি না কে জানে, দুই ছয়ের সালে বিশ্বকাপ জিতেছিল ববি মুরের ইংল্যান্ডই।
রোমারিও
১৯৯৪-এর বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী ব্রাজিলীয় এই তারকা পরতেন ১১ নম্বর জার্সি। ২৪ বছর পর ব্রাজিলকে আবারও বিশ্বকাপ শিরোপা ফিরিয়ে দেয়ার নায়ক রোমারিও ১১ নম্বর জার্সিকে সে সময় বিখ্যাতই করে তুলেছিলেন।
গ্যাব্রিয়েল বাতিস্তুতা
১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টাইন তারকার চোখ ধাঁধানো সেই হ্যাটট্রিক নিশ্চয়ই ভুলে যাননি ফুটবল-ভক্তরা। ম্যারাডোনার বিদায়ের পর আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ হয়ে ওঠা গোলমেশিন বাতিস্তুতা সব সময়ই খেলেছেন ৯ নম্বর পরে।
ক্লদিও ক্যানিজিয়া
আর্জেন্টিনার আরেক সেনসেশন। নব্বইয়ের বিশ্বকাপে ব্রাজিলকে ‘শেষ’ করে দেওয়া তাঁর সেই গোলটির কথা নিশ্চয়ই মনে আছে অনেকের। ম্যারাডোনার সঙ্গে তাঁর গড়ে ওঠা যুগলবন্দীই সেবার আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে। তিনি খেলতেন ৯ নম্বর জার্সি পরে। নির্দিষ্ট করে বললে আর্জেন্টিনা দলে তিনি ছিলেন ৯ নম্বর জার্সির ক্ষেত্রে বাতিস্তুতার পূর্বসূরি। মাদক-টাদক নিয়ে নিজের নামটা সেভাবে ফোটাতে পারেননি তিনি। তবে বিশ্বকাপের আলোচিত তারকা হিসেবে তাঁর কথা কিন্তু এসে যায় স্বয়ংক্রিয়ভাবেই।