প্রযুক্তির এই দিনে: ৬ অক্টোবর
ফটোকপিয়ারের পেটেন্ট পেলেন চেস্টার কার্লসন
ফটোকপিয়ারের পেটেন্ট স্বত্ব পান মার্কিন পদার্থবিজ্ঞানী, উদ্ভাবক ও পেটেন্ট আইনজীবী চেস্টার ফ্লয়েড কার্লসন।
৬ অক্টোবর ১৯৪১
ফটোকপিয়ারের পেটেন্ট স্বত্ব পেলেন চেস্টার কার্লসন
ইলেকট্রিক ফটোগ্রাফি—আজ যা ফটোকপি নামে বেশি পরিচিত, সেই যন্ত্র উদ্ভাবনের পেটেন্ট স্বত্ব পান চেস্টার কার্লসন। মার্কিন পদার্থবিজ্ঞানী, উদ্ভাবক ও পেটেন্ট আইনজীবী চেস্টার ফ্লয়েড কার্লসন (৮ ফেব্রুয়ারি ১৯০৬-১৯ সেপ্টেম্বর ১৯৬৮) যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন।
কার্লসন ইলেকট্রোফটোগ্রাফি (এখন জেরোগ্রাফি, যার অর্থ ড্রাই রাইটিং বা শুকনা লেখা) উদ্ভাবন করেন। এই যন্ত্র দিয়ে ফটোস্ট্যাট প্রক্রিয়ায় ভেজা কপির বদলে শুকনো কপি পাওয়া যায়। এটি দ্রুত জনপ্রিয়তা পায়, বর্তমানে বিশ্বে কোটি কোটি ফটোকপি করার যন্ত্র বা ফটোকপিয়ার ব্যবহৃত হচ্ছে।
চেস্টার কার্লসন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও নিউইয়র্ক ল স্কুলে পড়াশোনা করেছেন। তিনি বেল ল্যাবস, ব্যাটেলে মেমোরিয়াল ইনস্টিটিউট ও জেরক্সে কাজ করেছেন।
৬ অক্টোবর ১৯৮৩
রেকর্ড পরিমাণ আয় করার পর পুঁজিবাজারে লোটাস ডেভেলপমেন্ট
আগের ১২ মাসে রেকর্ড পরিমাণ ১ কোটি ২৮ লাখ মার্কিন ডলার রাজস্ব আয় করে সফটওয়্যার নির্মাতা লোটাস ডেভেলপমেন্ট করপোরেশন পুঁজিবাজারে প্রবেশ করে। ১৯৮২ সালে মিচ ক্যাপর ও জোনাথন স্যাশ্চ লোটাস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ক্যাপরেরের তৈরি হিসাব কষার প্রোগ্রাম লোটাস ১-২-৩ দিয়ে ব্যাপক বাণিজ্যিক সফলতা পায়। লোটাস ১-২-৩ আইবিএম পিসির অপারেটিং সিস্টেমকে এড়িয়ে চালু হতো, ফলে এটি দ্রুত চালু হতো। তাই ব্যবহারকারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। এ ছাড়া এর হিসাব কষার দক্ষতা, সুন্দর গ্রাফিকস ও তথ্য পুনরুদ্ধারের সুবিধা লোটাস ১-২-৩ প্রোগ্রামকে সাফল্য দিয়েছিল। ১৯৯৫ সালে আইবিএম লোটাস অধিগ্রহণ করে।