'১১১' হলেই শেফার্ড দিতেন লাফ

এক সময় ক্রিকেটের খুব পরিচিত দৃশ্যগুলোর একটি ছিল সেটি। স্কোরবোর্ডে ‘১১১’ উঠলেই দর্শকেরা বা টিভি ক্যামেরা খুঁজে নিত তাঁকে। তিনিও ছোট্ট একটা লাফ দিতেন। এটাই ছিল ডেভিড শেফার্ডের ‘ট্রেডমার্ক’।
কোনো দলের স্কোর যখন ১১১ হতো, তখন তিনি মাঠে এক পা তুলে দিতেন লাফ! এর জন্য সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন তিনি। যখনই আম্পায়ারিং করতে নামতেন, এই লাফ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত সবাই। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল এ রকম ভঙ্গি কেন করেন? বলেছিলেন, ‘এই “১১১” হলো ক্রিকেটারদের জন্য অপয়া স্কোর! এই স্কোরে অনেক সময় খেলোয়াড়েরা আউট হয়ে যায়। যাতে আউট না হয়, সে জন্য আমি এক পা তুলে লাফ দিই।’
শুধু এই লাফটির জন্য নয়, শেফার্ড ক্রিকেটের সর্বকালের সেরা আম্পায়ারদের একজন বলেই তাঁকে এখনো মনে রেখেছে সবাই। শুধু আম্পায়ারিং করেও যে তারকা হওয়া যায়, শেফার্ডই প্রথম সেটি দেখিয়েছিলেন।
১৯৪০ সালের ২৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিডফোর্ড ডেভনে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার। তিনিও একসময় ক্রিকেট ও রাগবি খেলতেন। শেফার্ড স্কুলে পড়ার সময়ই ক্রিকেট খেলা শুরু করেন। ১৯৬৫ সালে তাঁর প্রথম শ্রেণীর ক্যারিয়ার শুরু হয়। ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। অবশ্য কখনো জাতীয় দলে খেলার সুযোগ হয়নি। ১৯৭৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু আসল ‘ক্যারিয়ার’ শুরু হয় অবসর নেওয়ার পরই!
প্রথমে কোচ হিসেবে যাত্রা শুরু করেন। খুব দ্রুতই আম্পায়ার হিসেবে পরিচিতি পান। ১৯৮১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ার হিসেবে তাঁর যাত্রা শুরু। খুব দ্রুত একজন সত্ ও দারুণ ক্রিকেটজ্ঞানসম্পন্ন আম্পায়ারে পরিণত হন। ১৯৮৩ বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হন। ১৯৮৫ সালের অ্যাশেজ সিরিজে তাঁর টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হয়। এরপর থেকে ক্রিকেটারদের কাছে খুব আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হন। বিশেষ করে তাঁর স্থূলকায় গড়ন সবার নজর কাড়ে। মাঠে তিনি ছিলেন খুব আমুদে। তাঁর ভুবনভোলানো হাসি ভোলার নয়।
যখন চার-এর সংকেত দেখাতেন, তখন তাঁর হাতকে এমনভাবে নাড়াতেন যা দেখলে মনে হতো তিনি মাঠে নাচছেন! এখনকার যুগের ক্রিকেটের দর্শকেরাও শেফার্ডের সেই মোহনীয় ভঙ্গির চারের সংকেত দেখিয়ে মাঠে আনন্দ করেন। শেফার্ড একমাত্র আম্পায়ার যিনি ১০টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অন্তত একটি করে টেস্টে আম্পায়ারিং করেছেন। এক অনন্য রেকর্ড বটে! ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারিং করেন।
একবার তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। ২০০১ সালে পাকিস্তানের সঙ্গে ওল্ড ট্রাফোর্ড টেস্টে তিনজন ইংলিশ ব্যাটসম্যানকে ‘নো বলে’ আউট দেন। ইংল্যান্ড ওই ম্যাচে হেরেছিল। পরে অবশ্য তিনি ভুল বুঝতে পেরেছিলেন। শেফার্ড আইসিসির প্রথম এলিট প্যানেল আম্পায়ার ছিলেন। এলিট প্যানেল গঠিত হয় ২০০২ সালে। ২০০৫ সালে অবসরের আগপর্যন্ত এলিট প্যানেলে যুক্ত ছিলেন। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট দিয়ে আম্পায়ারিং থেকে অবসর নেন। ম্যাচ শেষে আইসিসি তাঁকে বিশেষভাবে সম্মানিত করে।
মহান মানু্ষটি ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। ২০০৯ সালের ২৭ অক্টোবর জীবনের আম্পায়ার তর্জনি উঁচিয়ে তাঁকে ‘আউট’ ঘোষণা করে। শেফার্ডের মৃত্যুর পর আম্পায়ার সাইমন টোফেল বলেছিলেন, ‘তিনি খেলার সময় পরিবেশটা এত সহজ আর হাসিখুশি রাখতেন যে সব খেলোয়াড় একে অপরের সঙ্গে সহজ হয়ে যেত। এ কারণে বিশ্বের সব দেশের ক্রিকেটারদের কাছে তিনি পরিপূর্ণ সম্মান পেয়েছিলেন।’
আজকে তাঁর শুভ জন্মদিন। এ দিনে সেই মোহনীয় হাসির ছবিটিই ফিরে আসছে। আর ফিরে আসছে নেলসন হলেই এক পায়ে দেওয়া তাঁর লাফটির কথা। হয়তো তিনি ক্রিকেটার ছিলেন না। কিন্তু খেলার প্রতি তাঁর যে অবদান, মানুষ তাঁকে সব সময় মনে রাখবে। যত দিন ক্রিকেট থাকবে, ডেভিড শেফার্ড তত দিন থাকবেন হূদয়ে।