শুরু থেকেই শুরু করি। ই-ক্যাব গড়ার ভাবনাটা এল কীভাবে?
রাজিব আহমেদ: ২০১৪ সালের মাঝামাঝি সময়ে আবদুল ওয়াহেদ তমাল, শাহেদ আলী আর আমি—তিনজন মিলে ঠিক করলাম, একটা অ্যাসোসিয়েশন করা দরকার। পরে আরও কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত হলো। কিন্তু তখন কমিটি বানানোর লোকই ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। একটা অ্যাসোসিয়েশন করতে কমপক্ষে সাতটি ট্রেড লাইসেন্স বা সাতটি প্রতিষ্ঠান লাগে। সাতজনকে এক করা গেলেও কেউ সভাপতি হতে আগ্রহী ছিলেন না। আমি কোনোকালেই ই-কমার্স ব্যবসায়ী ছিলাম না, এখনো নই। তাই ভাবনা ছিল, আমি হব সহসভাপতি আর সভাপতি হবেন খাতের কোনো প্রবীণ মানুষ। কয়েকজনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কেউ রাজি হননি। কারণ দুটো। এক, তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের আরেকটি ট্রেড অ্যাসোসিয়েশনের দিক থেকে একধরনের চাপ ছিল। দুই, তখন একটা ঘর নেই, কাগজ নেই, কলম নেই, শূন্য থেকে দাঁড় করানোই চ্যালেঞ্জ। সভাপতি হওয়ার ইচ্ছা আমার কখনো ছিল না। আমি লেখাপড়া করতে পছন্দ করি। ভেবেছিলাম, সহসভাপতি হয়ে এখানে-ওখানে বক্তৃতা দেব, গবেষণা করব। সেসব গবেষণা এখন ২০২৬ সালে এসে করছি। শেষে সাতজন পাওয়া গেল, ফেসবুকে আস্তে আস্তে আরও মানুষ এলেন। ২০১৪ সালের ৮ নভেম্বর প্রেসক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা হলো। সাংবাদিক আর আইটি খাতের মানুষ মিলিয়ে ২০০ জনের মতো ছিলেন। কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ কাউকে পাওয়া যায়নি। অনেকে হয়তো ভেবেছিলেন, কয়েকজন মিলে কিছু একটা করছে। তখন থ্রি-জি ইন্টারনেটই ভালো ছিল না, ফোর-জি তো পরের কথা।
সেই প্রতিকূল সময়ে সভাপতি হিসেবে কমিটিতে আপনার ভূমিকা ঠিক কী ছিল?
রাজিব আহমেদ: ইসি কমিটির অন্য সদস্যরা করপোরেট কোম্পানির সঙ্গে যোগাযোগ, সরকারি পর্যায়ে দৌড়ঝাঁপ—এগুলো ভালো করেছেন। আমি বুঝলাম, ৮-১০টা বা ২০টা কোম্পানি নিয়ে অ্যাসোসিয়েশন হলে ই-কমার্স খাত কোনো দিন দাঁড়াবে না। আমি শুরু থেকেই বলেছিলাম, এক মেয়াদ সভাপতি থাকব, দ্বিতীয়বার দাঁড়াব না। তখন ভাবলাম, আমাদের লক্ষ্য যে সদস্যরা, তাঁরা আসলে থাকেন কোথায়? প্রথমত, ফেসবুকে। দ্বিতীয়ত, তাঁরা টেলিভিশন দেখেন না, ইউটিউব-ফেসবুকে ভিডিও দেখেন। অন্য ব্যবসার একটা জায়গা আছে, সফটওয়্যারের জন্য কারওয়ান বাজার, হার্ডওয়্যারের জন্য আইডিবি ভবন বা এলিফ্যান্ট রোড। ই-কমার্সের সে রকম কোনো জায়গা নেই। উদ্যোক্তাদের ৯০ শতাংশের অফিস নেই; ঘরে বসে ওয়েবসাইট বা ফেসবুক পেজ খুলে ব্যবসা করেন। বেশির ভাগের বয়স ২০ থেকে ৩০। তাঁদের এক করা বিশাল চ্যালেঞ্জ। তাই ই-ক্যাবের ফেসবুক গ্রুপে তাঁদের অ্যাড করতে শুরু করলাম। একটানা ৩০ ঘণ্টাও সময় দিয়েছি, ঘুমাইনি।
অফিসই তো ছিল না। সদস্যদের সঙ্গে দেখা করতেন কোথায়?
