বাবাকে বাঁচাতে শুভর যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থ্রিডি গ্রাফিকস নিয়েই শুভর কাজ
ছবি: সংগৃহীত

২০২০ সালে হঠাৎ একদিন রুবেল মিয়া চিকিৎসকের দেওয়া পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট পেলেন। সেই রিপোর্টে দুঃসংবাদ! রুবেল মিয়া ত্বকের ক্যানসারে আক্রান্ত। সরকারের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী রুবেল মিয়া। ক্যানসারের মতো রোগের চিকিৎসা করবেন কীভাবে। ভাবতে ভাবতেই বাড়ি ফেরেন। জানান পরিবারের সবাইকে। বড় ছেলে শুভ রিপোর্ট দেখে বলেন, ‘বাবা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।’ বাবাকে বাঁচিয়ে রাখার যুদ্ধে নামেন শুভ। এই যুদ্ধে তাঁর কার্যকর হাতিয়ার হয়ে ওঠে তথ্যপ্রযুক্তির ফ্রিল্যান্সিং।

শুরুর কথা

গতকাল রোববার কথা হচ্ছিল রুবেল মিয়া এবং তাঁর দুই ছেলে শুভ ও সৈকতের সঙ্গে। প্রথম আলোকে তাঁরা জানান বিস্তারিত। ২০২০ সালে যখন বাবার ক্যানসার ধরা পড়ল, তখন শুভ সরকার ঢাকার আজিমপুরে রায়হান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। এর আগে ২০১৯ সাল থেকে ইউটিউব দেখে দেখে কম্পিউটার গ্রাফিকসের কাজ শিখেছেন। সেই কাজ আরও ভালো করে শেখার জন্য ছয় মাসের মোশন গ্রাফিকস কোর্সে ভর্তি হন ঢাকার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে। ১৫ দিন ক্লাসের পরেই এল করোনা মহামারি।

মোশন গ্রাফিকসের ক্লাস বাসায় বসে অনলাইনে করতেন শুভ। একই সঙ্গে থ্রিডি অ্যানিমেশন বিষয়ে ভালো করে জানতে লাগলেন। শুরু হলো তাঁর কাজ। ইন্টারনেটে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ দেওয়া–নেওয়া বিভিন্ন সাইটে (অনলাইন মার্কেটপ্লেস) কাজ শুরু করলেন। টুকটাক আয় হতো। শুভ বলেন, ‘বাবাকে বলেছিলাম রেজাল্ট ভালো হলে একটা কম্পিউটার কিনে দিতে। পাস করলাম, তবে রেজাল্ট ভালো হলো না। তবু বাবা একটি কম্পিউটার কিনে দিলেন।’

দুই ভাই সৈকত ও শুভ সরকার

ছোট কাঁধে বড় বোঝা

ক্যানসারের রিপোর্ট দেখে শুভ বাবাকে তো বলেছিলেন, ‘আমি আছি।’ কিন্তু বুঝে উঠতে পারছিলন না কী করবেন। ক্যানসারের চিকিৎসার খরচ তো অনেক। তখনই শুভ কাজ শুরু করেন মোশন গ্রাফিকস ও থ্রিডি অ্যানিমেশনের। কাজও পেলেন যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের কাছ থেকে। সেখানে আড়াই হাজার ডলারে চুক্তিবদ্ধ হলেন। কাজটা ছিল পণ্য ও ব্র্যান্ডিং অ্যানিমেশনের। এদিকে বাবার চিকিৎসার টাকার জন্য সব সময়ই চিন্তায় থাকতেন। কখন, কত টাকা লাগে। প্রতি সপ্তাহে ৬০ হাজার টাকা খরচ হতো। তাই টাকার জন্য কাজ করে যেতেন রাতদিন। টানা ৩১ ঘণ্টা কাজ করে অসুস্থও হয়ে পড়েছিলেন।

কাজ করতে করতে যখনই ক্লান্ত লাগত, তখনই বাবার কথা মনে পড়ত শুভর। ক্লান্তি ঝেড়ে কাজ শুরু করতেন।

কাছের মানুষদের দূরে চলে যাওয়া

শুভর বাবার ক্যানসার ধরা পড়ার প্রথম দিকে আত্মীয়স্বজনসহ সবাই খোঁজখবর করতেন। একটা সময় আর কেউ যোগাযোগ করেন না। শুভর মা সুলতানা রাজিয়া প্রথম আলোকে বলেন, ‘অনেক কাছের মানুষ দূরে চলে গেছেন। যাঁরা খোঁজখবর নিতেন, তাঁরাও একসময় ফোন ধরা বন্ধ করলেন, যদি টাকা চাই। সময়টা ছিল অনেক কষ্টের। আমার দুই ছেলে আমাদের সাহস দিত, “মা কিছু হবে না। আমরা আছি সব ঠিক হয়ে যাবে।”’ আসলে বিপদে পড়লে বোঝা যায় অনেক কাছের মানুষও দূরে চলে যায়। যে সময়টা পার করে এসেছি, সেটা ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’

বাবা রুবেল মিয়া ও মা সুলতানা রাজিয়ার সঙ্গে দুই ভাই

বাবাকে বাঁচানোর যুদ্ধ

শুভ যখন কম্পিউটারে থ্রিডির কাজ করতেন, তখন ছোট ভাই সৈকত সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখত। একদিন সে বলে, ‘ভাইয়া আমাকেও শেখাবে?’ শুভ তখন ছোট ভাইকেও শেখাতে লাগলেন। শুভ সরকার প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাই সৈকত পঞ্চম শ্রেণিতে পড়ে। এখন সে আমার ডান হাত। আমরা দুজনে একটি দল। সৈকতও থ্রিডি ডিজাইন করে এখন।’

সৈকত সরকার বলে, ‘ভাইয়া যখন ঘুমায় তখন আমি তাঁর দেখানো কাজগুলো করে দিই। যদি কোনো ভুল থাকে পরে আমাকে সেগুলো দেখিয়ে দেন।’

এভাবে শুভ সরকার বাবা রুবেল মিয়ার পাশে দাঁড়িয়েছেন। রুবেল মিয়া এখন সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছেন। আর শুভ যেহেতু অ্যানিমেশন, থ্রিডি গ্রাফিকস নিয়ে কাজ করেন, তাই তাঁর আয়টাও বেশ বড় অঙ্কের। বাবাকে বাঁচাতে যুদ্ধ করতে করতে হয়ে উঠেছেন সফল ফ্রিল্যান্সার।

শুভর যা কাজ

প্রথমে শুভ কাজ করতেন মোশন গ্রাফিকস নিয়ে। এরপরে তিনি কাজ শুরু করেন ভিডিও ক্রিয়েশন, ব্র্যান্ড অ্যানিমেশন ইত্যাদি নিয়ে। বর্তমানে শুভ কাজ করছেন থ্রিডি প্রোডাক্ট অ্যানিমেশন, ভিএফএক্স নিয়ে।

বর্তমানে শুভ ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে (সিএসই) প্রথম সেমিস্টারে পড়ছেন। এখন তাঁর গ্রাহকসংখ্যা ৩০ থেকে ৩৫। এই তালিকা আরও বাড়াতে চান। ফ্রিল্যান্সিংয়ের দক্ষ একটি দল তৈরি করে সামনে এগোতে চান শুভ।