‘৫৮’-র ক্ষতে প্রলেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুইটা ওয়ানডেতেই হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পর আজ তৃতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য ছিল সম্মান বাঁচানোর লড়াই। দেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। কিন্তু শেষ পর্যন্ত সাকিব-শফিউল-মুশফিকেরা বল হাতে যা করলেন তাতে নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শুধু প্রথম দুই ওয়ানডে হারই নয়, বিশ্বকাপে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার ক্ষতেও যেন প্রলেপ পড়ল। খেলাধুলায় ‘প্রতিশোধ’ শব্দটা ব্যবহার ঠিক নয়। না হলে একে সেই লজ্জার প্রতিশোধ কিংবা বদলাও বলা যেতে পারে।বাংলাদেশের বিপক্ষে ৬১ রানটা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবীয়রা অলআউট হয়েছিল মাত্র ৫৪ রানে।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। আর সেই সিদ্ধান্তের যথার্থতা চমত্কারভাবে প্রমাণ করলেন সাকিব-শফিউল-নাসির হুসেইনরা। প্রথম ১১ ওভারের মধ্যেই ওপেনার ডানজা হাট ও বিপজ্জনক ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে সাজঘরে পাঠিয়েছিলেন দুই উদ্বোধনী পেসার নাজমুল হোসেইন ও শফিউল ইসলাম। এরপর বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে শুধু আসা-যাওয়াই করেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। ৩৩ রানে দুই উইকেট থেকে পরবর্তী ১০ ওভারের মধ্যে উইন্ডিজ স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৬১ রানে অলআউট। ওপেনার কিরান পাওয়েলের ২৫ ও কার্লোস ব্রাথওয়েটের ১১ রান ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। পাঁচ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।