বিমার মেরে নিষিদ্ধ বরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারনের বিমারে মাটিতে লুটিয়ে পড়লেন বাংলাদেশ অধিনায়ক।  ছবি: এএফপি।
অ্যারনের বিমারে মাটিতে লুটিয়ে পড়লেন বাংলাদেশ অধিনায়ক। ছবি: এএফপি।

৪, ৪, ২, ১, ৬—বরুণ অ্যারনের করা ইনিংসের ৩৯তম ওভারে প্রথম ৫ বলে ১৭ রান তুলল বাংলাদেশ। এর মধ্যে ১৬ রানই মুশফিকুর রহিমের। ঠিক তখনই ঘটল ঘটনাটি। মুশফিকের শরীর বরাবর বরুণ ছুড়লেন এক বিমার। সেটি আঘাত করল একেবারে বাংলাদেশ অধিনায়কের পাঁজরে। মুহূর্তেই মাটিতে পড়ে গেলেন মুশফিক। যন্ত্রণায় কাতরাতে লাগলেন তিনি। ভারতের ডানহাতি বোলারের এমন নেতিবাচক বোলিংয়ে স্তব্ধ ক্রিকেটপ্রেমীরা।

অবশ্য সঙ্গে সঙ্গে বরুণকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগেও এনামুল হককে কোমরের ওপরের উচ্চতায় একটি ডেলিভারি করেছিলেন। কোমরের ওপরের উচ্চতায় দুটো ডেলিভারির কারণে এই ইনিংসে আর বোলিংই করতে পারবেন না এই পেসার। বরুণের ওভারের শেষ বলটি করে দেন অধিনায়ক বিরাট কোহলি।

দিনটাই খারাপ যাচ্ছিল বরুণের। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন তাঁকে লক্ষ্যবস্তু বানিয়েছিলেন আজ। ৭.৫ ওভার বল করে ৭৪ রান দিয়েছেন। প্রথম বল করতে এসেই মুমিনুলের হাতে টানা দুটো চারও হজম করতে হয়েছিল। বাংলাদেশি ব্যাটসম্যানরা যে ৫টি ছক্কা হাঁকিয়েছেন ৪৫ ওভার পর্যন্ত, তিনটাই গেছে তাঁর ওপর দিয়ে।

বলের লাইনের পাশাপাশি মেজাজটাও হয়তো ধরে রাখতে পারছিলেন না। অবশ্য বিমারটি ইচ্ছাকৃত নয় বলেই মনে হয়েছে। কিন্তু এভাবে ব্যাটসম্যানদের আঘাত করা ন্যক্কারজনক। নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই মুশফিকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।