আরিফুল ইসলামমাঠের মুখ
প্লাজা গেট দিয়ে ঢুকলেন হন্তদন্ত হয়ে। সামনে একজনকে পেয়ে তাঁর জিজ্ঞাসা, ‘ভাই, বাংলাদেশ ব্যাটিং শুরু করে ফেলেছে নাকি?’ হঠাৎই খেয়াল করলেন, পাশেই একাডেমি মাঠে ম্যাচ খেলার মতো করে অনুশীলন করছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টেস্ট ম্যাচ ভুলে আপাতত মুগ্ধ চোখে দেখতে থাকলেন মেয়েদের ক্রিকেট।বাংলাদেশের ব্যাটিং দেখতে হবে না? প্রশ্ন শুনে খানিক অপ্রস্তুত কণ্ঠে বললেন, ‘মেয়েদের ক্রিকেট এর আগে দেখিনি তো! অনেক স্লো খেলা। বল করে আস্তে আস্তে, ব্যাট চালায়ও আস্তে, যেন স্লো মোশন রিপ্লে। তবে ভালোই হলো, এক টিকিটে দুটি ক্রিকেট ম্যাচ দেখতে পারছি!’সৌভাগ্যবান এই দর্শকের নাম আশিক আকরাম, ধানমন্ডিতে বাস। বাবা সরকারি চাকুরে। এই নিয়ে দ্বিতীয়বার খেলা দেখতে এলেন এই মাঠে। গত বছর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচটিতে প্রথম এসেছিলেন। কাইল মিলসের স্টাম্প উপড়ে দেওয়ার পর রুবেল হোসেনের সেই দৌড় নাকি এখনো তাঁর চোখে ভাসে। ঢাকা কলেজের মনোগ্রামসহ শার্ট ঝুলিয়ে রেখেছেন কাঁধে। ঢাকা কলেজ থেকেই উচ্চমাধ্যমিক পাস করেছেন এবার, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়ও উতরে গেছেন। স্বপ্ন ডাক্তার হওয়া। কারণ? সহাস্য উত্তর, ‘ডাক্তার হলে অনেক টাকাপয়সা, জীবনটা নিশ্চিত হয়ে যায়!’