'২৭৫, ইজ ইট এনাফ বাবা?'
ইংল্যান্ডের কেন্ট শহরের ওয়েস্টহিল প্রাইমারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সামি কখনো বাংলাদেশ দেখেনি। কিন্তু তার বুকের ভেতর লুকিয়ে আছে এক সবুজ বাংলাদেশ। গত সোমবার লন্ডনে বসে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের খেলা দেখতে দেখতে বাবা বেলাল আহমেদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেয়—‘২৭৫, ইজ ইট এনাফ বাবা?’ ছেলের এমন প্রশ্ন শুনে থমকে যান বাবা। বাংলাদেশের বোলার রুবেলের শেষ বিধ্বংসী বলের আগ পর্যন্ত কেউ জানত না সামির এই প্রশ্নের উত্তর। তাহলে বেলাল আহমেদই বা জানবেন কী করে?
ইংল্যান্ড আর বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচটি যখন অ্যাডিলেডে শুরু হয়, যুক্তরাজ্যে তখন রাত সাড়ে তিনটা। জিতলেই কোয়ার্টার ফাইনালে। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য অনেকে নির্ঘুম রাত কাটিয়ে পরদিন সকালে কাজে গেছেন। পার্টটাইম চাকরিজীবী অপু, সায়েম ও ইমরান একা একা নিজের ঘরে বসে খেলা দেখেছেন। চার, ছক্কা দেখে একাই টেবিল চাপড়েছেন, আবার খারাপ সময়ে ভাবনায় পড়েছেন।
একা একা খেলা দেখার কষ্ট আন্দাজ করে ফটোগ্রাফার মনিরুজ্জামান সন্ধ্যায় ফেইসবুকে স্ট্যাস্টাস দিয়েছেন, ‘কে কে খেলা দেখতে চাও, চলে আসো আমার বাসায়। চা, মুড়ি, চানাচুর ফ্রি!’ আর অ্যাকাউন্টেন্ট এমাদ উদ্দিনের বাসায় তো বাংলাদেশের খেলা এলেই ছোটখাটো একটা সমাবেশ হয়। আশপাশের আত্মীয়-পরিজনদের বাসায় নিয়ে আসেন। খেলা দেখার ফাঁকে চলে আড্ডা, ভূরিভোজ। এমাদ উদ্দিন ইংল্যান্ড দলের খেলোয়াড় মঈন আলীর ভায়রা।
‘ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে, আর আপনি বাংলাদেশকে সাপোর্ট করলেন?’ —এ প্রশ্ন শুনে একটু হেসে এমাদ উদ্দিন বলেন, ‘সবাই জানে, আমরা বাঙালিরা ক্রিকেটের পাগল। ওই পাগলামিটা ধরে রাখতে চাই।’ ইংল্যান্ডকে সাপোর্ট না করার আরও যুক্তি দেখালেন তিনি। বললেন, ‘যুক্তরাজ্যের হয়ে তো কোনো দল নেই। স্কটল্যান্ড, ইংল্যান্ড ভাগ হয়ে খেলে। ইংল্যান্ড যদি স্কটল্যান্ডকে হারিয়ে উল্লাস করতে পারে, তাহলে আমি বাংলাদেশের পক্ষে উল্লাস করলে অসুবিধা কোথায়?’
কিন্তু এত কিছু বোঝে না ছোট্ট সামি। তার সহজ জবাব, ‘আমি এমনিতে ইংল্যান্ডের সমর্থক। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে আমি বাংলাদেশের পক্ষে। কারণ, ওটা আমার পিতা-মাতার দেশ।’
কোনো কোনো ব্রিটিশ মিডিয়া নিজেদের নির্মম হারের কথা স্বীকার করলেও বাংলাদেশকে বাহবা দিতে কুণ্ঠাবোধ করেছে। গতকাল লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম করেছে, ‘পোনা’ বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায়। এমন শিরোনাম দেখে এক বাংলাদেশির মন্তব্য, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দুঃখে তারা এখন বাংলাদেশকে ‘পোনা’ মনে করছে।