মা, তোমারও আছে অধিকার

বৃদ্ধাশ্রমে থাকলেও মাকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
বৃদ্ধাশ্রমে থাকলেও মাকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

ইচ্ছা করলেই বৃদ্ধ মাকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মায়ের যথাযোগ্য অধিকার না দিয়ে যখন-তখন বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেওয়া যাবে না। স্বামী-সন্তানের সম্পত্তি ও সন্তানের কাছ থেকে ভরণপোষণসহ নানা ক্ষেত্রে একজন মাকে দিতে হবে তাঁর আইনি মর্যাদা। সব ধর্মের পারিবারিক আইনেই মায়ের অধিকার নিশ্চিত করা হয়েছে। এখানে শুধু মুসলিম আইন অনুযায়ী মায়ের অধিকার নিয়ে আলোচনা করা হলো।

সন্তানের সম্পত্তিতে অধিকার

মুসলিম আইন অনুযায়ী, মা বেঁচে থাকা অবস্থায় যদি কোনো সন্তান মৃত্যুবরণ করেন এবং এ সন্তানের যদি ছেলেমেয়ে থাকে, তাহলে মৃত সন্তানদের সম্পত্তির ১/৬ অংশ মা পাবেন। যদি মৃত সন্তানের ঘরে ছেলেমেয়ে না থাকে এবং দুই বা এর বেশি ভাই বা বোন থাকে, তাহলেও ১/৬ অংশ মাকে দিতে হবে। মৃত সন্তানের ঘরে যদি কোনো ছেলেমেয়ে না থাকে এবং একজন ভাই বা বোন থাকে, তাহলে ১/৩ অংশ সম্পত্তি মা পাবেন।

মৃত সন্তানের বাবা বেঁচে থাকলে এবং মৃত সন্তানের স্বামী বা স্ত্রী বেঁচে থাকলে তাঁদের সম্পত্তি দেওয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ মা পাবেন।

বিধবা মায়ের অধিকার

মুসলিম আইন অনুযায়ী, একজন বিধবা মা তাঁর মৃত স্বামীর সম্পত্তি থেকে অংশ পাবেন। একজন বিধবা মাকে তাঁর মৃত স্বামীর সম্পত্তির ১/৮ অংশ দিতে হবে। বিধবা মায়ের অধিকার রয়েছে তাঁর স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে প্রাপ্ত অংশ স্বাধীনভাবে ব্যবহার করার। একজন বিধবা মায়ের ভরণপোষণের ব্যাপারে কারও ওপর বাধ্যবাধকতা আরোপ না করা হলেও তা অবধারিতভাবেই সন্তানদের ওপর বর্তায়।

দেনমোহর পাওয়ার অধিকার

বাবার মৃত্যু হলে এবং বাবা যদি আপনার মাকে দেনমোহর না দিয়ে থাকেন, তাহলে বিধবা মা বিলম্বিত দেনমোহর সন্তানদের কাছ থেকে দাবি করতে পারবেন। এমনকি তা পরিশোধ না করা পর্যন্ত তিনি তাঁর মৃত স্বামীর পরিত্যক্ত সম্পত্তি দখল করে রাখতে পারবেন। বিলম্বিত দেনমোহর ঋণের মতো, মৃতের উত্তরাধিকারীরা তা পরিশোধ করতে বাধ্য।

ভরণপোষণের অধিকার

বাবা-মা যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন এবং সন্তানেরা যদি উপার্জন করে থাকেন, তাহলে সন্তানেরা বাবা-মাকে ভরণপোষণ দিতে হবে। সন্তানেরা তাদের সাধ্যমতো ভরণপোষণ মাকে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে বাধ্য। মা-বাবার ভরণপোষণ দিতে প্রচলিত আইনে বাধ্যবাধকতা দিতে ২০১২ সালের ২৮ মার্চ হাইকোর্ট বিভাগ একটি আইন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। অবশ্য ২০১১ সালে বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ আইনের একটি বিল পাসের উদ্যোগ নেওয়া হলেও তা এখন পর্যন্ত পাস করা হয়নি।

আইনের আশ্রয় নেওয়া যাবে

মাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে, তাঁর প্রাপ্য সম্পত্তি দখল করে নিলে মায়ের অধিকার রয়েছে দেওয়ানি আদালতে কিংবা ফৌজদারি আদালতে মামলা করার। মাকে সম্পত্তি বুঝিয়ে না দিলে দেওয়ানি আদালতে বণ্টনের এবং স্বত্ব চেয়ে মোকদ্দমা করতে পারেন। স্বামী যদি দেনমোহর পরিশোধ না করে থাকেন, তাহলে স্বামীর মৃত্যুর তিন বছরের মধ্যে মামলা করে তিনি তা আদায় করতে পারবেন। এ ছাড়া সন্তানেরা যদি ভরণপোষণ না দেয়, তাহলেও মায়ের আদালতের আশ্রয় চাইতে কোনো বাধা নেই। ভরণপোষণ, দেনমোহর ও সন্তানের তত্ত্বাবধানের জন্য মামলা পারিবারিক আদালতে করতে হয়।

l লেখক: আইনজীবী