প্রযুক্তির এই দিনে, ৯ মে
রেড হ্যাটের মার্ক ইউইংয়ের জন্মদিন
রেড হ্যাটের মার্ক ইউইংয়ের জন্মদিন। ওপেনসোর্স অপারেটিং সিস্টেম রেড হ্যাট লিনাক্সের স্রষ্টা এবং রেড হ্যাট ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা মার্ক ইউইংয়ের জন্মদিন আজ। তিনি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘৮৬ ওপেন’ প্রকল্পে যুক্ত ছিলেন।
৯ মে ১৯৬৯
রেড হ্যাটের মার্ক ইউইংয়ের জন্মদিন
ওপেনসোর্স অপারেটিং সিস্টেম রেড হ্যাট লিনাক্সের স্রষ্টা এবং রেড হ্যাট ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা মার্ক ইউইংয়ের জন্মদিন আজ। তিনি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘৮৬ ওপেন’ প্রকল্পে যুক্ত ছিলেন। রেড হ্যাটের অপর প্রতিষ্ঠাতা বব ইয়ং।
বাবা আইবিএম প্রোগ্রামার হওয়ায় কম্পিউটার প্রাঙ্গণে শৈশবেই যাওয়া-আসা ছিল মার্ক ইউইংয়ের। তখন থেকেই অ্যাপোলো ও কমোডর কম্পিউটারের জন্য প্রোগ্রাম লিখতেন মার্ক। ১৯৬৯ সালের ৯ মে জন্ম নেওয়া মার্ক ইউইং ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক হন। লাল টুপি (রেড হ্যাট) পরার জন্য বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিলেন মার্ক। কম্পিউটারে পারদর্শী হওয়ায় প্রায়ই তাঁর ডাক পড়ত। মানুষ বলত, কম্পিউটারের কোনো সমস্যায় ‘ম্যান ইন দ্য রেড হ্যাট’–এর কাছ থেকে সাহায্য নিতে পারো। মজার ব্যাপার হলো, কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে মার্ক যে টুপিটা পরতেন, সেটি ছিল তাঁর দাদার। পরে মার্ক ইউইং রেড হ্যাট নামেই প্রতিষ্ঠান গড়ে তোলেন। উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত বা ওপেন সোর্স সফটওয়্যারের জনপ্রিয়তা ও প্রসারের জন্য রেড হ্যাটের বড় অবদান রয়েছে।
৯ মে ১৯৬৭
বায়ুমণ্ডল নিয়ে গবেষণায় নতুন ভবন
কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণের পথিকৃৎ সংস্থা হলো যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ’। প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়া ও বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করতে ১৯৬৭ সালের ৯ মে এই সংস্থা নতুন ভবন পায়। কলোরাডোর বাউল্ডারে স্থাপিত হয় এই কেন্দ্র। ভবনের স্থাপত্য নকশা করেন বিশ্বখ্যাত স্থপতি আই এম পে। ভবন নির্মাণের জন্য এক লাখ ডলার অনুদান দিয়েছিল ম্যাক্স সি ফ্লিশমান ফাউন্ডেশন।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ ও উইকিপিডিয়া