রাজিব আহমেদ: ই-ক্যাবের তখন অফিস ছিল না। ধানমন্ডি লেক হয়ে গেল আমার অফিস। ঢাকার বিভিন্ন জায়গা, এমনকি বিভিন্ন জেলা থেকে ফেসবুক গ্রুপের সদস্যরা সেখানে দেখা করতে আসতেন। তখন ৯০ শতাংশই ছেলে, মেয়ে প্রায় ছিল না। কেউ উত্তরা থেকে এসেছেন, কেউ নিজের ওয়েবসাইট দেখাতে এসেছেন। আমার বিরুদ্ধে তখন একটা অভিযোগ ছিল, ই-ক্যাবের সভাপতি সারা দিন ফেসবুকে পড়ে থাকেন কেন? বাংলাদেশে প্রায় ৪০০ ট্রেড অ্যাসোসিয়েশন আছে, কোনোটির সভাপতি এমন করেন না। কিন্তু ওই গ্রুপই ই-ক্যাবকে দাঁড় করিয়েছে। ২০১৫ সালের ৩ জানুয়ারি শুরু করলাম স্কাইপ আড্ডা। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলত, সবার জন্য উন্মুক্ত ও বিনা মূল্যে। আমি ব্যবসার খুঁটিনাটি জানতাম না, তাই অভিজ্ঞ কয়েকজনও যোগ দিতেন। কারও কুরিয়ার সার্ভিসের সমস্যা, কেউ জানতে চাইতেন ফেসবুক পেজে বিজ্ঞাপন কীভাবে দেবেন। আমরা পথ দেখাতাম, এখানে যান, অমুকের সঙ্গে কথা বলুন। ঢাকার উত্তরা, বনানী, ধানমন্ডিসহ নানা এলাকায় আমি নিজে গিয়ে প্রতি মাসে আড্ডার আয়োজন করতাম। লোক বেশি হলে বড় রেস্তোরাঁ, কম হলে ছোট কোনো জায়গা। আরেকটা উদ্যোগ ছিল ই-ক্যাবের ব্লগ। কোনো অ্যাসোসিয়েশনের তখন ব্লগ ছিল না, এখনো নেই। ই-কমার্সের যত তথ্য তখন পাওয়া যেত, সবই আমেরিকান বইপত্র বা ওয়েবসাইটের। অথচ বাংলাদেশের ই-কমার্স অনেক আলাদা। এখানে অ্যামাজন বা আলিবাবার মতো প্রতিষ্ঠান কখনো ছিল না, এখনো নেই। দেশে কয়েক হাজার কোটি টাকার কোম্পানি অনেক আছে, অথচ ই-কমার্সে আমরা কয়েক শ কোটি টাকার ঘরই পেরোতে পারিনি। আর সবচেয়ে বড় পার্থক্য ক্যাশ অন ডেলিভারি। অনলাইনে অর্ডার দিয়ে পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া, অন্য কোনো দেশে এতটা আছে কি না, আমার জানা নেই। এতে কুরিয়ার থেকে টাকা পাওয়া, পণ্য ফেরত, গ্রাহকের অভিযোগ, নানা ঝামেলা সামলাতে হয়।
কোনো বড় আর্থিক প্রণোদনা ছাড়া উদ্যোক্তাদের কাছে ই-ক্যাব এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠল কীভাবে?
রাজিব আহমেদ: আমার জনপ্রিয়তার মূল কারণ, আমি প্রায় ২০০টি সমস্যার সমাধান করেছি, কুরিয়ার সার্ভিস আর উদ্যোক্তাদের মধ্যে। একবার রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেসেঞ্জারে বসে ৪টি কোম্পানির সমস্যা মিটিয়েছি। কোনোটি ৫ হাজার, কোনোটি ৫০ হাজার টাকার। সবচেয়ে বড়টি ছিল ৮ লাখ টাকার, একটি কুরিয়ার সার্ভিস এক সদস্যের টাকা দিচ্ছিল না। কয়েক দফায় ওদের অফিসে গিয়ে সেই টাকা আদায় করা হয়। দ্বিতীয় কারণ, পেমেন্ট গেটওয়ে। তখন এসএসএলকমার্জে যুক্ত হতে শুরুতে ২০ হাজার টাকা, তারপর মাসে ২ হাজার টাকা দিতে হতো। এক টাকার বিক্রি হোক বা না হোক, প্রথম বছরেই খরচ ৪৪ হাজার টাকা। আমরা পেমেন্ট গেটওয়েগুলোকে বোঝালাম, নিবন্ধন ফি আর মাসিক চার্জ না নিয়ে শুধু বিক্রির ওপর কমিশন নিন। খাত বড় হলে আপনারাই লাভবান হবেন। সহজে রাজি হয়নি, কিন্তু হয়েছে। এরপর উদ্যোক্তা জানলেন, বিক্রি হলে তিন শতাংশের মতো দিতে হবে, এর বাইরে কোনো খরচ নেই। হঠাৎ করে অনেক সদস্য কোম্পানির উঠে আসার পেছনে এটা এক নম্বর কারণ। বিকাশের সঙ্গেও চুক্তি করেছিলাম। অন্যদের কাছ থেকে দুই-আড়াই শতাংশ নিলেও ই-ক্যাবের সদস্যদের কাছ থেকে নিত দেড় শতাংশ। বলেছিলাম, আমরা আপনাদের কাছে এক টাকাও চাই না, আমাদের সদস্যদের এই সুবিধাটুকু দিন। কুরিয়ার সার্ভিসগুলো হয়তো দাম কমায়নি। কিন্তু গ্রুপে একটা নেতিবাচক খবর এলে কয়েক হাজার মানুষ জেনে যেত, তাতে তাদের ব্যবসায় ধাক্কা লাগত। এগুলোর কোনোটির কৃতিত্ব আমি একা দাবি করি না; আমরা কয়েকজন মিলে করেছি।
পেছনে ফিরে তাকালে আপনার নিজের সবচেয়ে বড় ব্যক্তিগত অবদান কোনটি বলে মনে হয়?
রাজিব আহমেদ: তরুণদের অ্যাসোসিয়েশনে নিয়ে আসা। শুধু নিয়ে আসা নয়, সামনের সারিতে আনা, তাঁদের হাতে মাইক্রোফোন তুলে দেওয়া, গণমাধ্যমের সামনে দাঁড় করানো। বিশের ঘরের তরুণ, এমনকি সবে এসএসসি দিয়েছে এমন কিশোরকেও সামনে এনেছি। ই-কমার্স এমন একটা খাত, যেখানে সংখ্যাগরিষ্ঠই তরুণ। তাই গ্রুপের কভার ফটো থেকে অনুষ্ঠানের মঞ্চ—যতভাবে পারা যায়, তাঁদের তুলে ধরেছি। অন্য অনেক কিছুর কৃতিত্ব আমি সবাইকে দিই। কিন্তু এই দর্শন একান্তই আমার। সে সময়ের অনেকে এখন পরিচিত মুখ, অনেকে ভালো করছেন।
শুরুতে যে দীর্ঘমেয়াদি স্বপ্ন দেখেছিলেন, তার কতটা পূরণ হয়েছে?
রাজিব আহমেদ: কিছু স্বপ্ন রূপকথার চেয়ে ভালোভাবে পূরণ হয়েছে। ২০১৬ সালে বলেছিলাম, ই-কমার্স বিলিয়ন ডলারের খাত হবে। দ্য ডেইলি স্টারে সেটা ছাপাও হয়েছিল। ১০ বছরে এখন এটি ৮-১০ বিলিয়ন ডলারের খাত। যা বলেছিলাম, তার ৮-১০ গুণ। আরেকটা স্বপ্ন ছিল, ২৪ জেলা নয়, সব উপজেলায় ই-কমার্সের সুফল যাবে। এখন তা ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। উদ্যোক্তা এখন লাখ পাঁচেক। ২০১৫ সালে আমরা বলতাম, ১ হাজার কোটি টাকার লেনদেন; এখন বলা হচ্ছে ১ লাখ কোটি টাকা। বিকেলে যেকোনো তিনটি কুরিয়ার সার্ভিসের অফিসে গেলেই বোঝা যায়, খাতটা কত বড় হয়েছে। কয়েক দিন আগে দেখলাম, কর্ণফুলী গার্ডেন সিটির মতো শপিং মল বন্ধ হয়ে গেছে, আরও ১০-১১টি বন্ধ হওয়ার পথে। প্রতিটি প্রতিবেদনেই অন্যতম কারণ হিসেবে অনলাইন কেনাকাটার কথা এসেছে। ১০-১২ বছরে মানুষের কেনাকাটার অভ্যাস এমন বৈপ্লবিকভাবে বদলাবে, তা আগে কেউ ভাবেননি। আর যেটা হয়নি: তরুণদের আরও বেশি সহায়তা দরকার ছিল।
সংগঠন গড়লেন, খাত বড় করলেন, তারপর হঠাৎ সরে গেলেন কেন?
রাজিব আহমেদ: হঠাৎ নয়। প্রথমেই কথা দিয়েছিলাম, একবারই সভাপতি থাকব। বাংলাদেশে কেউ চেয়ার ছাড়তে চায় না। আমি তখন ই-কমার্স খাতে অনেক জনপ্রিয়, তবু চেয়ার ছেড়েছি। এটা আমার প্রতিজ্ঞা ছিল, নীতির ব্যাপার। এখান থেকে কিছু নেব না, এটাও প্রতিজ্ঞা ছিল। ই-কমার্সে কোনো ব্যবসা করিনি। অনেক কোম্পানি প্রস্তাব দিয়েছিল, পাঁচ শতাংশের মালিক হন, বোর্ডে থাকুন, বিদেশি বিনিয়োগ আনতে সুবিধা হবে। নিইনি।
বর্তমান ই-কমার্স খাতের সামগ্রিক অবস্থাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
রাজিব আহমেদ: ভালো দিক হলো, এখন আর মানুষকে ই-কমার্স বোঝাতে হয় না। মানুষ অনলাইনে কেনাকাটায় এতটাই অভ্যস্ত যে শপিং মল হুমকির মুখে। ঢাকার জনসংখ্যা বেড়েছে, মলের বিক্রিও বাড়ার কথা ছিল; সেই বিক্রির একটা অংশ অনলাইনে চলে এসেছে। খারাপ দিক হলো, উদ্যোক্তাদের কোনো সাপোর্ট সিস্টেম নেই। তাই ঝরে পড়ার হার অনেক বেশি। এর দায়িত্ব কেউ নিতে চায় না, না সরকার, না অ্যাসোসিয়েশন। এটা খুব হতাশাজনক।
এ সংকট থেকে উত্তরণে ঠিক কী ধরনের প্রাতিষ্ঠানিক সাপোর্ট প্রয়োজন?
রাজিব আহমেদ: ছোট ও তরুণ উদ্যোক্তাদের জন্য কিছু ব্যবস্থা করলেই হয়। আইসিটি বিভাগ ২ হাজার উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল, সরকার বদলের পরও সেটা আছে। ওই উদ্যোগের সঙ্গে হয়তো আমার নাম নেই, কিন্তু ধারণাটা মূলত আমার ছিল। ফেসবুকে ও ওয়েবসাইটে এ নিয়ে আমার অনেক লেখা আছে। আমার প্রস্তাব হলো, ৫০ হাজারের জায়গায় ১ লাখ টাকা করে দেওয়া হোক। ২০ থেকে ৩৫ বছর বয়সী, ট্রেড লাইসেন্স, টিআইএন বা ব্যাংক স্টেটমেন্টের মতো শর্ত পূরণ করা উদ্যোক্তাদের অডিট ফার্মের মাধ্যমে বাছাই করা যায়। ২৪ জেলা থেকে ১০ হাজার উদ্যোক্তা। টাকাটা খরচ হবে শুধু ডেলিভারি চার্জে। প্রতি ডেলিভারিতে ১০০ টাকা ধরলে ১ হাজার পণ্য গ্রাহক বিনা ডেলিভারি চার্জে পাবেন। এক বছরে হাজার ডেলিভারি দিতে পারলে একজন উদ্যোক্তা মোটামুটি দাঁড়িয়ে যান। দুর্ভাগ্য, প্রতিষ্ঠাতা সভাপতি হয়েও আমার এসব ধারণা খুব একটা গুরুত্ব পায়নি। কুরিয়ার সার্ভিসের সঙ্গে ই-কমার্সের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা একতরফা তাদের সমালোচনা করি। কিন্তু ডেলিভারির জন্য যে সফটওয়্যার, হার্ডওয়্যার, গাড়ি, মোটরসাইকেল লাগে, সরকার সেগুলো পুরোপুরি কর-ভ্যাটমুক্ত করলে ই-কমার্সের বাজার আরও বাড়বে, উদ্যোক্তারাও উপকৃত হবেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ই-ক্যাবের নির্বাচন বারবার স্থগিত হয়ে গেল। সংগঠনটি এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকটকে কীভাবে দেখছেন?
রাজিব আহমেদ: এটা শুধু ই-ক্যাবের সংকট নয়। দেশের আরও অনেক অ্যাসোসিয়েশনে একই অবস্থা, আইটির বাইরেও। তাই এটা দেশের সমস্যা। নীতিনির্ধারকদের কড়া হতে হবে। বলতে হবে, অনেক হয়েছে, এত দিনের মধ্যে নির্বাচন হতে হবে। যাঁদের আপত্তি আছে, তাঁরা এসে বসুন। সরকার ছাড়া এটা সম্ভব নয়। নইলে কেউ একটা রিট বা মামলা করলেই আবার পিছিয়ে যাবে। বেসরকারি খাত বা ই-কমার্স কোম্পানিগুলোর এখানে করার কিছু নেই। আরেকটা বিষয়। ১২ বছর আগে ই-কমার্স ছিল মূলত আইসিটির বিষয়। এখন তা অনেকটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে। আমি এটাকে খুবই ইতিবাচক মনে করি। ই-কমার্স আসলে কমার্সেরই ইলেকট্রনিক রূপ।
বিপুল বিনিয়োগ পাওয়া বেশ কিছু বড় ই-কমার্স প্রতিষ্ঠান হঠাৎ মুখ থুবড়ে পড়ছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে। এর অন্তর্নিহিত কারণ কী?
রাজিব আহমেদ: বড় কোম্পানির ধ্বংস সারা পৃথিবীতেই হয়। ভারতে ই-লার্নিং প্রতিষ্ঠান বাইজুসের মতো বহু বিলিয়ন ডলারের কোম্পানিরও একই দশা হয়েছে। কেন হয়, তা নিয়ে নানা মত আছে। আমি খুব কাছ থেকে দেখেছি, বড় কোম্পানির অনেক মালিক খাতের রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেন। অথচ তাঁদের ভাবা উচিত, অ্যাসোসিয়েশন শত্রু নয়; এর মাধ্যমেই নীতিগত সহায়তা পাওয়া যায়। আজ ৫০ কোটি টাকা এনেছি, খাত বড় হলে কীভাবে ৫০০ কোটি আনব, এ চিন্তা করা উচিত। এটা অবশ্য আমার ব্যক্তিগত মত, অনেকে একমত না-ও হতে পারেন। কয়েকটি বড় কোম্পানি বড় সমস্যাও তৈরি করেছে, তা গণমাধ্যমেই এসেছে। যে খাতের আকার ১০০ গুণ বেড়েছে, সেখানে বড় কোম্পানিগুলোর আরও ভালো করার কথা ছিল। তারা বিনিয়োগসহ নানা সরকারি সহায়তা পেয়েছে, সরকারি সহায়তায় বিদেশেও গেছে। এখন যারা বড় বা বড় হচ্ছে, তাদের পুরো মনোযোগ ব্যবসায় থাকা উচিত। যিনি ১০০ কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন, যাঁর অধীনে হাজার মানুষ কাজ করেন, তাঁর মাথাব্যথা সেটাই হওয়া উচিত।
ই-ক্যাবের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে ভবিষ্যতে কাদের আসা উচিত বলে আপনি মনে করেন?
রাজিব আহমেদ: এখন কথাটা শান্তিতে বলতে পারি, কারণ আমি আর নির্বাচনে দাঁড়াচ্ছি না। কেউ বলবেন না যে রাজিব আহমেদ আবার সভাপতি হতে চান বলে এসব বলছেন। আমার মনে হয়, নেতৃত্বে দুই ধরনের মানুষ দরকার। এক ধরন ব্যবসায়ী, আরেক ধরন যাঁরা খাতটা বোঝেন, বিশ্লেষণ করতে পারেন। এ দুইয়ের ভারসাম্য না হলে চলবে না। ই-কমার্স পুরোপুরি জ্ঞানভিত্তিক খাত। একজন ডেলিভারিম্যানকেও অ্যাপের ব্যবহার জানতে হয়।
নারী উদ্যোক্তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘উই’ (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম)-এর জন্ম তো আপনার হাত ধরেই?
রাজিব আহমেদ: ঠিক আমার হাত দিয়ে নয়। ২০১৬ সালে দেখলাম, ফেসবুকভিত্তিক উদ্যোক্তাদের বেশির ভাগই নারী। অথচ ইসি কমিটির নয়জনের কেউ নারীদের নিয়ে কাজ করেন না। কমিটিতে একমাত্র নারী ছিলেন নাসিমা আক্তার নিশা। তাঁকে প্রায় প্রতি সপ্তাহে বলতাম, আমি যত দিন সভাপতি আছি, তার মধ্যে একটা সংগঠন দাঁড় করান। আমি চলে গেলে কেউ আর এটা নিয়ে ভাববে না। শেষ পর্যন্ত ২০১৭ সালে শুরু হলো। নামটাও আমি ঠিক করে দিই। প্রথম দিন ১৪ জনের মধ্যে ৭ জন এসেছিলেন আমার কারণে। আমি ছিলাম প্রথম উপদেষ্টা, গ্রুপের অ্যাডমিনও। আমার মেয়াদ শেষ হওয়ার পরও গ্রুপটা কোনোরকমে চলছিল। ২০১৯ সালের ১৬ আগস্ট উইয়ের সদস্য ছিল সাড়ে ৩ হাজার, দিনে পোস্ট পড়ত ৩-৪টা। তখন দায়িত্ব নিলাম। পরে কয়েক মাস নিশা ব্যক্তিগত কারণে সময় দিতে পারেননি; পুরো দায়িত্ব আমার ওপর এসে পড়ে। দুটো মৌলিক পরিবর্তন আনলাম। এক. আগে দেশি-বিদেশি সব পণ্য চলত; এখন থেকে শুধু দেশি পণ্য। তখন দেশি পণ্যের আলাদা কোনো গ্রুপ ছিল না, শুধু দেশি পণ্যের ওয়েবসাইটও প্রায় ছিল না। দুই. বাংলিশে কোনো পোস্ট দেওয়া যাবে না, লিখতে হবে বাংলা অক্ষরে। আমি দিনে ১২, ১৪, এমনকি ১৬ ঘণ্টা সময় দিতে শুরু করলাম। এক বছরের মধ্যে সদস্য হলো প্রায় ১০ লাখ।
খাতটিকে দীর্ঘ মেয়াদে টেকসই ও সুশৃঙ্খল করতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া উচিত?
রাজিব আহমেদ: সবার আগে একটা জরিপ দরকার, কতজন উদ্যোক্তা, কার কতজন কর্মী, কে ১০ জন, কে ২০ জন, কে ১০০ জন নিয়ে চলছেন। পুরো খাতের ছবি পেলেই নীতি ঠিক করা যায়। আমার কাছে সবচেয়ে বড় দুর্বলতা হলো, ঢাকার বাইরের উদ্যোক্তা এখনো সীমিত। অথচ পণ্য তো ঢাকায় হয় না। ঢাকায় চাষ হয় না, বুড়িগঙ্গায় মাছও নেই। কৃষিপণ্য তো বটেই, শিল্পপণ্যও আসে ঢাকার বাইরে থেকে। তাই শুরু করতে হবে সিলেট, খুলনার মতো বিভাগীয় শহর দিয়ে। আমরা ঢাকায় বসে ভাবি, কিন্তু খুলনায় গিয়ে দশটা ই-কমার্স অফিস দেখে আসি না। প্রতিটি বিভাগীয় শহরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলা দরকার। আমার সহযোগিতা লাগলে আমি আছি। ভারতের দিকে তাকান। দিল্লিতে যতটা ই-কমার্স পাবেন, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুতেও পাবেন। সেখানকার ই-কমার্স অনেকটা ভারসাম্যপূর্ণ, এলাকাভিত্তিক। আমাদেরটা শুধুই ঢাকাকেন্দ্রিক। ই-ক্যাবকে জিজ্ঞাসা করে দেখুন, মোট সদস্যের কতজন ঢাকার। উত্তরেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।
শেষ প্রশ্ন। দীর্ঘ এক যুগের এ পথচলায় ব্যক্তিগতভাবে আপনার পাওয়া আর না-পাওয়ার খতিয়ান কী?
রাজিব আহমেদ: আমি সবকিছুই পেয়েছি। আমার নিজেকে নিয়ে যে স্বপ্ন ছিল, এখন সেটাই করছি। গত দুই মাসে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছি। আগামী বছর থেকে হয়তো বিদেশে গিয়ে বক্তৃতা দেব। ব্যক্তিগতভাবে যা চেয়েছিলাম, পেয়েছি তার চেয়ে অনেক বেশি। ই-কমার্সে আমার মতো জনপ্রিয়তা আর কারও নেই। না-পাওয়ার ঘরে শূন্য।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
রাজিব আহমেদ: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।