সামনের দিন হবে ডিজিটাল বইয়ের যুগ: মোস্তাফা জব্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

বিশ্ব এখন কাগজের ও ডিজিটাল বইয়ের সংমিশ্রণের যুগ অতিক্রম করছে। সামনের দিন হবে ডিজিটাল বইয়ের যুগ। আর তাই কাগজের বইয়ের পাশাপাশি ডিজিটাল বই প্রকাশে এগিয়ে আসতে হবে প্রকাশকদের। অনলাইনে যে বই বিক্রি করা যায়, সেই দৃষ্টান্ত স্থাপন করেছে রকমারিডটকম। প্রকাশকদের বই বিপণনের বিষয়টিকে স্বস্তিকর অবস্থানেও পৌঁছে দিয়েছে অনলাইন বই বিক্রি প্রতিষ্ঠানটি। রকমারি আয়োজিত অনলাইন বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের লেখক ও প্রকাশকদের ‘বেস্টসেলার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘ফিকশন’, ‘ননফিকশন’, ‘ধর্মীয়’ ও ‘ক্যারিয়ার-স্কিল’ বিভাগে ১২টি বই ও ১২ জন লেখককে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ৩০টি বই ও বইয়ের লেখকদেরও সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।

চারটি বিভাগে পুরস্কার পাওয়া লেখকরা হলেন সাদাত হোসাইন, মালিহা তাবাসসুম, জুনায়েদ ইভান, আবদুল্লাহ ইবনে মাহমুদ, মহিউদ্দিন আহমদ, অধ্যাপক আবদুর রাজ্জাক, আরিফ আজাদ, আবদুল্লাহ ইবনে মাহমুদ, মুহিব খান, সাইফুল ইসলাম, ফরিদ আহমেদ ও কোচ কামরুল হাসান।

পুরস্কার পাওয়া বইগুলো হলো অ্যাকিলিসের টেন্ডন (অধ্যয়ন প্রকাশনী), অন্যমনস্ক (অধ্যয়ন প্রকাশনী), ইতি স্মৃতিগন্ধা (অন্যধারা), দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), দৈনিক ইত্তেফাক ফ্রন্ট পেইজেস (ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস), পুরোনো সেই দিনের কথা (প্রথমা প্রকাশন), এবার ভিন্ন কিছু হোক (সমকালীন প্রকাশন), দ্য প্রফেট (আদী প্রকাশন), আল কোরআনের কাব্যানুবাদ (রাহনুমা প্রকাশনী), ইংলিশে দুর্বলদের জন্য English Therapy (ইংলিশ থেরাপি), সহজ ভাষায় ENGLISH GRAMMAR (ইংলিশ থেরাপি) ও স্মার্ট ফ্রিহ্যান্ড রাইটিং (ফরিদ পাবলিকেশনস)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভালো মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। যে বই পড়ে তার মধ্যে সংবেদনশীলতা জন্ম নেয়। আর মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে রকমারিডটকম।

রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি অনলাইন বইমেলার আয়োজন করে রকমারি। প্রতিবছর বেস্টসেলার অ্যাওয়ার্ড দিলেও এবারই প্রথম লেখক–প্রকাশকদের উপস্থিতিতে বড় পরিসরে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আকবর আলী খান, একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দা হক, বরেণ্য শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ।