দুই বছরে বেশতো

দেশীয় অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম বেশতো (www. beshto. com) দুই বছর পূর্ণ করল। এ উপলক্ষে আজ শনিবার ঢাকায় বেশতোর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেশতোর সহপ্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর বেশতোর নানা দিক তুলে ধরে বলেন, ‘বেশতো দেশের প্রথম সম্পূর্ণ বাংলা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। উইকিপিডিয়ার পর বাংলা কনটেন্টের সব চেয়ে বড় তথ্যভান্ডার এই ওয়েবসাইট। এটি সবার জন্য উন্মুক্ত আর এখানে সব ধরনের লেখা লেখা যায়। ’
ফাহিম মাশরুর আরও বলেন, ‘এখন এর নিয়মিত ব্যবহারকারী প্রায় এক লাখ। নিবন্ধনকৃত ব্যবহারকারী ৭৫ হাজার। প্রতি মাসে এই সামাজিক যোগাযোগের সাইটটিতে ২০ হাজার নতুন পোস্ট যুক্ত হয়। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশিবার ভিজিট করা ওয়েবসাইটগুলোর সেরা ১০০ টির মধ্যে বেশতো আছে। ’
বেশতোর উদ্যোক্তারা জানান, এই সাইটটির বিশেষ দিক হচ্ছে এখানে পোস্ট দেওয়া, মন্তব্য লেখা থেকে শুরু করে সবকিছুই হচ্ছে বাংলায়। মূলত বাংলা লেখার চর্চার ওপর গুরুত্ব দেওয়ার জন্য এখানে বাংলাতেই সবকিছু করার ব্যবস্থা রাখা হয়েছে। খেলাধুলা, রাজনীতি, কৌতুক, মানবিক বিষয়, উদ্যোগ, চিকিৎসা পরামর্শ, যোগাযোগ মাধ্যমের খবরাখবর, বৈজ্ঞানিক কল্পকাহিনি, ভ্রমণ, গণিত, বুদ্ধিমত্তার খেলাসহ নানা বিষয় আছে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটিতে।
ওয়েবসাইটটির উদ্যোক্তারা আরও জানান, তাঁরা বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে এমন বিষয়গুলোতে প্রাধান্য দিয়ে কাজ করছেন। সামনের দিনগুলোতে এই ওয়েবসাইটে এর প্রকাশ থাকবে। আরও বেশি বেশি তথ্য যেন এই ওয়েবসাইটে পাওয়া যায়, সে জন্যও তাঁরা কাজ করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশতোর সহপ্রতিষ্ঠাতা ফখরুজ্জামান, মোবাশ্বের হোসেন, তাহমিদ সিদ্দিকী ও বেশতো পরিবারের সদস্যরা।