‘৯৯.৯৪-এর চেয়েও বড় ১০০ সেঞ্চুরি’
১৯৯৬ সালে লর্ডসে সেঞ্চুরি করে টেস্ট অভিষেক। এর পরও পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিনবার এসেছেন ইংল্যান্ডে। আর এবার এসেছেন ধারাভাষ্যকার হিসেবে। লর্ডস টেস্ট শেষে ভারতীয় একটি পত্রিকার সঙ্গে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী ১৫ বছর আগে যেখান থেকে শুরু করেছিলেন, সেই লর্ডসে ফিরে কেমন লাগছে?সৌরভ গাঙ্গুলী: লর্ডস বিশেষ একটা ভেন্যু, এখানে আসাটা আমি সব সময়ই উপভোগ করি। এখানকার পরিবেশটাই অসাধারণ, দুই দলের জন্য সমর্থন সমান। ধারাভাষ্যের কক্ষ থেকে কি মাঝে মাঝে ইচ্ছে হয় না মাঠে নেমে যেতে?সৌরভ: না...না...ক্রিকেট থেকে আমি বিদায় নিয়েছি এবং এ নিয়ে আমি খুশি। খেলোয়াড়ি জীবনটা উপভোগ করেছি, এখন ধারাভাষ্যের কক্ষের সময়টুকুও উপভোগ করছি। খেলার মতো কী ধারাভাষ্যের জন্যও প্রস্তুতি নিতে হয়? সৌরভ: আমি খুব বেশি প্রস্তুতি নিই না। খেলার সময় যা মনে হয় বলি। সত্যি বলতে এই কাজ অনেকটা সহজই। ভারত বিদেশের মাটিতে জিততে শিখেছে আপনার অধিনায়কত্বেই। বিদেশে জিততে হলে কী প্রয়োজন?সৌরভ: প্রথমেই প্রয়োজন আত্মবিশ্বাস। জিততে পারব না—এমন কিছু ভেবে মাঠে যাওয়া যাবে না। এই বিশ্বাসটা আমি সবার হূদয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করেছি এবং দেখে খুব ভালো লাগছে যে এটা অব্যাহত আছে। তবে শুধু আত্মবিশ্বাসই জয় এনে দেবে না, প্রস্তুতি ও মাঠে পারফর্ম করা জরুরি। অধিনায়ক হিসেবে ধোনি কেমন?সৌরভ: ফলাফলেই তো প্রমাণিত ও কেমন অধিনায়ক। তবে ওর সত্যিকারের পরীক্ষা হবে শচীন, রাহুল ও লক্ষ্মণ খেলা ছাড়ার পর। তবে আমি নিশ্চিত, পরিস্থিতি মোকাবিলায় ও প্রস্তুত থাকবে। শচীন, দ্রাবিড়দের পর কে? এটা কী ভারতের জন্য শঙ্কাজনক?সৌরভ: আমি মোটেও চিন্তিত নই। গাভাস্কার, বিশ্বনাথ, ভেংসরকাররা যাওয়ার পরও ভারতীয় ক্রিকেটে শূন্যতার সৃষ্টি হয়নি। শচীন, দ্রাবিড়, গাঙ্গুলী, লক্ষ্মণরা এসে গিয়েছিল। আমার মনে হয়, উপযুক্ত বিকল্প তৈরির সামর্থ্য ভারতীয় ক্রিকেটের আছে। শচীন সেঞ্চুরির সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে, এই অর্জন কতটা বিশাল?সৌরভ: এটা হবে একটা অবিশ্বাস্য অর্জন। আমি কখনোই ভাবতে পারিনি, এই খেলায় এমন কিছু করা সম্ভব। আমার কাছে এই রেকর্ড ক্রিকেটের আর সব রেকর্ডের ওপরে। এর চেয়ে বড় কিছু হতে পার না। আমার মতে এটা ৯৯.৯৪ (ব্র্যাডম্যানের টেস্ট গড়)-এর চেয়েও বড়।