‘৫০’ ছুয়েও রান-ক্ষুধা আছেই টেন্ডুলকারের
২১ বছর আগে করাচির মাঠে ইমরান খান, আবদুল কাদিরের মতো বোলাররা ১৬ বছরের এক ভারতীয় বালককে দেখে বিস্ময়াবিভূত হয়েছিলেন। ওয়াকার ইউনুসের বলে নাক ফাটিয়েও সে বুক চিতিয়ে লড়েছিল সে সময়ের পটভূমিতে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপের বিরুদ্ধে। জীবনের প্রথম টেস্ট সিরিজেই দুটি হাফ সেঞ্চুরির দেখা পেয়ে গিয়েছিলেন তিনি। ২১ বছর আগে যে তারকার জন্ম হয়েছিল, তিনি আজ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। টেস্ট ক্রিকেটে রয়েছে তাঁর সেঞ্চুরির হাফ সেঞ্চুরি। তিনি যে শচীন টেন্ডুলকার তা বোধ করি নাম উচ্চারণ না করলেও বুঝে ফেলা সম্ভব। নিজের কীর্তিতেই তিনি স্থান করে নিয়েছেন ক্রিকেটের সর্বকালের সেরাদের ক্ষুদ্র তালিকায়।সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এমন এক উচ্চতায় তিনি নিজেকে নিয়ে গেছেন, যেখানে যাওয়ার স্বপ্ন দেখার সাহস করতে পারে খুব কম খেলোয়াড়ই। ক্রিকেটে এত বড় কীর্তি ঘটিয়ে ফেলার পরও টেন্ডুলকার কাল সেঞ্চুরিয়নে ছিলেন আশ্চর্য রকম শান্ত। সেঞ্চুরি পূর্ণ করার পর আকাশের দিকে ব্যাট তুলে কেবল ঈশ্বরকে কৃতজ্ঞতাই জানিয়েছেন। আর মেঘের ফাঁকে খুঁজেছেন ১১ বছর আগে পরলোকগত বাবাকে। সেঞ্চুরির ‘৫০’ উত্সর্গ করেছেন তাঁর প্রেরণাদায়ী বাবাকে। কাকতালীয়ভাবে কাল ছিল বাবা রমেশ টেন্ডুলকারের জন্মদিন। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকায় রান পাহাড়ের নিচে চাপা পড়ে ভারতীয় ব্যাটিংয়ের যখন মুমূর্ষু অবস্থা, ঠিক তখনই এই গ্রেটের ব্যাট জ্বলে উঠল। এই সেঞ্চুরি ম্যাচ বাঁচাতে না পারলেও বিশ্বের সেরা টেস্ট দলের গৌরব কিছুটা হলেও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে কাল উজ্জ্বল হয়ে উঠেছিল টেন্ডুলকারের কীর্তি গাঁথাই। এমন কীর্তি যে টেস্ট ইতিহাসে আর কেউ করতে পারেননি।ক্রিকেট জীবনে সব পেয়েছেন। সম্মান, অর্থ, খ্যাতি সব। ক্রিকেটের রেকর্ড বুকের প্রায় সব জায়গাতেই করেছেন বিচরণ। টেস্ট ও ওয়ানডে মিলে করেছেন ৩২,১১১ রান। ২০ বছর ধরে সর্বোচ্চ সুনাম নিয়ে খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। আর কী লাগে? তার পরও নাকি ক্ষুধা মেটেনি তাঁর। সেই ক্ষুধা আরও রান করার, ভারতকে আরও ম্যাচ জেতানোর, আর নিজ দেশকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার।দক্ষিণ আফিকার বিপক্ষে ৫০তম সেঞ্চুরিটি আবেগে মথিত করেছে টেন্ডুলকারকে। তিনি বলেছেন, ‘এই সাফল্যে আমি কতটা খুশি তা বলে বোঝাতে পারব না। আশা করছি, এখানেই আমি থেমে যাব না।’ টেন্ডুলকারের কণ্ঠে ঝরে পড়ল সেই সাফল্যের ক্ষুধা।এত কিছুর পরও রেকর্ড আর ব্যক্তিগত সাফল্য তাঁর মধ্যে কোনো ‘উনিশ-বিশ’ সৃষ্টি করতে পারে না, যদি না দেশ ভারত সাফল্য পায়। টেন্ডুলকার নিজেই বলেছেন, ‘আমার সব সাফল্য, সব রেকর্ড ভারতের জন্যই। প্রতিবার আমি মাঠে ব্যাটিং করতে যাই, নিজ দেশ ভারতের সাফল্যের স্বপ্ন বুকে নিয়েই।’রেকর্ড নিয়ে যে তিনি ভাবেন না তাঁর সপক্ষে কিছু যুক্তিও তুলে ধরেছেন। বলেছেন, ‘ওয়ানডেতে ৪৬টি সেঞ্চুরি নিয়ে আমি থেমে আছি। যদি রেকর্ডের স্বপ্ন থাকত, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আমি মাঠের বাইরে থাকতাম না। ৩৭ বছর বয়সে অনেক কিছু ভেবে চলতে হয়। এ বয়সে শরীরও অনেক কিছুতে সায় দেয় না।’সাফল্যের নেপথ্য হিসেবে সাফল্যের জন্য ক্ষুধার কথাই বলেছেন ক্রিকেটের সফলতম এ খেলোয়াড়। তিনি বলেছেন, ‘সাফল্যের জন্য সাফল্য ক্ষুধা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষুধাই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ভালো লাগে এ ভেবে যে আমার মধ্যে এই ক্ষুধা এখনো বিদ্যমান।’ ওয়েবসাইট।