বাংলালিংকের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু
রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। গ্রাহকদের জন্য যাতে একটি স্বাচ্ছন্দ্যদায়ক পরিবেশ, সহমর্মিতাপূর্ণ সেবা ও নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করা যায়, সেভাবেই এক্সপেরিয়েন্স সেন্টারটি সাজানো হয়েছে। নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টার বাংলালিংকের ‘পিপল-ফার্স্ট’ নীতির প্রতিফলন। এখানে গ্রাহকেরা সহজে বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবেন। নিজেদের প্রয়োজন অনুযায়ী সহায়তাও পাবেন। গতকাল সোমবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে গতকাল সোমবার এই এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে। স্যাংকচুয়ারি বা শান্ত ও স্বস্তিদায়ক আশ্রয়স্থলের ধারণা থেকে এই সেন্টারের নকশা করা হয়েছে। প্রচলিত টেলিযোগাযোগ সেবাকেন্দ্রের ধরন থেকে বেরিয়ে গ্রাহকসেবায় ভিন্ন অভিজ্ঞতা দিতেই এটি সাজানো হয়েছে। এখানে প্রচলিত সার্ভিস কাউন্টার নেই। বরং খোলামেলা ও আরামদায়ক পরিবেশ রাখা হয়েছে। এতে গ্রাহকেরা সহজেই বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবেন, প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন এবং গ্রাহকসেবা প্রতিনিধিদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন।
এ সেন্টারে আলাদা ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেস রয়েছে। এখানে দর্শনার্থীরা বাংলালিংকের বিভিন্ন অ্যাপ, সেবা ও ডিজিটাল সুবিধা সম্পর্কে জানতে পারবেন। বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘আমাদের কাছে গ্রাহকদের সঙ্গে প্রতিটি যোগাযোগ মানেই তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়ার সুযোগ। এই এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে আমরা এমন একটি স্থান তৈরি করেছি, যেখানে গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাবেন।’