জা না অ জা না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 তৃতীয় আম্পায়ারের আউট দেওয়া প্রথম ব্যাটসম্যান টেন্ডুলকার। ১৯৯২ সালে ডারবান টেস্টের দ্বিতীয় দিনে রানআউট হয়েছিলেন জন্টি রোডসের থ্রোতে।
 ১৯৯০ সালে ইংল্যান্ড সফর থেকে ফেরার সময় মুম্বাই এয়ারপোর্টে প্রথম দেখেন অঞ্জলি মেহতাকে। পাঁচ বছরের প্রেম পরিণয়ে রূপ পায় ১৯৯৫ সালে, ছয় বছরের বড় অঞ্জলিকে বিয়ে করেন টেন্ডুলকার। গুজরাটের শিল্পপতি আনন্দ মেহতা ও ব্রিটিশ সমাজকর্মী অ্যানাবেল মেহতার মেয়ে অঞ্জলি ব্যক্তিগত জীবনে ছিলেন চিকিৎসক। আনন্দ মেহতা ছিলেন সাতবারের জাতীয় ব্রিজ চ্যাম্পিয়ন ও টেন্ডুলকারের পাঁড় ভক্ত। এক মেয়ে ও এক ছেলের বাবা-মা টেন্ডুলকার দম্পতি—সারা (জন্ম ১২ অক্টোবর, ১৯৯৭) ও অর্জুন (২৪ সেপ্টেম্বর, ১৯৯৯)।
 টেন্ডুলকারের প্রায় বিতর্কহীন ক্যারিয়ারে বড় বিতর্ক বলতে দক্ষিণ আফ্রিকা সফরে ম্যাচ রেফারি মাইক ডেনেস বল টেম্পারিংয়ের অভিযোগে তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেন। আইসিসির তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পর অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বিতর্ক হয়েছিল মাইকেল শুমাখারের কাছ থেকে উপহার পাওয়া ফেরারি ৩৬০ মডেনা গাড়ির কর মওকুফ করা নিয়েও। নানা বিতর্কের পর অবশেষে টেন্ডুলকার কর দিতে চাওয়ায় বিতর্কের অবসান হয়। ২০০৮ সালের ‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারিতেও টেন্ডুলকারকে কাঠগড়ায় দাঁড় করান অস্ট্রেলিয়ানরা।
 এমনিতে তো আর পারেন না, মাঝেমধ্যে তাই পরচুলা পরে, ছদ্মবেশ নিয়ে সিনেমা দেখতে কিংবা শপিংয়ে বের হন টেন্ডুলকার। সাধে কি আর ইয়ান চ্যাপেল বলেছেন, ‘টেন্ডুলকারের মতো জীবন কাটাতে হলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম।’
 ক্রিকেটের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায়ও ভালোই মজেছেন টেন্ডুলকার। মোট তিনটি রেস্তোরাঁর মালিক তিনি। মুম্বাইয়ের কোলাবা ও মুলুন্দে রেস্তোরাঁ দুটির নাম ‘টেন্ডুলকারস’ ও ‘শচীনস’, বেঙ্গালুরুরটি ‘শচীনস’। পরিচালনা করেন ‘এস ড্রাইভ অ্যান্ড শাচ’ নামের একটি স্পোর্টস ফিটনেস ও হেলথ কেয়ার সেন্টারও।