তাঁর গোলেই সাফ গেমস ফুটবলে প্রথম সোনা। এশিয়ার ফুটবলে ‘মাসের সেরা খেলোয়াড়’-এর স্বীকৃতি। ঘরোয়া ফুটবলে এক শর বেশি গোল। এসব ছাপিয়ে আলফাজ আহমেদ-এর বড় পরিচয় বাংলাদেশের ফুটবলে একটা প্রজন্মের সর্বশেষ বড় তারকা। গত রোববার ফুটবল-জীবনের ইতি টেনেছেন। পেছনে রেখে গেছেন স্মরণীয় সব অর্জন। মাসুদ আলমকে দেওয়া অবসর-পরবর্তী এই সাক্ষাৎকারে উঠে এল তাঁর ফুটবল-জীবনের অনেক অজানা কথাও
‘২৩টা গোলাপও বিশাল প্রাপ্তি’
অবসর নেওয়ার আগে-পরে বিদায়ের অনুভূতি জানিয়েছিলেন। তবু এই মুহূর্তে যদি আবার একটু বিদায়ের দিনটায় ফিরে যান...আলফাজ আহমেদ: রোববার বিদায়ের অনুভূতিটা পুরোপুরি বুঝতে পারিনি। পরদিন সকাল থেকে ফোন আসা শুরু করল অনেকের, তখনই মনে হয়েছে, আসলে বিশাল একটা জগৎ আমি ছাড়লাম। যেখানে আনন্দ ছিল, দর্শকের করতালি, ভালোবাসা ছিল। এখন আর অনুশীলনে যাচ্ছি না, আর ম্যাচ খেলব না, কোনো লক্ষ্য নেই। একটা শূন্যতা লাগছেই। রাতে যখন বাসায় ফিরলেন, পরিবারের লোকজন কী বলল?আলফাজ: রাতে বাসায় ফিরলাম ২৩টা গোলাপ ফুল নিয়ে। এগুলো মাঠে আমাকে দিয়েছে আমার এক খেলার সাথি, ওর নাম শাহজাদা। জাপান থেকে শাহজাদা শুধু আমার অবসর উপলক্ষেই ঢাকায় এসেছে। ২৩ বছরের লম্বা ক্যারিয়ারের জন্য ২৩টা গোলাপ, এটাও বিশাল প্রাপ্তি জীবনে। ওই গোলাপগুলো স্ত্রীকে উপহার দিলাম। তাঁকে তখন দেখে মনে হচ্ছিল, আমার মতোই সে শূন্যতা অনুভব করছে। আমার দুই ছেলে ও এক মেয়ে ঠিক বুঝতে পারেনি যে, আমি খেলা ছেড়ে দিয়েছি। শুরুর সেই সময়ের সঙ্গে শেষটার কোনো মিল কি খুঁজে পেয়েছেন?আলফাজ: শুরুটা ছিল অন্য রকম। ১৯৯৫ সালে প্রথম মোহামেডানের জার্সি গায়ে আবাহনীর বিপক্ষে জয়সূচক গোল করেছিলাম। পরদিন সব পত্রিকায় আমার বড় বড় ছবি ছাপা হয়। শেষ দিনেও দেখলাম, আমার বড় বড় ছবি, আমাকে নিয়ে লেখা। সেই অর্থে শুরু আর শেষে মিল আছে। পার্থক্য শুধু প্রথম ম্যাচে গোল করেছিলাম, শেষ ম্যাচে সেই মোহামেডানের জার্সি পরে আবাহনীর বিপক্ষে গোল করতে পারিনি। আপনি দীর্ঘ কুড়ি বছর শীর্ষ ফুটবলে দাপিয়ে খেললেন। ফিটনেস ধরে রাখলেন কীভাবে?আলফাজ: আমি আসলে অনুশীলনটা সিরিয়াসলি করতাম। সব সময় সবার আগে থাকতে চাইতাম। ছয়টায় অনুশীলন থাকলে আমি আধঘণ্টা আগেই চলে যেতাম। অনুশীলনের পর যে একটা রেস্টেরও ব্যাপার আছে, দু-তিন ঘণ্টা মাসলগুলোকে বিশ্রাম দেওয়া, এটা আমি খুব মেনে চলতাম। পুষ্টিকর খাওয়াদাওয়া করতাম। আর সব সময় ভাবতাম, ভালো খেলতে হবে। শুরুর সময়ে নিশ্চয়ই কোনো নায়ক ছিলেন। পরে কি ওই নায়কের সঙ্গে খেলার সুযোগ হয়েছে? হলে অনুভূতি কেমন ছিল?আলফাজ: আমার প্রথম জীবনের হিরো ছিলেন সাব্বির ভাই (সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির)। তাঁর সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম প্রথম বিভাগে খেলার সময় থেকেই। ১৯৯২ সালে তখন ছিল প্রথম বিভাগ, আমি ওই বছরই রহমতগঞ্জে ঢুকি। পরের বছর প্রথম বিভাগই ভেঙে প্রিমিয়ার লিগ শুরু হয়। আরমান ওই বছর মোহামেডানে এসেছে, সে বছর আরমান আর সাব্বির জুটি চোখ কেড়েছিল সবার। তখন থেকেই স্বপ্ন, সাব্বির ভাইয়ের সঙ্গে খেলব। সুযোগ মিলল ১৯৯৬ সালে। ফুটবল-জীবনে অনেক গোলই করেছেন। এর মধ্যে সেরা গোল বাছতে বললে কোনটির কথা বলবেন?