‘৫০’ ছুঁবেন দাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু প্রথম রাউন্ডেই হেরে গেছেন। তার পরও কিমিকো দাতে ক্রুমকে ঘিরে আগ্রহের কারণ, তিনি এবারের অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় বলে। বয়স এখন ৪১। উন্মুক্ত যুগে তাঁর চেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককে খেলেছেন শুধু বেভারলি রায়ে, ১৯৭৪ সালে ৪৪ বছর বয়সে।সেই রেকর্ড ভেঙে যাবেই। কারণ, দাতে ক্রুমের ইচ্ছা, খেলে যাবেন ৫০ বছর পর্যন্ত! ১২ বছরের অবসরজীবন কাটিয়ে ফিরেছেন ২০০৮ সালে। ক্যারিয়ারের সেরা সময়টা পেছনে ফেলেছেন প্রথম অবসরের আগেই। একসময় ছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বরে। এখন আর র‌্যাকেটে সেই দ্যুতি নেই। তার পরও খেলে যাওয়ার কারণটা শুনুন তাঁর মুখেই, ‘প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পরও অনেক মানুষ আমার খেলা দেখেছে।’নামের শেষে ‘ক্রুম’ শব্দটি যুক্ত হয়েছে জার্মানির রেসিং ড্রাইভার মাইকেল ক্রুমের সঙ্গে বিয়ের পর। এই বয়সেও খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাটা পান ঘর থেকেই। ‘যত দিন সম্ভব খেলাটা চালিয়ে যাও’ স্বামীর এমন অনুপ্রেরণা পেয়ে স্বপ্ন দেখছেন দাতে, ‘চার বছর আগে আবার শুরু করার সময় ভাবিনি চার বছর খেলতে পারব। ক্লান্ত হয়ে পড়লে থেমে যাব...তবে আমি ঠিক জানি না, সম্ভবত ৪৫ কিংবা ৫০ পর্যন্ত খেলব।’ ওয়েবসাইট।