গুপ্তচরবৃত্তি করছে হ্যাকাররা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো গত শুক্রবার বলেছে, তারা একজন হ্যাকারকে শনাক্ত করতে পেরেছে, যিনি কিনা ভারত, জাপান ও তিব্বতিদের লক্ষ্য করে সাইবার গুপ্তচরবৃত্তি চালাচ্ছেন। চীনা ওই হ্যাকারের বেশ কয়েকটি নাম রয়েছে। এর মধ্যে দুটি নাম হচ্ছে ‘ড্যাং০১০২’ ও ‘স্কুকর’। ভারত ও জাপানের সামরিক তথ্য চুরি, তিব্বতিদের কর্মকাণ্ডের ওপর নজরদারি, জ্বালানি, জাহাজ ও বিমানশিল্পের তথ্য জানার জন্য এই হ্যাকার অনলাইনে গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছেন বলে ট্রেন্ড মাইক্রো জানায়। প্রতিষ্ঠানটি এক গবেষণা প্রতিবেদনে জানায়, গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ভিন্ন ধরনের ম্যালওয়্যার ব্যবহার করছেন ওই হ্যাকার। ২০১১ সালের জুন থেকে ওই হ্যাকার এই গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছেন। তখন থেকে এ পর্যন্ত জাপান, ভারত ও তিব্বতিদের ওয়েবসাইটে অন্ততপক্ষে ৯০টি হামলা চালিয়েছেন তিনি। ট্রেন্ড মাইক্রোর গবেষণা প্রতিবেদনে এসব হামলার জন্য সরাসরি চীনা সরকারকে দায়ী করা হয়নি। তবে কম্পিউটার নিরাপত্তা গবেষকেরা বলছেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, চীন এই হামলার পেছনে রয়েছে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, ওই হ্যাকার সাবেক স্নাতক শিক্ষার্থী। তিনি চীনের প্রভাবশালী ইন্টারনেট পোর্টাল টেনসেন্টে কাজ করছেন। তবে ট্রেন্ড মাইক্রো এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান