কী বলে আপনার ফেসবুকের প্রোফাইল ছবি
নিজের বিমূর্ত বা অনুষ্ঠানে তোলা কোনো ছবি ফেসবুকের প্রোফাইল ছবি বানিয়ে নেন অধিকাংশ ব্যবহারকারী। সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট ব্যবহারকারীদের মধ্যে প্রোফাইলে ছবি দেওয়ার ক্ষেত্রে অদ্ভুত কিছু মিলও দেখতে পাওয়া যায়। কিন্তু অন্যদের কী বলে আপনার এই প্রোফাইল ছবি?
সম্পর্কের ছবি
ফেসবুকের প্রোফাইলে ছবি দেওয়ার ক্ষেত্রে অনেকেই তাঁর অন্তরঙ্গ সম্পর্কের ছবি এমনভাবে পোস্ট দেন, যাতে মনে হয় এ ছবির মাধ্যমেই সবার কাছে পোস্টদাতা পরিচিত। আর এ ধরনের ছবি পোস্ট দেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই মিল দেখতে পাওয়া যায়।
নার্সিসাসের আয়না
যাঁরা বাস্তবে বন্ধুমহলে নিজেদের মেলে ধরতে পারেন না, তাঁরা ফেসবুকে নিজেদের এমন ছবি পোস্ট দেন যাতে মনে হয় তাঁরা নিজেকে নিয়েই ব্যস্ত। বাথরুমের আয়নায় নিজের প্রতিফলন, টিশার্টের নকশাসহ নিজেকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার প্রাণান্ত চেষ্টায় নিয়মিত ছবি আপলোড করেন অনেকে। আর এ ক্ষেত্রে অনেকের মধ্যেই এ মিল চোখে পড়ে।
পারিবারিক ছবি
অনেকেই ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবে পারিবারিক ছবি পছন্দ করেন। পরিবারের সবাইকে নিয়ে তোলা ছবি বা কোনো নিকটাত্মীয়ের ছবি ফেসবুকের প্রোফাইল ছবি বানান। অনেককে আবার নিজের সন্তানের ছবিটাও প্রোফাইল ছবি বানাতে দেখা যায়।
নিজের একক ছবি
নিজের একক ছবির একটি নির্দিষ্ট সংক্ষিপ্ত আকার ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবে দিতে পছন্দ করেন ফেসবুক ব্যবহারকারীরা। ফেসবুকে সবচেয়ে বেশি পরিচিত ছবিই এ ধরনের।
ক্রপ করা বা কাটা ছবি
ফেসবুকের প্রোফাইলের ছবি হিসেবে অনেককেই বড় ছবি থেকে একটি নির্দিষ্ট অংশ ক্রপ করে নিয়ে ব্যবহার করতে দেখা যায়। নিজেকে নানাভাবে ফুটিয়ে তুলতে ক্রপ ছবি পোস্ট করেন ফেসবুক ব্যবহারকারীরা।
বিমূর্ত ছবি
ফেসবুকের প্রোফাইলে অনেকেই বিমূর্ত ছবি বসিয়ে দিয়ে নিজের পরিচিতি ঘোষণা দেন। অনেকেই গাছের ছবি, নদী, পুকুরের ছবি ফেসবুকে প্রোফাইল ছবি বানান।
ফেসবুক প্রোফাইলে দিন ভালো ছবি
সামাজিক যোগাযোগের বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভালো ছবি পোস্ট করা প্রয়োজন। কারণ, এ ছবিই ব্যক্তিত্ব প্রকাশ করে ও অনলাইনে পরিচিতি হিসেব ব্যবহূত হতে পারে। বিব্রতকর, অশ্লীল, কাউকে হেয় করে, এমন ছবি প্রোফাইলে বসানোর আগে সচেতন থাকুন। শিশুদের ছবি ফেসবুকে পোস্ট করার আগেও সতর্ক হন।