গুগলের মানচিত্রসেবা গুগল ম্যাপসের নতুন সংস্করণে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে। এগুলো মধ্যে এক জায়গা থেকে বিভিন্ন অবস্থানের দূরত্ব মাপার সুবিধাটি অনেকের কাজে লাগবে। গুগল ম্যাপসে দূরত্ব মাপার কাজটা যেকোনো অবস্থানগত দূরত্ব মাপার জন্য করা যাবে। গুগল ম্যাপস (maps.google.com) চালু করে নিজের কাঙ্ক্ষিত অবস্থানে গিয়ে এর ওপরে ডান ক্লিক করে Measure distance অপশনটি নির্বাচন করুন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ম্যাপের অবস্থানে ক্লিক করে করে পথটি দেখিয়ে দিন। দুই ক্লিকের বা পয়েন্টের মাঝখানটা সরলরেখা বরাবর হয় বলে সঠিক দূরত্ব পাওয়া যায় না। তাই এ সরলরেখার মাঝখানে পথের যেকোনো অংশ মাউস দিয়ে টেনে (ড্র্যাগ করে) সঠিক জায়গায় বসাতে পারবেন। এভাবে দূরত্বটাও অনেক নির্ভুল হবে। প্রথম এবং শেষ প্রান্ত পর্যন্ত দূরত্বের একটা হিসাব পাওয়া যাবে নির্দেশিত পথের শেষ মাথায়। তা ছাড়া সার্চ বক্সেও পথের হিসাবটা দেখে নেওয়া যাবে।
প্রতিদিন কতটুক জায়গা হাঁটলেন অথবা নতুন কোনো জায়গায় গিয়ে পথের দূরত্ব অনুমানের জন্য গুগল ম্যাপের এ সুবিধাটি কাজে লাগাতে পারেন সহজেই। বর্তমান দূরত্বের হিসাবটা ম্যাপ থেকে বাদ দিতে চাইলে অথবা নতুন করে আবার দূরত্ব মাপার প্রয়োজন হলে চালু থাকা ম্যাপে ডান ক্লিক করে Clear measurement অপশনটিতে ক্লিক করলেই হবে।