৫ বছরে বেশতো

৫ বছর পূর্তির অনুষ্ঠানটি বেশতো আনুষ্ঠানিকভাবে পালন করে। ছবি: সংগৃহীত।
৫ বছর পূর্তির অনুষ্ঠানটি বেশতো আনুষ্ঠানিকভাবে পালন করে। ছবি: সংগৃহীত।

বাংলা ভাষায় প্রশ্নোত্তরের প্ল্যাটফর্ম বেশতো পাঁচ বছর পূর্ণ করল। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এটি। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব ভবনে পাঁচ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বেশতোর সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর জানান, বাংলা ভাষায় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে ছয় বছরে পা রাখতে যাচ্ছে বেশতো। মাইক্রোব্লগিং ও প্রশ্নোত্তর সাইট হিসেবে সাইটটিতে ব্যবহারকারী নানা বিষয়ে প্রশ্ন করতে এবং জানা বিষয়ে প্রশ্নের উত্তর দিতে পারে। এখানে ৩০টি বিষয়ে প্রশ্ন করা যায়। সাইটটিতে ৭০ হাজার প্রশ্ন ও ৩ লাখ উত্তর রয়েছে। সাইটটিতে নিবন্ধনকৃত ব্যবহারকারী সংখ্যা ১ লাখের বেশি।

ফাহিম মাশরুর জানান, শিগগিরই বেশতোতে নতুন প্রযুক্তি যুক্ত করা হবে। এতে প্রশ্ন টাইপ করার পরিবর্তে মুখে প্রশ্ন করা যাবে এবং উত্তর পাওয়া যাবে। বাংলা ভাষায় কনটেন্ট সমৃদ্ধ করার উদ্যোগ হিসেবে বেশতো সামনে এগিয়ে যাবে বলে জানান তিনি।