
বেণি, সে তো স্কুলে যাওয়ার সময়কার চুলের স্টাইল। এমন দিন শেষ। গত বছর থেকেই পার্টি বা অন্য যেকোনো সময়ের চুলের স্টাইল হিসেবে জনপ্রিয়তা পেয়েছে বেণি। পনিটেইল বা খোলা চুল তো অনেক হলো। এবার না হয় বেণিতেই সাজান চুল।
বেণির রকমফের বলতে তো একসময়ে শুধু ফ্রেঞ্চ বেণিই বোঝানো হতো। অনেকে আবার নানা রকম ফিতা দিয়ে বেণি করেও বৈচিত্র্য আনতেন। তবে এ সময়ে ওয়াটারফল, ফিশটেইল, মারমেইড, টুইস্ট, মেসি—অনেক রকম বেণিই করতে দেখা যাচ্ছে মেয়েদের।
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘এ সময়ের দারুণ বৈচিত্র্যময় চুলের সাজ হলো বেণি। তবে পাশ্চাত্যে কিন্তু আরও আগেই চালু হয়েছে এই ট্রেন্ড। হলিউডেই দেখুন, একদম আনুষ্ঠানিক পোশাক বা গাউনের সঙ্গে কতভাবে বেণি করা হচ্ছে।’
বেণির নানা ঢং নিয়ে কথা বলেছেন তিনি। সব বয়সে, সব ধরনের পোশাকের সঙ্গেই বেণি মানানসই বলে মনে করেন আফরোজা। তবে খেয়াল রাখতে হবে, কার মুখের গড়ন কেমন। একটু ভারী মুখ হলে টেনে বেণি করবেন না। সামনের দিকের চুলগুলো কোঁকড়া করে বা ঢেউ খেলিয়ে ছেড়ে রাখুন। মেসি বা এলোমেলো ধাঁচের বেণি করতে হবে। আর সরু গড়নের মুখ হলে যেকোনো স্টাইলই মানিয়ে যাবে।
লম্বা চুল হলে তো যেকোনো ঢঙের বেণিই করতে পারবেন। তবে চুল ছোট হলে? তারও সমাধান আছে। হেয়ার এক্সটেনশন তো ব্যবহার করতেই পারেন। আর তা না করতে চাইলে শুধু সামনের চুলগুলো নিয়ে বেণি করে ফেলুন। পেছনের চুল খোলাই থাকুক। বেণিতে গুঁজতে পারেন ছোট পুঁতি বা নানা আকারের ব্যান্ড। একসময়ে খুব দেখা যেত প্রজাপতি বা ছোট ছোট ফুলের আকারের রঙিন ক্লিপ। সেগুলোই আবার ব্যবহার করতে পারেন এখন। হয়ে গেল পার্টি সাজ। লম্বা চুলের সামনের দিকটা যাঁদের লেয়ার করে কাটা, তাঁরাও এমন স্টাইল করতে পারেন। চাইলে পেছনের চুল বেঁধে ফেলুন খোঁপা বা পনিটেইলে। অথবা পুরো মাথার চুল ভাগ করে ছয়টা ফ্রেঞ্চ বেণি করে ফেলুন। তারপর নিচের দিকে সব কটি মিলিয়ে বড় একটা খোঁপা করে নিন। পার্টির সাজের সঙ্গে দারুণ মানাবে এমন চুলের স্টাইল।
বিয়ের সাজের সঙ্গেও এখন বেশ চলছে বেণি। তবে আগে যেমন লম্বা একটা বেণি করে ফুলের মালা গুঁজে দেওয়া হতো, তেমন নয়। এতে এসেছে অনেক বৈচিত্র্য।
এ সময়ের বেণি কিন্তু দেশি ঢঙের নয়। বরং ফাংকি, ফিউশন ধাঁচের স্টাইল হিসেবেই ধরা হচ্ছে একে। আর এ জন্যই কুর্তা, টপ, টি-শার্ট—সব ধরনের পোশাকের সঙ্গেই এটি মানানসই। আবার শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গেও চলে যাচ্ছে বেশ। বেণি করলে মুখের সাজটা হবে পশ্চিমা ধাঁচেরই। বাদামি বা ছাই রঙা স্মোকি চোখ মানাবে বেশ। আর লিপস্টিকে বেছে নিতে পারেন এ সময়ের উজ্জ্বল রংগুলো।