‘২০০৬-এর স্মৃতি কখনোই ভুলব না’
ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক। জিতেছেন ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা পুরস্কার। ইউরোপীয় ফুটবলে যে ডিফেন্ডারকে দলে টানতে একসময় ক্লাবগুলোর মধ্যে চলত প্রতিদ্বন্দ্বিতা, তিনিই এখন খেলছেন আরব আমিরাতের আল আহলি ক্লাবে। ফিফা ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে অতীত স্মৃতিচারণার পাশাপাশি ফ্যাবিও ক্যানাভারো বলেছেন আমিরাতের জীবন এবং এই অঞ্চলের ফুটবল নিয়ে ইউরোপে সফল ক্যারিয়ারের পর খেলছেন দুবাইতে। কেমন কাটছে? ফ্যাবিও ক্যানাভারো: এখানে আমি সত্যিই উপভোগ করছি। সুন্দর এই শহরে আকর্ষণ করার মতো অনেক কিছুই আছে। আমি থাকি আল নাকলা দ্বীপে। জায়গাটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। পেশাদার ফুটবলে কুড়ি বছর কাটিয়ে দেওয়ার পর আমার এবং আমার পরিবারের জন্য এটা দারুণ এক অভিজ্ঞতা। আমিরাতের ফুটবলকে কীভাবে দেখছেন? এই অঞ্চলের ফুটবল সম্পর্কেই বা আপনার মত কী?ক্যানাভারো: সংযুক্ত আরব আমিরাতের ফুটবল দ্রুত উঠে আসছে। এখানে এখন অনেক মেধাবী উঠতি ফুটবলার। ক্লাব-ব্যবস্থাপনাও আগের চেয়ে অনেক ভালো। ইউরোপ এবং এই অঞ্চলের খেলার পার্থক্যটা কী?ক্যানাভারো: পার্থক্যটা হলো, ইউরোপে একটা সপ্তাহে অনেক ম্যাচ খেলতে হয়। সেখানে শারীরিক সক্ষমতাটা একটা ব্যাপার। সারা বছর যদি মাঠে থাকতে চান, পুরো ফিট থাকতে হবে আপনাকে। কিন্তু ওটা এখানে পাবেন না। ঘন ঘন খেলা হয় না এখানে। ফুটবল খেলাটাকে তাই চাপমুক্ত একটা কাজের মতোই মনে হয়। ২০১০ সালটা ইতালির জাতীয় দলের ভালো কাটেনি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দিকে তাকিয়ে কী মনে হয় আপনার?ক্যানাভারো: দলে আসা নতুন খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় গড়ে ওঠার পর্যাপ্ত সময় পাইনি আমরা। অনেক খেলোয়াড়ই বড় চাপের মধ্যে ছিল। প্রথম পছন্দের অনেক খেলোয়াড়, যেমন ধরুন পিরলো, ইনজুরির কারণে বাইরে থাকতে বাধ্য হয়েছে। আপনি কি মনে করেন, ইতালি আবার ঘুরে দাঁড়াবে? নতুন কোচ সিজার প্রানদেল্লিকে নিয়ে দলের ভবিষ্যৎ কেমন দেখছেন?ক্যানাভারো: আমাদের প্রজন্মের খেলোয়াড়েরাই সেরা ছিল। যদি আমরা বিশ্বকাপ জিততে চাই, তাহলে দলে নতুন মেধাবী উঠতি খেলোয়াড় নিয়ে আসতে হবে। কিছুটা সময় লাগবে, কিন্তু প্রানদেল্লি ভালো কোচ। তরুণ খেলোয়াড়দের নিয়ে ভালো করছেন তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। জাতীয় দলটাকে কি মিস করেন?ক্যানাভারো: হ্যাঁ, ইতালির হয়ে খেলাটা মিস করি আমি। ক্যারিয়ারের পুরোটা সময়ই জাতীয় দলে খেলেছি। সর্বকালের সবচেয়ে বেশি ম্যাচ খেলা আজ্জুরি-খেলোয়াড় আমি। কিন্তু শেষ টানার সময়টা আমার এসে গিয়েছিল। ২০০৬ সালে ইতালির অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। চার বছর পর জোহানেসবার্গেও ভিন্ন কারণে ট্রফিটা হাতে নিতে হয়েছিল। পরের অনুভূতিটা কেমন?ক্যানাভারো: ট্রফিটা হস্তান্তর করতে পেরে আমি গর্বিত। কারণ, এটা আমাকে মনে করিয়ে দিয়েছিল বার্লিনের সেই আলোকোজ্জ্বল রাতের কথা। ২০০৬ সালের সেই মুহূর্তগুলো আমার কাছে বিশেষ কিছু, যার কথা কখনোই ভুলব না। ইতালির ফুটবলের খোঁজখবর কতটা রাখেন?ক্যানাভারো: আমি এখনো ইতালি এবং স্প্যানিশ লিগের ম্যাচগুলো দেখি। এটা ভালোবাসা থেকেই। ইন্টার মিলানের ক্লাব বিশ্বকাপ জয় ইতালিয়ান ফুটবলকে সাফল্য এনে দিয়েছে। এই সাফল্য কোনো ইতালীয় ক্লাব ধরে রাখতে পারবে বলে মনে করেন আপনি?ক্যানাভারো: সারা বছর একটা ক্লাবের শীর্ষে থাকাটা কঠিন ব্যাপার। তবে ইতালির ক্লাবগুলো সব সময়ই ফেবারিটদের তালিকাতেই থাকে। গত ডিসেম্বরে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজন-স্বত্ব দেওয়া হয়েছে রাশিয়া ও কাতারকে। আয়োজক হিসেবে ফিফার এই দুই দেশকে বেছে নেওয়া সম্পর্কে আপনার মতামত কী?ক্যানাভারো: যত বেশি সম্ভব ভিন্ন ভিন্ন দেশে বিশ্বকাপ আয়োজন করাটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখি আমি। এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন অভিজ্ঞতা সব সময়ই সহায়ক। আয়োজক দেশের ফুটবলেও উন্নতি আসবে। সিরো ফেরারার সঙ্গে মিলে চ্যারিটি ফাউন্ডেশন ক্যানাভারো-ফেরারা প্রতিষ্ঠা করেছেন। কারণটা কী বলবেন?ক্যানাভারো: আমি নাপোলিতে জন্মেছি। এই শহরের মানুষকে, বিশেষ করে, যারা অভাবী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ক্যানাভারো-ফেরারা ফাউন্ডেশনের জন্ম।