‘২০০ রান কম হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে অনেক চ্যালেঞ্জ। প্রিমিয়ার লিগ আবার মাঠে গড়ালে বড় ইনিংসের বন্ধ্যাত্ব ঘোচাতে হবে। ওল্ড ডিওএইচএসকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য আছে। এরপর খেলতে যাবেন ইংল্যান্ডের কেন্টে। নিজেকে ফিরে পাওয়ার এই লড়াইয়ে ব্যাটিং নিয়ে হতাশার কথাও জানালেন মোহাম্মদ আশরাফুল খেলাটেলা নেই। প্রিমিয়ার লিগও বন্ধ হয়ে আছে। কীভাবে সময় কাটছে?মোহাম্মদ আশরাফুল: খুবই বিরক্তিকর সময় কাটছে আসলে। বিপিএলের পর এশিয়া কাপের জন্যও খেলা বন্ধ থাকল। এরপর খেলা শুরু হয়ে দুই ম্যাচ পর আবার বন্ধ। এ রকম পরিস্থিতি আমাদের মতো জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দেরই বেশি বিপদে ফেলে দেয়। কিছুই করার থাকে না। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আপনার দল ওল্ড ডিওএইচএস। হতাশাটা কি সে কারণেই বেশি?আশরাফুল: তা তো অবশ্যই। বারবার এমন বিরতি পড়লে টিম স্পিরিট নষ্ট হয়ে যায়। আর ব্যক্তিগতভাবে আমারও ক্ষতি হচ্ছে। মনে আছে, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পরও এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাতীয় লিগে এক ম্যাচ খেলার পর এক দিনের বৃষ্টিতে খেলাই বন্ধ! ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। কিন্তু খেলা বন্ধ হয়ে যাওয়ায় সেই ধারাটা ধরে রাখতে পারিনি। লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে করেছেন ৩৫৫ রান, পেয়েছেন ২০ উইকেট। এই পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট?আশরাফুল: পুরোপুরি সন্তুষ্ট বলব না। অন্তত ২০০ রান কম হয়েছে। তবে বোলিং, অধিনায়কত্ব নিয়ে আমি খুশি। লিগে আমার দল ভালো করছে, এটাকেই আসলে বড় করে দেখতে চাইছি। আর এখনো তিন ম্যাচ বাকি আছে। এই তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করা সম্ভব। চেষ্টা করব তিন ম্যাচেই বড় ইনিংস খেলতে। জাতীয় দলের বাইরে আছেন। এবারই কি পারফরম্যান্সটা আরও ভালো হওয়া উচিত ছিল না?আশরাফুল: সব ম্যাচেই কিন্তু ভালো খেলেছি আমি। হয়তো বড় রান হয়নি। ২০-৩০ রান করে আউট হয়ে গেছি। আগে এ রকম রান করে ফেললে বড় ইনিংস খেলে ফেলতাম। এবার সেটা হয়নি। দর্শক হয়ে এশিয়া কাপ দেখতে কেমন লাগল?আশরাফুল: অসাধারণ খেলেছে বাংলাদেশ। কেউই এতটা আশা করেনি, আমিও না। তবে বিতর্কিত সময়ে ভালো খেলার উদাহরণ আমাদের আগেও আছে। ১৪ জন খেলোয়াড় আইসিএলে চলে যাওয়ার পর প্রথম ম্যাচেই কিন্তু আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম। পুরো সিরিজটাই ভালো খেলেছিল বাংলাদেশ। এবারও তামিম, মুশফিকের অধিনায়কত্ব, প্রধান নির্বাচকের সরে যাওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে এশিয়া কাপ শুরুর আগে। এরপর অমন পারফরম্যান্স!  আফসোস লাগেনি? এত বড় একটা সাফল্যের অংশ হতে পারলেন না...আশরাফুল: না, আফসোস হয়নি। বিপিএলে ভালো খেলার পরও মনে হয়েছিল, জাতীয় দলে ফিরতে হলে আমাকে আরও ভালো খেলতে হবে। গত বছর আমার পারফরম্যান্স ভালো ছিল না। ব্যাটিং ভালো হয়নি ঘরোয়া ক্রিকেটেও। তবে প্রিমিয়ার লিগের তিনটা ম্যাচ ছাড়াও জাতীয় লিগে একটা ম্যাচ বাকি আছে এখনো। এই চার ম্যাচেই ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। আবার তো ইংল্যান্ডে যাচ্ছেন খেলতে। এবার কোথায় খেলবেন?আশরাফুল: এ মাসের শেষ দিকে কেন্টে যাব। সেখানকার স্যাটারডে লিগ খেলব ব্ল্যাকহিথের হয়ে। লিগ চলবে সেপ্টেম্বর পর্যন্ত। দেশে কোনো দলে ডাক না পেলে পুরো টুর্নামেন্ট খেলেই ফেরার ইচ্ছা। এ ছাড়া ল্যাশিংস বিশ্ব একাদশের হয়ে কয়েকটা প্রীতি ম্যাচও খেলব ইংল্যান্ডে। সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলেন এতে। গতবারও আমি খেলেছিলাম। এ ধরনের লিগ খেলে আসলে কি কোনো লাভ হয়? নাকি খেলার মধ্যে থাকার জন্যই খেলা?আশরাফুল: লাভ তো অবশ্যই আছে। আমিই দলের একমাত্র বিদেশি খেলোয়াড়। আমার ওপর চাপ থাকবে...সবার আশা থাকবে, আমি ব্যাটিং ভালো করব, বোলিং ভালো করব। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য শেখার বড় একটা জায়গা হতে পারে এ ধরনের লিগ।