এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-২২

বেগম সুফিয়া কামাল
বেগম সুফিয়া কামাল

সৃজনশীল প্রশ্নোত্তর  তাহারেই পড়ে মনে
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
হিম কুহেলির অন্তর তলে আজিকে পুলক জাগে
রাঙিয়া উঠেছে পলাশ কণিকা মধুর রঙ্গিন রাগে।
আসিবে এবার ঋতুরাজ বুঝি
তারি বাঁশি ওঠে মলয়েতে বাজি
... ... ... ....
... ... ... ....
দূরে সরে গেছে হিম জর্জর
কুয়াশা ঢাকা বেদনা নিথর
মর্মরি ওঠে মধুর রাগিণী বন-নিকুঞ্জ তলে
সুন্দর সে যে হাসিতে তাহার
নিখিল ভুবন ভোলে।
প্রশ্ন:
ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ১
খ. বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন? ২
গ. অনুচ্ছেদের প্রথমাংশের ভাবটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার সংলাপে ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. অনুচ্ছেদে বর্ণিত ঋতুর সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতা ঋতুর দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে—এ উক্তিটির সঙ্গে তুমি কি একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও। ৪
উত্তর: ক. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তর: খ. যেকোনো সৌন্দর্য, বিশেষ করে প্রকৃতির সৌন্দর্য মানুষকে আনন্দ দান করে। বসন্তের সৌন্দর্য হলে তো কথাই নেই। কিন্তু স্বামীর অকাল মহাপ্রয়াণে শোকাচ্ছন্ন থাকায় বসন্তের সৌন্দর্য কবির নিকট অর্থহীন।
প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও, দক্ষিণা হাওয়া বইলেও কবিকে শীতের রিক্ততার বেদনার ছাপ আচ্ছন্ন করে রেখেছে। কবি তাঁর মনের প্রকৃত অবস্থাকে শীতের প্রকৃতিতে বিরাজমান অবস্থার সঙ্গে একটি মিল খুঁজে পাচ্ছেন। তিনি বসন্তের আগমনের আনন্দের পরিবর্তে প্রিয়তম সৈয়দ নেহাল হোসেনের আকস্মিত মৃত্যুর বিষাদ ব্যথায় শীতের করুণ বিদায় বেলায় একাকার করে উপলব্ধি করছেন। বসন্ত তাঁর নিকট অর্থহীন।
উত্তর: গ. অনুচ্ছেদের প্রথমাংশের ভাবটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবিভক্তের সংলাপের চিত্র ফুটে উঠেছে।
বসন্তের আগমনে গাছে গাছে ফুল ফোটে; মানবমনে শিহরণ জাগে, প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। বসন্তের আগমনে প্রকৃতি ও মানব মনে এক মহোৎসব বিরাজ করে। এর প্রভাবে সবাই প্রভাবিত। কবি ও এর ব্যতিক্রম নন। তবে কেন আজ এই উদাসীনতা তাঁর?
ঋতুরাজ বসন্ত তার রূপ নিয়ে ধরা দেয় প্রকৃতিতে। ফুল ফোটে, পলাশ রাঙায় মধুর রং, পাখি গান গায়, বাঁশি বাজে আনন্দে উদ্বেলিত হয় মানব মন। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি ও তাঁর ভক্তদের সংলাপে এমন কথা—
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি?
ফুটেছে কি আমার মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে
হয়েছে কি অধীর আকুল?”
বসন্তের এতসব আয়োজন সত্ত্বেও কবি আজ বসন্তকে বরণ ও তাঁর জন্য অর্ঘ্য রচনা করতে পারছেন না।—
ফুল কি ফোটে নি শাখে?
পুষ্পারতি রভে নি কি ঋতুর রাজন?
মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি?
করে নি সে অর্ঘ্য বিরচন?”
কেননা, তাঁর সাহিত্য প্রেরণার প্রিয় ব্যক্তির বিয়োগব্যথার কথা কোনোভাবেই ভুলতে পারছেন না। বসন্তের পরিবর্তে তিনি আজ শীত ঋতুকেই তাঁর ব্যথার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন।
উত্তর: ঘ. অনুচ্ছেদে বর্ণিত ঋতুর সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ঋতুর দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। কবি সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্তের আগমনের আনন্দে উদ্বেলিত হওয়ার পরিবর্তে প্রকাশ পেয়েছে শীতের রিক্ততার বেদনার সুর। উদ্দীপকের কবিতাংশের সঙ্গে এ কবিতার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য বেশ স্পষ্ট।
অনুচ্ছেদের সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার চেতনাগত ও আবেগগত পার্থক্য বেশ লক্ষণীয়। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ঋতুরাজ বসন্তের প্রতি কবির আনন্দবিমুখতার বহিঃপ্রকাশ ঘটেছে। যেখানে কবি বসন্তকে বরণ করার নানা আয়োজনে ব্যস্ত থাকবেন, সেখানে তিনি নীরব-নিশ্চুপ। ভক্তদের অনুরোধেও এবার তিনি কোনো প্রকার সাড়া দিচ্ছেন না।
কবি শুধু কি বসন্তের ব্যাপারে উদাসীন? তা নয়, বরং কবির ভাবনা সম্পূর্ণ বিপরীত। কবির ভাবনা কবিতায়—
“কুহেলি উত্তরী তলে মাঘের সন্যাসী—
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে,
ভুলিতে পারি না কোন মতে।”
অনুচ্ছেদের কবিতায় আমরা বসন্তের আগমনের জয়গান এবং প্রকৃতিতে যে আনন্দ ও সৌন্দর্যের সমারোহ তাই এখানে মুখ্য হয়ে ওঠে। শীতের জীর্ণতা ভেদ করে বসন্ত এসে প্রকৃতিতে মনোরম সাজ ও মধুর রাগ বিরাজ করছে। উভয় কবিতায় বসন্ত বিষয়বস্তু হলেও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যক্ত হয়েছে বসন্তের আনন্দের মাঝে শীতের রিক্ততার বিরাজ। অন্যদিকে অনুচ্ছেদের কবিতাংশে বসন্তের জয়গান, প্রাণের আবেগের বহিঃপ্রকাশ ও প্রকৃতি জগতের সৌন্দর্য ও সৌরভের সমাহার বিস্তৃত হয়েছে। বসন্ত মানেই প্রাণের ঋতু। যেখানে আছে নবযৌবনের ছোঁয়া। শীতের পুরোনো জীর্ণতাকে শীর্ণ করে নতুন প্রাণের আবেগে মেতে ওঠার মধ্যেই বসন্তের সার্থকতা। তবে ক্ষেত্রবিশেষে এর ব্যতিক্রমও যে হয় না, তা নয়। কবির চেতনায় বসন্ত এবার অন্যভাবে ধরা পড়েছে। বসন্তে এবার তিনি শীত ঋতুতেই তাঁর হূদয়ের আর্তির সাযুজ্য খুঁজে পেয়েছেন। এভাবে বসন্ত ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতার বসন্তের মিল ও অমিল পাওয়া যায়।

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা