'১৩ একটা অসাধারণ সংখ্যা'

‘ক্লে কোর্টের রাজা’ বলে স্বীকৃতি পেয়ে গেছেন অনেক আগেই। ক্লে কোর্টের সীমানা ছাড়িয়ে যেকোনো কোর্টেই এখন অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। গত পরশু ইউএস ওপেনে দ্বিতীয় শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনের নির্বাচিত অংশ
অভিনন্দন রাফা, দারুণ একটা ম্যাচ হলো। আপনার অনুভূতি নিয়ে কিছু বলুন। ম্যাচের পর তো আপনি কোর্টেই শুয়ে পড়েছিলেন...
রাফায়েল নাদাল: ধন্যবাদ, অনেক কিছুর জন্যই এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন মৌসুম। আমি এখানে নিজের সুযোগ কাজে লাগাতে সবকিছুই ঠিকমতো করেছি। এমন একজনের বিপক্ষে খেলতে হয়েছে, যে শুধু ইতিহাসের অন্যতম সেরাই নয়, নাম্বার ওয়ানও। তার ওপর এটা ছিল ওর প্রিয় কোর্টে। আমাকে তাই প্রায় নিখুঁত খেলতে হয়েছে। এটা দারুণ একটা ব্যাপার।
মাঝখানে প্রায় সাত মাস আপনি খেলা থেকে দূরে ছিলেন। নিজেকে কতটুকু ক্ষুধার্ত মনে হয়েছে?
নাদাল: আমি আসলে ক্ষুধার্ত ছিলাম না। কখনোই ভাবিনি, এমন কিছু ঘটবে। আমি শুধু ফিরতে পেরেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু এ বছর এতসব অর্জন? না, আসলেই ভাবিনি। এটা আসলে আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু। যা হয়েছে, সেটার জন্য নিজেকে সৌভাগ্যবানও মনে করি। এটা সত্যি, আমি অনেক খেটেছি, কিন্তু এ রকম কিছু পেতে হলে ভাগ্যের ছোঁয়াও দরকার।
১৩টি স্লাম জিতলেন। ২৩ হাজার দর্শক আপনার জন্য গলা ফাটাল। বিশ্বে অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে। আপনার কী ধারণা, মানুষ হিসেবে আপনি এতটা ‘স্পেশাল’ কেন?
নাদাল: এই উত্তরটা দেওয়ার জন্য আমি বোধ হয় সঠিক মানুষ নই (হাসি)। আমি শুধু বলতে পারি, আমি সৎ থাকার চেষ্টা করি। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করি। কোর্টে আমি সব সময়ই ইতিবাচক থাকি। সবকিছু ঠিকমতো হোক বা না-হোক, সেটা নিয়ে নেতিবাচক মনোভাব দেখাই না। কোর্টের বাইরে আমি সবাইকে অটোগ্রাফ দেওয়ার চেষ্টা করি, চেষ্টা করি ছবি তোলার আবদার মেটাতে। আমি সাধারণ মানুষের মতোই থাকি (হাসি)।
গ্র্যান্ড স্লাম সংখ্যায় শুধু পিটার (সাম্প্রাস) ও রজারই (ফেদেরার) আপনার সামনে। এটাকে কীভাবে দেখেন? আপনার বয়স তো মাত্র ২৭, ওঁদের ধরার আশা করেন?
নাদাল: আজ আমি শুধু উপভোগ করতে চাই (হাসি)। যা হয়েছে এটাই আমি কখনো ভাবিনি, কল্পনাও করিনি। আমার কাছে এটা অনেক কিছু। আমি শুধু বলতে পারি, আমি আমার কাজটা করে যাব, পরিশ্রম করব, যাতে ভবিষ্যতে এ রকম টুর্নামেন্ট জেতার আরও সুযোগ পাই। আপনি কখনোই বলতে পারবেন না, এটার শুরু বা শেষ কোথায়, কিন্তু ১৩ একটা অসাধারণ সংখ্যা।
এরই মধ্যে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন জিতেছেন। কিন্তু আপনাকে ধরা হয় ক্লে কোর্টের সর্বকালের সেরা। রোলাঁ গাঁরোতে আটটি শিরোপা জিতে আপনি নিশ্চয়ই গর্বিত। কিন্তু এখন আপনি প্রমাণ করেছেন আপনি হার্ড কোর্টের সেরাদেরও একজন। এটা কীভাবে দেখেন?
নাদাল: না, না, ছয় ঘণ্টা আগেও আমি জানতাম, আমি হার্ড কোর্টের ভালো খেলোয়াড়। ক্লে কোর্টে আমি এত কিছু জিতেছি, আমি বুঝি সবাই এটা কেন বলে। তার মানে কিন্তু এই নয়, আমি অন্য কিছু কম জিতেছি। উইম্বলডনে আমি বোধ হয় পাঁচটি ফাইনাল খেলেছি। হ্যাঁ, পাঁচটাই তো। ইউএস ওপেনে তিনটি ফাইনাল খেলেছি। অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছি দুবার।
এ বছর আপনি হার্ড কোর্টে এখনো হারেননি...
নাদাল: সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি হারব (হাসি)। সবাইকেই হারতে হয়।
এক বছর আগে ইউএস ওপেনের ফাইনালটা আপনাকে টিভির সামনে বসে দেখতে হয়েছিল। তখন আপনি আসলে কী ভাবছিলেন?
নাদাল: আমি ম্যাচটা উপভোগ করছিলাম। এটা ছিল দুজন দুর্দান্ত খেলোয়াড়ের অসাধারণ একটা ম্যাচ। আমি খেলার ভক্ত, টেনিসেরও। বাসায় সোফায় বসে আমি ফাইনালটা দেখছিলাম। খেলতে না পারাটা কঠিন ছিল, কিন্তু টেলিভিশনে সেটা দেখা খুব বেশি কঠিন ছিল না। আমি অনেক গ্র্যান্ড স্লামে খেলেছি, সেগুলোর অনেক ফাইনালও আমাকে টেলিভিশনে দেখতে হয়েছে (হাসি)।
নোভাকের (জোকোভিচ) কোচ বলছিলেন, টেনিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাফায়েল নাদালকে প্যারিসে হারানো। এখন তো রাফায়েলকে যেকোনো কোর্টে হারানোই টেনিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সামনের বছর আপনার চ্যালেঞ্জ কী? ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম?
নাদাল: না, আমার চ্যালেঞ্জ মৌসুমটা ভালোভাবে শেষ করা, ভালোভাবে খেলা, প্রতিযোগিতার মনোভাবটা ধরে রাখা। এরপর পরের মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া। এই মৌসুমটা দারুণ কেটেছে, আমি সেটাই ধরে রাখার চেষ্টা করব। আর সব কটি গ্র্যান্ড স্লাম জেতা এই সময়ে সবার জন্যই অসম্ভব। আমি এ রকমই ভাবি। আপনি দেখেন, একটা টুর্নামেন্ট জিততেই আপনাকে রজার, অ্যান্ডি, নোভাকের বিপক্ষে জিততে হবে। আমার লক্ষ্য খেলতে থাকা, উপভোগ করতে থাকা ও সুস্থ থাকা।