এক যন্ত্রে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ

গুগলের তৈরি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রে যে অ্যাপ্লিকেশন (অ্যাপ) চলে, সেটি অ্যাপলের আইওএসে চলে না৷ উল্টোটাও সত্যি৷ তবে এবার এর ব্যতিক্রমও করা যাবে। অর্থাৎ চাইলে একই যন্ত্রে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ পাশাপাশি ব্যবহার করা যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানীরা বিশেষ এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। মূলত আইওএসের অ্যাপ যাতে অ্যান্ড্রয়েড যন্ত্রে ব্যবহার করা যায়, সে জন্যই এ গবেষণা করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।
কলাম্বিয়া ইউনিভার্সিটির একদল গবেষক আইওএসের অ্যাপ অ্যান্ড্রয়েডে চালানোর সুবিধা নিয়ে তৈরি করেছেন ‘সাইডার’ নামের এই সফটওয়্যার। সফটওয়্যারটি শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই নয়, চলবে ট্যাবলেট পিসিতেও। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ সফটওয়্যার একই সঙ্গে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ ব্যবহারের সুযোগ করে দেবে৷ তবে শুধু গবেষণার কাজেই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এটিকে বাণিজ্যিকভাবে তৈরি করার কোনো পরিকল্পনা এখনো নেই বলে জানিয়েছেন গবেষকেরা। তবে এটি বািণজ্যিকভাবে বাজারে এলে গ্রাহকদের জন্যই সুবিধা হবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন সুবিধা যেকোনো অ্যাপ যেকোনো যন্ত্রে ব্যবহারের সুযোগ তৈরি করবে, যা সত্যিকার অর্থেই ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় সুখবর। প্রাথমিকভাবে একটি অ্যান্ড্রয়েড-চালিত একটি নেক্সাস ট্যাবলেটে সাইডার নিয়ে পুরো বিষয়টি ভিডিওতে তুলে ধরেছেন গবেষকেরা। ঠিকানা: http://goo.gl/HjIyk9৷ —বিবিসি