কঠিন সংকটের মুখোমুখি উইকিপিডিয়া, কারণ কী
যাত্রা শুরুর পর থেকে ২৫ বছর ধরে মানুষের তৈরি নির্ভরযোগ্য তথ্য বিশ্বজুড়ে সবার কাছে বিনা মূল্যে পৌঁছে দিলেও বেশ কিছুদিন ধরে কঠিন সময় পার করছে বিশ্বের বৃহত্তম অনলাইন তথ্যভান্ডার উইকিপিডিয়া। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আগ্রাসন, অন্যদিকে রাজনৈতিক চাপ ও স্বৈরাচারী শাসকদের দমনপীড়নের ঘটনা উইকিপিডিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–সমর্থিত ডানপন্থীরা ও তাঁদের সামনের সারিতে থাকা ধনকুবের ইলন মাস্ক উইকিপিডিয়ার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলছেন। এমনকি সাইটটির অলাভজনক সংস্থামূলক মর্যাদাকেও তাঁরা চ্যালেঞ্জ করেছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উইকিপিডিয়ার বিপুল তথ্যভান্ডার বিনা মূল্যে ব্যবহার করছে, ফলে উইকিপিডিয়া ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের দমনমূলক সরকার উইকিপিডিয়ার সেচ্ছাসেবী সম্পাদকদের গ্রেপ্তার করে জেলে পাঠাচ্ছে।
গত ২৫ বছরের ইতিহাসে কখনোই এত কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়নি উইকিপিডিয়াকে। আর তাই কঠিন পরিস্থিতি মোকাবিলায় উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের লবিং বাজেট বাড়িয়েছে এবং নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিজ্ঞাপন দিচ্ছে। শুধু তা–ই নয়, গুগল ও মেটার মতো বড় বড় প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছে উইকিপিডিয়া। একই সঙ্গে স্বেচ্ছাসেবীদের হয়রানি ও নজরদারি ঠেকাতে নিজেদের মানবাধিকারবিষয়ক দলের কর্মীসংখ্যা বাড়ানোর পাশাপাশি সাবেক কূটনীতিককে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।
যুদ্ধক্ষেত্রের কূটনীতিক এখন উইকিপিডিয়ায়
গত জানুয়ারি মাসে উইকিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেছেন বার্নাডেট মিহান। চিলিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি। ওবামা ফাউন্ডেশন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও ওয়াল স্ট্রিটেও কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। অতীতে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি আলোচনা কিংবা কিউবার সঙ্গে কূটনৈতিক আলোচনা সহজ করার মতো অত্যন্ত জটিল সব কাজ করেছেন এই বহুভাষাবিদ নারী। তবে বিশ্বের ১০টি শীর্ষ জনপ্রিয় ওয়েবসাইটের একটির অভিভাবকত্ব করা মিহানের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজ হতে যাচ্ছে।
ইরাক যুদ্ধের সময় ২০০৭ সালের বড় একটি অংশ যুদ্ধক্ষেত্রে কাটানো মিহান উইকিপিডিয়ার এ সংকটকে সরাসরি যুদ্ধ বলতে রাজি নন। তিনি বলেন, ‘ইন্টারনেটে আমাদের যা কিছু আছে, উইকিপিডিয়া তার সবকিছুর ভিত্তি হিসেবে কাজ করে। এটি সবার কাছে প্রিয় ও নির্ভরযোগ্য। চরম মেরুকরণের এই সময়ে একে একটি বিশ্বস্ত উৎস হিসেবে দেখা হয়।’ তিনি আরও যোগ করেন, ‘এটি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হলো, আমরা কীভাবে এ প্রকল্পকে বাঁচিয়ে রাখব!’
ডানপন্থীদের সঙ্গে সংঘাত
বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক উইকিপিডিয়াকে ‘ওকিপিডিয়া’ বলে উপহাস করেছেন। উইকিপিডিয়ার বৈচিত্র্যময় উদ্যোগের বিরোধিতা করে তাঁর অনুসারীদের উইকিপিডিয়ায় অনুদান দেওয়া বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। ইলন মাস্কের সুরে সুর মিলিয়ে অনেক রক্ষণশীল ব্যক্তি উইকিপিডিয়াকে বামপন্থীদের আখড়া বলে অভিহিত করছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ উইকিপিডিয়ার আদর্শিক পক্ষপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসনের সাবেক এআই প্রধান ডেভিড স্যাক্স ও জনপ্রিয় ধারাভাষ্যকার টাকার কার্লসনও একই সুর মিলিয়েছেন। এমনকি ২০০১ সালে জিমি ওয়েলসের সঙ্গে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করা ল্যারি স্যাঙ্গারও উইকিপিডিয়ার সমালোচনা করেছেন।
