প্রযুক্তির এই দিনে: ৩১ মে
বেসিক প্রোগ্রামিং ভাষার জন কেমেনির জন্মদিন
জন কেমেনির জন্মদিন। কম্পিউটারের জন্য জনপ্রিয় বেসিক প্রোগ্রামিং ভাষার সহনির্মাতা জন কেমেনি ১৯২৬ সালের ৩১ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করেন।
৩১ মে ১৯২৬
বেসিক প্রোগ্রামিং ভাষার জন কেমেনির জন্মদিন
কম্পিউটারের জন্য জনপ্রিয় বেসিক প্রোগ্রামিং ভাষার সহনির্মাতা জন কেমেনি ১৯২৬ সালের ৩১ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। কম্পিউটার ইতিহাসে কেমেনির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, বিশেষ করে যে বছরগুলো তিনি ডার্টমাউথ কলেজে কাটিয়েছেন। সেই সময়ে তিনি টমাস কুর্টজের সঙ্গে মিলে বেসিক প্রোগ্রামিং ভাষা উন্নয়ন করেন। তাঁর কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটা কেমেনি তৈরি করেছিলেন, যাতে শিক্ষার্থীরা সহজে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে পারে। এরও আগে কেমেনি নিউ মেক্সিকোর লস অ্যালামসে জন ভন নিউম্যানের সঙ্গে কাজ করেছিলেন, সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ‘দ্য ম্যানহাটান প্রজেক্ট’।
বেসিকের পূর্ণরূপ হলো ‘বিগিনারস অল-পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড’। ডার্টমাউথ কলেজে এটি ১৯৬৩ সালে তৈরি হয়। বেসিকের সুবিধা ছিল, এতে সহজ ইংরেজিতে নির্দেশনা (কমান্ড) লেখা যায় আর কমান্ডগুলো সহজে মনেও রাখা যায়।
কেমেনি ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭০ থেকে ১৯৮১ তিনি এই কলেজের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯২ সালের ২৬ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।
৩১ মে ১৯৬০
গবেষণাপত্রে ইন্টারনেটের মূল সূত্র
ইন্টারনেটের পথিকৃৎ লিওনার্ড ক্লাইনরক ১৯৬০ সালের ৩১ মে বৃহৎ যোগাযোগ নেটওয়ার্কে তথ্যপ্রবাহ (ইনফরমেশন ফ্লো ইন লার্জ কমিউনিকেশন নেটস) শিরোনামে গবেষণাপত্র প্রকাশ করেন। এটা ছিল তাঁর পিএইচডির অভিসন্দর্ভ (থিসিস)। এতে তিনি দেখিয়েছেন, সুইচিং নেটওয়ার্কের মেসেজ ডিলেতে কোয়ারিং সূত্রের প্রায়োগিক ব্যবহার। ১৯৬৪ সালে এটি বই আকারে প্রকাশিত হয়। ইন্টারনেটে লিখিত বার্তার আদান–প্রদানের প্রযুক্তি উন্নয়নে ক্লাইনরক একজন পথিকৃৎ।
নেটওয়ার্ক নিয়ে তিনি উল্লেখযোগ্য আরও কাজ করেছেন। সত্তরের দশকের গোড়ার দিকে প্যাকেট সুইচিং নেটওয়ার্কের কার্যক্ষমতা পরিমাপের জন্য তিনি কোয়ারিং সূত্রের প্রয়োগ দেখান। আরপানেটের উন্নয়নে ক্লাইনরকের এই কাজ মূল প্রভাব ফেলে। ২০১২ সালে একজন পথিকৃৎ হিসেবে ইন্টারনেট হল অব ফ্রেমে লিওনার্ড ক্লাইনরককে (জন্ম ১৩ জুন, ১৯৩৪) অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোনিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেসে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন লিওনার্ড ক্লাইনরক।