আলফাজ: ২০০১ সালে নিটল-টাটা জাতীয় লিগে রাজশাহীতে রাজশাহী আবাহনীর সঙ্গে ঢাকা মোহামেডানের ম্যাচ। ওই ম্যাচ ড্র হলে মোহামেডান প্রতিযোগিতা থেকে আউট হয়ে যেত। দুই গোল করে আমরা দুই গোল খাই। আমি ও নকীব মোহামেডানের গোল দুটি করেছিলাম। এরপর ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে জয়সূচক গোলটা করি, ঘরোয়া ফুটবলে এটাই আমার সবচেয়ে স্মরণীয় গোল। কাউন্টার অ্যাটাকে কলকাতার বাসুদেব মন্ডলের থ্রু ধরে আমি বলটা প্লেসিং করি। গোটা স্টেডিয়াম স্তব্ধ। সেবার আমরা চ্যাম্পিয়নও হয়েছিলাম। কাঠমান্ডুতে আপনার গোলেই ১৯৯৯ সাফ গেমসে বাংলাদেশ প্রথম সোনা পায়। সেই হিসাবে আপনি ইতিহাসে ঠাঁঁই করে নিয়েছেন। এটাকে কীভাবে দেখছেন?আলফাজ: আমার গোলে বাংলাদেশ প্রথম সাফ গেমস চ্যাম্পিয়ন হয়েছে, আজও তা ভুলিনি। মজার ব্যাপার, আমি একটি সাফ গেমসই খেলেছি। এ জন্য কাঠমান্ডুর গোলটাকে বেশি স্পেশাল মনে হয়। আপনার সবচেয়ে বড় অর্জন সম্ভবত ১৯৯৬ সালের আগস্টে এশিয়ান ফুটবলে মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। বাংলাদেশের আর কোনো খেলোয়াড়ের যা নেই। ওই অর্জনটা আপনার কাছে কেমন?আলফাজ: এটা বিশাল বড় অর্জন আমার কাছে। ওই বছর ঢাকায় এশিয়ান কাপ উইনার্স কাপে মোহামেডানের হয়ে লাওসের একটা ক্লাবের বিপক্ষে চার গোল করেছিলাম। পরবর্তী লেগে ছিল এক গোল। এটার মাহাত্ম্যটা ফুটবল ফেডারেশনসহ আমরা নিজেরাও হয়তো সেভাবে তখন বুঝতে পারিনি। ক্রেস্টটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। আপনি মোহামেডানেই বেশি খেলেছেন। এর কি আলাদা কোনো কারণ আছে?আলফাজ: ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক আমি। ১৯৮৫ সালে এরশাদ কাপ দিয়ে ফুটবলে যাত্রা শুরুর পর থেকেই সব সময় বিশ্ববিদ্যালয় মাঠে মোহামেডানের অনুশীলন দেখতাম। প্রচুর দর্শক আসত অনুশীলন দেখতে। এখন ওই দর্শক স্টেডিয়ামেও হয় না। ভীষণ খারাপ লাগে। বাংলাদেশের ফুটবলে একটা সোনালি সময়ের সাক্ষী আপনি। বিদায়বেলায় এখনকার ফুটবল দেখে আপনার কেমন লাগে?আলফাজ: আমার শুরুর সময়টায় ছিল অনেক প্রতিদ্বন্দ্বিতা। এখন মাঠে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে ঠিকই, এটাও বিদেশিদের কারণে। প্রতিটি বিভাগে এখন দেশি খেলোয়াড়েরা বঞ্চিত হচ্ছে বিদেশিদের ভিড়ে। স্ট্রাইকার তৈরি হচ্ছে না, এটা বড় বেদনার। সামগ্রিকভাবে দেশের ফুটবলকে কোথায় দেখছেন?আলফাজ: এখন জাতীয় দলে খেলার মতো পর্যাপ্ত মানসম্মত খেলোয়াড় নেই। জাতীয় দলের ফলাফলের ওপরই সব নির্ভর করে। সালাউদ্দিন ভাই চেষ্টা করছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। তবে পেশাদার ফুটবলে আমাদের কোনো অবকাঠামোই নেই। মোহামেডানের মতো দলের অনুশীলন মাঠ নেই, এটা দেশের ফুটবলের জন্য ভালো ইঙ্গিত নয়।আলফাজের চোখে তাঁর সময়ের সে রা এ কা দ শগোলরক্ষকপনিররক্ষণভাগলেফট ব্যাক—মাসুদ রানা, স্টপার— মোনেম মুন্না ও জুয়েল রানা, রাইট ব্যাক—হাসান আল মামুন। মাঝমাঠআরমান, মতিউর মুন্না, জাকির, রঞ্জন। আক্রমণভাগনকীব, আলফাজ।* সেরা একাদশে নিজেকে রাখবেন কি রাখবেন না দ্বিধায় ছিলেন। শেষ পর্যন্ত মনে করছেন দুই স্ট্রাইকারের একজন হিসেবে তাঁরই থাকা উচিত।