অনলাইনের এ বিতর্ক এখন উইকিপিডিয়ার জন্য বাস্তব আইনি হুমকি তৈরি করেছে। গত বছর ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এই অলাভজনক সংস্থার করছাড়ের সুবিধা খতিয়ে দেখার উদ্যোগ নেন। এরপর আগস্ট মাসে রিপাবলিকান নেতৃত্বাধীন একটি মার্কিন সংসদীয় কমিটি উইকিমিডিয়ার ওপর তদন্ত শুরু করে। তারা নির্দিষ্ট কিছু সম্পাদকের পরিচয় এবং বিদেশি শক্তির প্রভাবের প্রমাণ দাবি করে। উইকিমিডিয়া অবশ্য জানিয়েছে যে তারা এ তদন্তের জবাব দিয়েছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, উইকিপিডিয়া পরিচালনায় কোনো গোপন চক্র নেই। প্রায় ২ লাখ ৫০ হাজার অবৈতনিক অপরিচিত মানুষ ছদ্মনামে প্রতি মিনিটে ৩২৪ বার এ সাইটের তথ্য সংশোধন ও সম্পাদনা করেন। ফ্যাক্ট চেকিং সাইট পলিটিফ্যাক্টের প্রতিষ্ঠাতা বিল অ্যাডেয়ার বলেন, উইকিপিডিয়া সম্পর্কে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি সত্যিকারের গণতন্ত্র। এটি কিছুটা বিশৃঙ্খল, কোলাহলপূর্ণ, তবে এটি কাজ করে।
বিরোধীদের উদ্দেশে উইকিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নাডেট মিহান বলেন, ‘আমরা কোনো সাংস্কৃতিক যুদ্ধ বা রাজনৈতিক আলোচনার অংশ হতে চাই না। যাঁরা পৃথিবীতে জ্ঞান ছড়িয়ে দিতে চান, উইকিপিডিয়া তাঁদের জায়গা।’ যাঁদের মনে উইকিপিডিয়া নিয়ে পক্ষপাতের সন্দেহ আছে, তাঁদের সরাসরি উইকিপিডিয়ার সম্পাদক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
এআইয়ের আগ্রাসন ও তথ্য চুরি
বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের চ্যাটবট যেমন জেমিনি, ক্লড ও চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে উইকিপিডিয়ার বিশাল তথ্যভান্ডার ব্যবহার করছে। এসব বট পরে উইকিপিডিয়ার তথ্যই কিছুটা ভুলভাবে উপস্থাপন করছে, যা ইন্টারনেটের তথ্যের পরিবেশকে দূষিত করছে। এর বড় উদাহরণ হলো ইলন মাস্কের তৈরি গ্রোকিপিডিয়া। এটি উইকিপিডিয়া থেকে অবাধে তথ্য চুরি করছে এবং মিহানের প্রোফাইলসহ অনেক জায়গায় ভুল তথ্য পরিবেশন করছে। শুধু তা–ই নয়, সার্চ ফলাফলের ওপর এআইয়ের তৈরি সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেখানোর কারণে উইকিপিডিয়া ওয়েবসাইটের পাঠকসংখ্যা কমে যাচ্ছে। গত বছরের শেষের দিকে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে পাঠকসংখ্যা প্রায় ৮ শতাংশ কমে গেছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে উইকিপিডিয়া। এ সংকট কাটাতে উইকিমিডিয়া এখন এআই শিল্পের কাছ থেকে মাশুল আদায় করছে। গত বছর এ খাত থেকে উইকিমিডিয়া ৮৩ লাখ ডলার আয় করেছে। এ বিষয়ে মিহান বলেন, ‘আমাদের অবকাঠামো বিনা মূল্যে চলে না। যখন বিভিন্ন স্ক্র্যাপার এসে একবারে সব ডেটা ডাউনলোড করে, তখন আমাদের সিস্টেমের ওপর বড় প্রভাব পড়ে। এ আচরণের একটি আক্ষরিক আর্থিক মূল্য রয়েছে।’
বৈশ্বিক নিষেধাজ্ঞা ও কারাদণ্ড
উইকিপিডিয়া বর্তমানে ৩৪৫টি ভিন্ন ভাষায় সেবা দিচ্ছে। এর মধ্যে ইংরেজি সংস্করণটি সবচেয়ে সক্রিয়। চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ায় উইকিপিডিয়া সম্পূর্ণ ব্লক বা নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সাল পর্যন্ত তুরস্কেও এটি প্রায় তিন বছর নিষিদ্ধ ছিল। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ১০ জন উইকিপিডিয়া সম্পাদককে তাঁদের কাজের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদি আরবের এক শিশুবিশেষজ্ঞকে সরকারি নজরদারি ও মানবাধিকার নিয়ে লেখার কারণে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলারুশও বেশ কয়েকজন সম্পাদককে আটক করে পেনাল কলোনি বা শ্রমশিবিরে পাঠিয়েছে।
উইকিপিডিয়ার তথ্যের ওপর বিভিন্ন দেশের সরকারের সেন্সরশিপের চাপও বাড়ছে। গত বছর উইকিমিডিয়া কনটেন্ট মুছে ফেলা বা পরিবর্তনের জন্য ৯৩৪টি অনুরোধ পেয়েছে, যার মধ্যে ১১৭টি এসেছে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে। এর বেশির ভাগই এসেছে রাশিয়ার কাছ থেকে। রাশিয়া উইকিপিডিয়ার বিরুদ্ধে তাদের সামরিক বাহিনীকে কলঙ্কিত করার অভিযোগ এনেছে। উইকিমিডিয়া অবশ্য রাশিয়ার দেওয়া জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
উইকিপিডিয়ার ভবিষ্যৎ সব সময়ই কিছুটা অনিশ্চিত মনে হয়েছে। তবে এত বিপদের মধ্যেও উইকিপিডিয়া থেমে নেই। মিহান বিশ্বাস করেন, উইকিপিডিয়া হলো এমন এক অনন্য পরীক্ষা, যা সমাজকে সংঘাতের বদলে ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, এখনকার পৃথিবীতে যেখানে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে, তথ্যের অমিল হচ্ছে, সেখানে দ্বিমত থাকাটা স্বাভাবিক।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
https://www.nytimes.com/2026/07/05/business/media/wikipedia-ai-elon-musk.html