৮০ বছরের অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান করল ওপেনএআইয়ের এআই মডেল

ওপেনএআইফাইল ছবি: রয়টার্স

ওপেনএআইয়ের সর্বশেষ এআই মডেল প্রায় ৮০ বছর ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার সমাধান করেছে বলে জানিয়েছেন গবেষকেরা। এরই মধ্যে ওপেনএআইয়ের নতুন এআই মডেলের উপস্থাপন করা তথ্য ও প্রমাণ পর্যালোচনা করে গণিতবিদেরা সেটিকে গাণিতিকভাবে সঠিক বলে মত দিয়েছেন। সমস্যাটি ছিল মূলত কম্বিনেটরিকস বা সমাবেশতত্ত্ব বিষয়ে। গণিতের এই শাখায় বিভিন্ন ধরনের বিন্যাস, কাঠামো ও প্যাটার্ন নিয়ে গবেষণা করা হয়। অমীমাংসিত গাণিতিক সমস্যাটি বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে গণিতবিদদের কাছে পরিচিত ছিল। কয়েক দশক ধরে এ বিষয়ে নানা গবেষণা হলেও এর গ্রহণযোগ্য সমাধান পাওয়া যায়নি।

গবেষকেরা জানিয়েছেন, সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজতে ওপেনএআইয়ের যুক্তিনির্ভর নতুন এআই মডেল ব্যবহার করা হয়। মডেলটি দীর্ঘ অনুসন্ধান ও বিশ্লেষণের পর এমন একটি প্রমাণ তৈরি করে, যা আগে কোনো গবেষক উপস্থাপন করেননি। পরে এআইয়ের দেওয়া প্রমাণের প্রতিটি ধাপ খুঁটিয়ে পর্যালোচনা করেন গণিতবিদেরা। তাঁরা যুক্তির সামঞ্জস্য, গাণিতিক শুদ্ধতা ও প্রমাণের গ্রহণযোগ্যতা যাচাই করে প্রমাণটিকে সঠিক বলে স্বীকৃতি দেন।

গবেষকদের মতে, এ ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এত দিন এআই মূলত তথ্য বিশ্লেষণ, ভাষা প্রক্রিয়াকরণ কিংবা বিদ্যমান জ্ঞানের ভিত্তিতে বিভিন্ন কাজ সম্পাদনের দক্ষতা দেখিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অমীমাংসিত একটি সমস্যার নতুন সমাধান খুঁজে বের করা ভিন্ন ধরনের সক্ষমতার পরিচয় দেয়। ফলে ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে এআই কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওপেনএআইয়ের নতুন এআই মডেলের এই সাফল্যের প্রভাব গণিতের গণ্ডির বাইরেও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষকদের ধারণা, এ ধরনের যুক্তিনির্ভর এআই–ব্যবস্থা আরও উন্নত হলে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটারবিজ্ঞানের মতো ক্ষেত্রেও নতুন গবেষণার সুযোগ তৈরি হবে। ফলে ভবিষ্যতে নতুন উদ্ভাবন, ওষুধের মান উন্নয়ন, জটিল বৈজ্ঞানিক সম্পর্ক শনাক্ত বা বিভিন্ন অপটিমাইজেশনভিত্তিক সমস্যার সমাধানে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি গুগলের একদল গবেষক দাবি করেছেন, ডিপমাইন্ডের ‘আলফাপ্রুফ নেক্সাস’ নামের একটি এআই–ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পল এরদোসের ৯টি উন্মুক্ত গণিত সমস্যার সমাধান করেছে। এর মধ্যে কয়েকটি সমস্যা ৫৬ বছর ধরেও অমীমাংসিত ছিল।

সূত্র: নিউজ ১৮