মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ই-মেইলেহামলা!
চীনা কম্পিউটার হ্যাকাররা শীর্ষ মার্কিন কর্মকর্তাদের কয়েক শ ব্যক্তিগত ই-মেইলে হামলা চালিয়েছে বলে দাবি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের অনলাইন ই-মেইল সেবা জিমেইলের অ্যাকাউন্টে এসব হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি গত বুধবার বলেছে, চীনের শানদং প্রদেশের রাজধানী জিনান থেকে হ্যাকাররা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে এতে গুগলের নিরাপত্তাব্যবস্থা ও সার্ভার ক্ষতিগ্রস্ত হয়নি।গুগলের ধারণা, জালিয়াতির মাধ্যমে পাসওয়ার্ডগুলো হ্যাকাররা পেয়েছে। হ্যাকাররা শুধু মার্কিন কর্মকর্তাদের ই-মেইল অ্যাকাউন্টেই নয়, চীনের রাজনৈতিক নেতা-কর্মী ও এশিয়ার অন্যান্য দেশের কর্মকর্তাদের ই-মেইলও হ্যাক করেছে। গুগল জানায়, ই-মেইল অ্যাকাউন্ট হামলার শিকার ব্যক্তিদের এ বিষয়টি অবহিত ও তাদের ই-মেইলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। হোয়াইট হাউস বলেছে, তারা গুগলের দাবি খতিয়ে দেখছে। তবে তারা বিশ্বাস করে না যে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।এদিকে চীন গুগলের এ দাবি নাকচ করে দিয়ে বলেছে, এ ধরনের অভিযোগ একেবারে গ্রহণযোগ্য নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লি গত বৃহস্পতিবার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘এভাবে কোনো প্রমাণ হাতে না পেয়ে চীনকে হ্যাকিংয়ের জন্য দায়ী করা একেবারে অগ্রহণযোগ্য। গুগল কর্তৃপক্ষকে কারও সম্পর্কে বক্তব্য দেওয়ার সময় আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছি।’ —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান