উত্তর লিখতে হবে উদ্দীপক বুঝে

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
উদ্ভিদবিদ্যা, রূপনগর মডেল স্কুল ও কলেজ, মিরপুর, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের জেএসসি পরীক্ষা সামনেই। বাকি সময়ে বেশি বেশি অনুশীলন করলে ভালো ফল করা সম্ভব হবে। সাধারণ বিজ্ঞান বিষয়ে দুই ধরনের প্রশ্ন থাকে—বহুনির্বাচনী ও সৃজনশীল। বহুনির্বাচিত প্রশ্নে ৪০ নম্বর বরাদ্দ থাকে এবং সময় ৪০ মিনিট। আর সৃজনশীল প্রশ্নে ৬০ নম্বর বরাদ্দ থাকে এবং সময় ২ ঘণ্টা ২০ মিনিট। বহুনির্বাচনী প্রশ্নে কাজেই প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আন্ডারলাইন করে বারবার পড়তে হবে। বহুনির্বাচনী প্রশ্নে সঠিক উত্তরের জন্য প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, বিভিন্ন গাণিতিক সমস্যা ভালোভাবে আত্মস্থ করতে হবে। সৃজনশীল প্রশ্নে তিনটি বিভাগ (জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন) থাকে। প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়। জীববিজ্ঞান অংশে ভালো নম্বরের জন্য প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, বর্ণনা, চিত্র ভালোভাবে আয়ত্ত করতে হবে। পদার্থবিজ্ঞান অংশে ভালো নম্বরের জন্য প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বিভিন্ন সূত্র, সূত্রের বিবৃতি, বিভিন্ন যন্ত্রের গঠন ও কার্যপ্রণালি, গাণিতিক সমস্যা ভালোভাবে আয়ত্ত করতে হবে। রসায়ন অংশে প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিভিন্ন মৌল ও যৌগমূলকের যোজনী, বিভিন্ন যৌগ গঠন, বিভিন্ন পরীক্ষামূলক প্রমাণ গুরুত্ব দিয়ে পড়তে হবে। সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থেকে চারটি প্রশ্নোত্তর লিখতে হয়। ‘ক’ নম্বর প্রশ্নের উত্তর জ্ঞানমূলক। সঠিক উত্তরটি লিখতে পারলেই পূর্ণ নম্বর পাবে। ‘খ’ নম্বর প্রশ্নের উত্তর অনুধাবনমূলক। সরাসরি প্রশ্নে যা চাওয়া হয়েছে, তা লিখতে পারলেই পূর্ণ নম্বর পাবে। ‘গ’ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। উদ্দীপক বুঝে নিয়ে প্রশ্নে যা চাওয়া হয়েছে, তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করলেই পূর্ণ নম্বর পাবে। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সূত্র লেখা, সূত্রের ব্যাখ্যা ও হিসাব করে সঠিক ফলাফল বের করতে পারলেই পূর্ণ নম্বর পাবে। ‘ঘ’ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। এ প্রশ্নে সাধারণত বিশ্লেষণ, মূল্যায়ন, আলোচনা, যৌক্তিকতা নিরূপণ ইত্যাদি করতে বলা হয়। অর্থাৎ প্রশ্নে যা চাওয়া হয়েছে, তা যুক্তি দ্বারা বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত উপস্থাপন করলেই পূর্ণ নম্বর পাবে।