জানুয়ারিতেও ফিরছেন না মেসি?
চোট কাটিয়ে লিওনেল মেসি জানুয়ারির শুরুর দিকেই মাঠে ফিরতে পারেন বলে জানা গিয়েছিল আগে। কিন্তু বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো এখন বলছেন, মেসি যে জানুয়ারিতেই সুস্থ হয়ে উঠবেন সেই নিশ্চয়তা নেই।
এতে অবশ্য বার্সা এবং মেসি-সমর্থকদের খুব শঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দুই মাসের জন্য ছিটকে পড়া মেসি নিজেও বলেছেন, তাড়াহুড়ো করে আর ঝুঁকি নেবেন না, পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন মাঠে। আবার যাতে চোটাঘাত না আসে, আগে নিশ্চিত করতে চান সেটাই। আর্জেন্টিনায় ফিরে গিয়ে সে লক্ষ্যেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন মেসি। মার্টিনোর চাওয়াও সেটাই। পুরোপুরি সুস্থ হতে যত দিন লাগে, বার্সা কোচ তাঁকে তা দিতে প্রস্তুত।
গতকাল কার্তাগেনার সঙ্গে কোপা ডেল রের ম্যাচ ছিল বার্সার। তার আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মেসির ফেরা সম্পর্কে মার্টিনো বলেন, ‘সে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। সেরে ওঠার জন্য নানা ধাপ পেরোচ্ছে। আশা করি জানুয়ারির শুরুতেই সে সুস্থ হয়ে উঠবে। তবে শেষ
দিকে আমরা দেখব, তার আরও সময় দরকার হবে কি না। আমরা নিশ্চয়তা দিতে পারব না, কখন সে সেরে উঠবে। তার পরিপূর্ণ সুস্থতার দিকেই আমাদের আগ্রহ বেশি।’ এএফপি ও ওয়েবসাইট।